প্রাইম ব্যাংক পিএলসি এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ যৌথভাবে একটি সহযোগিতা চুক্তি করেছে। এই উদ্যোগের মাধ্যমে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি বিভিন্ন শ্রেণির গ্রাহকদের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষা ও প্রশিক্ষণসংক্রান্ত বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে।
সোমবার (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাইম ব্যাংক জানায়, এ অংশীদারত্বের মূল লক্ষ্য হলো তরুণ, শিক্ষার্থী, কর্মজীবী ও প্রাপ্তবয়স্ক—সব বয়সী মানুষের জন্য বিশ্বমানের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ আরও সহজ করা। একই সঙ্গে কর্মক্ষেত্রে দক্ষ, আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তুলতেও এই সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ব্রিটিশ কাউন্সিলের আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন প্রশিক্ষণ ও শিক্ষা কর্মসূচিতে বিশেষ সুবিধা পাবেন। এসব কর্মসূচিতে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ, কর্মক্ষেত্রে কার্যকর সক্ষমতা অর্জন এবং পেশাগত দক্ষতা উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকবে। ফলে কর্মীরা নিজেদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি পরিবর্তিত কর্মপরিবেশের সঙ্গে আরও কার্যকরভাবে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ পাবেন।
শুধু কর্মকর্তা-কর্মচারীরাই নন, ব্যাংকের বিভিন্ন গ্রাহকও এই সহযোগিতার সুফল ভোগ করবেন। বিশেষ করে প্রাইম ব্যাংকের নারী গ্রাহকদের জন্য পরিচালিত ‘নীরা’ ব্যাংকিং, শিক্ষার্থী ব্যাংকিং এবং অন্যান্য সেবার আওতাভুক্ত গ্রাহকেরা ব্রিটিশ কাউন্সিলের নির্বাচিত শিক্ষা ও প্রশিক্ষণমূলক সেবায় বিশেষ অফার ও সুবিধা গ্রহণের সুযোগ পাবেন। এর মাধ্যমে শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ব্যক্তিগত সক্ষমতা বৃদ্ধির সুযোগ আরও বিস্তৃত হবে।
ব্যাংকটির মতে, বর্তমান প্রতিযোগিতামূলক কর্মপরিবেশে কেবল আর্থিক সেবা প্রদানই যথেষ্ট নয়; গ্রাহক ও মানবসম্পদ উন্নয়নেও বিনিয়োগ করা প্রয়োজন। সেই বিবেচনায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি প্রতিষ্ঠানের সঙ্গে এই অংশীদারত্ব ব্যাংকের দীর্ঘমেয়াদি সক্ষমতা বৃদ্ধির কৌশলের অংশ হিসেবে কাজ করবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে গ্রাহকদের জন্য মূল্যসংযোজনকারী সেবা নিশ্চিত করতেও এ সহযোগিতা ভূমিকা রাখবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শায়লা আবেদিন উপস্থিত ছিলেন। অন্যদিকে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ অ্যান্ড এক্সামিনেশনস বিভাগের প্রধান রাজস্ব কর্মকর্তা রবিন ক্লার্ক, বাংলাদেশ বাজারবিষয়ক প্রধান জুনায়েদ আহমেদ, ব্যবসা উন্নয়ন পরিচালক তাহনী ইয়াসমিন এবং ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান শেহরিন শিবলীসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

