দেশের ব্যাংকিং, শিল্প ও বাণিজ্য খাতে দীর্ঘদিনের ব্যবসায়িক কার্যক্রম এবং সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী। তিনি দাবি করেছেন, তার সব ব্যবসায়িক কার্যক্রম দেশের প্রচলিত আইন ও বিধি অনুসরণ করেই পরিচালিত হয়েছে এবং তার বিরুদ্ধে প্রচারিত অভিযোগগুলো ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
এক বিবৃতিতে শওকত আলী চৌধুরী বলেন, ব্যবসায় সফলতার মূল ভিত্তি হলো সততা, স্বচ্ছতা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা। গত তিন দশকেরও বেশি সময় ধরে ব্যাংকিং, শিল্প ও বাণিজ্যের বিভিন্ন খাতে পরিচালিত প্রতিটি ব্যবসায় দেশের প্রচলিত আইন মেনে পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, দেশে ও বিদেশে তার যেসব বৈধ ব্যবসায়িক কার্যক্রম রয়েছে, সেগুলোর প্রয়োজনীয় তথ্য নিয়মিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন অনুযায়ী প্রযোজ্য সব ধরনের করও যথাসময়ে পরিশোধ করা হয়েছে।
ইবিএল চেয়ারম্যানের ভাষ্য, একজন দায়িত্বশীল উদ্যোক্তা ও নাগরিক হিসেবে নিয়মিত কর পরিশোধকে তিনি দায়িত্বের অংশ হিসেবেই বিবেচনা করেন। সম্প্রতি ব্যক্তি ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে যেসব তথ্য প্রচার করা হচ্ছে, তা তাকে মর্মাহত করেছে। তিনি গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে যাচাই করা তথ্য প্রকাশের আহ্বান জানান।
শওকত আলী চৌধুরীর ব্যবসায়িক সহযোগীদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে নিয়মিত কর পরিশোধ করে আসছেন এবং টানা ১১ বছর সর্বোচ্চ করদাতা হিসেবে সরকারি স্বীকৃতি পেয়েছেন। তাদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ব্যক্তি ও ব্যবসায়িক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে।
ব্যাংকিং খাতে শওকত আলী চৌধুরীর সম্পৃক্ততা তিন দশকেরও বেশি সময়ের। তিনি ইস্টার্ন ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালকদের একজন এবং ১৯৯৩ সাল থেকে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে চেয়ারম্যান হিসেবে তিনি ব্যাংকের করপোরেট সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক কৌশল বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছেন।
ব্যাংকিংয়ের পাশাপাশি শিপ রিসাইক্লিং, লজিস্টিকস, রিয়েল এস্টেট, চা শিল্প, বীমাসহ বিভিন্ন খাতে তার বিনিয়োগ রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, এসব প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন ধরে কর্মসংস্থান সৃষ্টি, কর পরিশোধ এবং জাতীয় অর্থনীতিতে অবদান রেখে আসছেন তিনি।
শওকত আলী চৌধুরী বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং সুশাসনভিত্তিক ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন উদ্যোক্তা হিসেবে তিনি ভবিষ্যতেও দেশের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা অব্যাহত রাখবেন।

