নিজেদের অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ডাচ-বাংলা ব্যাংক পিএলসি। ব্যাংকটির পরিচালনা পর্ষদ বর্তমান দেড় হাজার কোটি টাকার অনুমোদিত মূলধন বাড়িয়ে সাড়ে তিন হাজার কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে।
একই সঙ্গে এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের সংঘস্মারক ও সংঘবিধির প্রাসঙ্গিক ধারায় প্রয়োজনীয় সংশোধনীর প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে প্রকাশিত তথ্যে জানা যায়, গত ২৫ আগস্ট অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। তবে অনুমোদিত মূলধন বাড়ানোর এই সিদ্ধান্ত কার্যকর হবে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি সনদ এবং শেয়ারহোল্ডারদের সম্মতি পাওয়া সাপেক্ষে।
এই লক্ষ্যে আগামী ১৫ অক্টোবর ব্যাংকের পঞ্চম বিশেষ সাধারণ সভা আহ্বান করা হয়েছে, যা ওইদিন বেলা এগারোটায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। সভার সংযোগ লিংক পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই সভার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ সেপ্টেম্বর।
এর পাশাপাশি ব্যাংকের ডিইপিজেড ডেটা সেন্টার প্রকল্পের কার্যক্রম পরিচালনা ও ভবিষ্যৎ সম্প্রসারণের জন্য জমি কেনার সিদ্ধান্তও নিয়েছে পরিচালনা পর্ষদ। পর্ষদের ৩১১তম সভায় সাভারের বাইপাইল মৌজায় প্রায় সাড়ে ষোলো ডেসিমাল জমি কেনার সিদ্ধান্ত হয়, যার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা। এর সঙ্গে যুক্ত হবে সরকারি নিবন্ধন ফি ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যয়ও। জমি কেনার এই সিদ্ধান্তও চূড়ান্তভাবে বাস্তবায়িত হবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়া সাপেক্ষে।

