দেশে ব্যাংকাস্যুরেন্স কার্যক্রমকে আরও কার্যকর, দক্ষ ও গ্রাহকবান্ধব করে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী একটি বিশেষায়িত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকিং ও বীমা খাতের মধ্যে সমন্বয় বাড়ানো, নিয়ন্ত্রক কাঠামো সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি এবং পরিচালন ও বিক্রয় সক্ষমতা উন্নয়নের লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের মাস্টার অব প্রফেশনাল ব্যাংকিং (এমপিবি) প্রোগ্রাম এবং ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড যৌথভাবে কর্মশালার আয়োজন করে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শহিদুল ইসলাম জাহিদ এবং সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগের অধ্যাপক ড. মো. মাইন উদ্দিন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের সভাপতি মো. রাশেদ আকতার, এমপিবি প্রোগ্রামের সমন্বয়ক অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহমুদ এবং সংগঠনটির লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (আরিয়ান)।
বক্তারা বলেন, আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো, বীমা সেবার পরিধি সম্প্রসারণ এবং গ্রাহকদের জন্য সহজ, নির্ভরযোগ্য ও চাহিদাভিত্তিক বীমা পণ্য নিশ্চিত করতে ব্যাংকাস্যুরেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও জোরদার করার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন জরুরি।
দুই দিনের কর্মশালায় মোট আটটি বিশেষায়িত সেশনের মাধ্যমে ব্যাংকাস্যুরেন্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল দেশের বর্তমান ব্যাংকাস্যুরেন্স কার্যক্রমের অবস্থা, বাংলাদেশ ব্যাংক ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিয়ন্ত্রক কাঠামো, ব্যাংক-বীমা অংশীদারত্বের বিভিন্ন মডেল, নতুন পণ্য উন্নয়ন, প্রযুক্তিগত সমন্বয়, গ্রাহক পরিচিতি (কেওয়াইসি), মানি লন্ডারিং প্রতিরোধ, দাবি নিষ্পত্তি প্রক্রিয়া, ঝুঁকি ব্যবস্থাপনা, গ্রাহক সুরক্ষা এবং বিক্রয় সক্ষমতা বৃদ্ধির কৌশল।
কর্মশালায় প্রশিক্ষক ও আলোচক হিসেবে অংশ নেন অধ্যাপক ড. মো. মাইন উদ্দিন, মোহাম্মদ আশফাকুর রহমান, এস এম ইব্রাহিম হোসাইন, শুভাশীষ বড়ুয়া, মোহাম্মদ মাহবুব হোসাইন, ড. হাসিনা শেখ, মো. রাশেদ আকতার এবং সুবীর কুমার কুন্ডু।
আয়োজকদের মতে, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি ব্যাংকাস্যুরেন্স খাতের পেশাজীবীদের বাস্তবভিত্তিক দক্ষতা বাড়াতে সহায়তা করবে। একই সঙ্গে ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার মাধ্যমে গ্রাহকদের জন্য আরও উন্নত ও আধুনিক আর্থিক সেবা নিশ্চিত করার পথ সুগম হবে।

