দেশের ব্যাংকিং খাতে রিটেইল আমানত সংগ্রহে নতুন একটি মাইলফলক স্পর্শ করেছে ব্র্যাক ব্যাংক। প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তির বছরে ব্যাংকটির রিটেইল আমানতের পরিমাণ ৫০ হাজার কোটি টাকা অতিক্রম করেছে। ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত রিটেইল আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ হাজার ৩২৪ কোটি টাকা।
ব্যাংকটির প্রকাশিত তথ্য বলছে, গত চার বছরে রিটেইল আমানতের পরিমাণ প্রায় তিন গুণ বেড়েছে। ২০২২ সালের জুন মাসে যেখানে এই খাতে আমানত ছিল ১৭ হাজার ৫১৪ কোটি টাকা, সেখানে চার বছরের ব্যবধানে তা বেড়ে ৫০ হাজার ৩২৪ কোটি টাকায় পৌঁছেছে। শুধু সর্বশেষ এক বছরেই রিটেইল আমানত ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ব্যাংকটির আমানতভিত্তিক কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতির ইঙ্গিত দেয়।
ব্যাংকের মতে, এ সাফল্যের পেছনে দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত শাখা ও উপশাখা নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাশাপাশি রিটেইল বিক্রয় কার্যক্রম, এজেন্ট ব্যাংকিং সেবা এবং গ্রাহকভিত্তিক আমানত সংগ্রহ উদ্যোগও প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করেছে। শহরের পাশাপাশি প্রত্যন্ত এলাকায় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার ফলে নতুন গ্রাহক যুক্ত হওয়ার হারও বেড়েছে।
ডিজিটাল ব্যাংকিংয়ের সম্প্রসারণও এই প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। মোবাইল ও অনলাইনভিত্তিক বিভিন্ন ব্যাংকিং সুবিধা সহজলভ্য হওয়ায় গ্রাহকদের মধ্যে সঞ্চয় ও আমানত রাখার প্রবণতা বৃদ্ধি পেয়েছে বলে ব্যাংকটির দাবি।
এ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মো. মাহীয়ুল ইসলাম বলেন, প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তির বছরে রিটেইল আমানতে ৫০ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করা ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। তাঁর ভাষ্য, ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণ, গ্রাহকদের কাছে সহজ ও আধুনিক সেবা পৌঁছে দেওয়া এবং সারা দেশে কর্মীদের নিরলস প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে। তিনি গ্রাহকদের আস্থা ও সহযোগিতাকেও এই অর্জনের প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করেন।
ব্যাংকটির দাবি, শক্তিশালী বিতরণ নেটওয়ার্ক, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা, উদ্ভাবনী পণ্য ও গ্রাহককেন্দ্রিক সেবার মাধ্যমে তারা দেশের অন্যতম শীর্ষ রিটেইল ব্যাংক হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে। একই সঙ্গে আমানত সংগ্রহের পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে আনুষ্ঠানিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার কার্যক্রমও অব্যাহত রয়েছে।
প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে ব্যাংকটি দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি, গ্রাহকদের সঙ্গে টেকসই সম্পর্ক গড়ে তোলা এবং আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণের লক্ষ্য নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। ব্যাংকটির প্রত্যাশা, প্রযুক্তিনির্ভর সেবা, গ্রাহক আস্থা এবং সারা দেশে সম্প্রসারিত কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতেও রিটেইল ব্যাংকিং খাতে প্রবৃদ্ধির ধারা বজায় থাকবে।

