নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও লিঙ্গসমতা প্রতিষ্ঠায় অর্থায়নের নতুন পথ তৈরি করছে দেশের পুঁজিবাজার। এ লক্ষ্যে সাজিদা ফাউন্ডেশনের ইস্যু করা দেশের প্রথম অরেঞ্জ বন্ড থেকে ১৫৮ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে। এক, দুই ও তিন বছর মেয়াদি এই বন্ডে বিনিয়োগ করেছেন ৬৭ জন। সংগৃহীত অর্থ ব্যবহার করা হবে খাদ্যনিরাপত্তা, কৃষি, নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র ব্যবসা, কর্মসংস্থান ও আবাসন খাতে।
রোববার (২৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাল্টিপারপাস হলে বন্ডটির সফল সমাপ্তি ও তালিকাভুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস, ডিএসই, সাজিদা ফাউন্ডেশন ও ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান বলেন, বর্তমান প্রজন্মের চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ ও সম্পদ সংরক্ষণ করাই টেকসই উন্নয়নের মূল লক্ষ্য। বাংলাদেশে ইতোমধ্যে গ্রিন বন্ড ও সোশ্যাল বন্ড চালু হয়েছে। এর ধারাবাহিকতায় অরেঞ্জ বন্ড নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে অর্থায়নের নতুন সুযোগ তৈরি করবে।
অরেঞ্জ বন্ড মূলত এমন একটি থিম্যাটিক বা নির্দিষ্ট উদ্দেশ্যভিত্তিক বিনিয়োগ ব্যবস্থা, যার মাধ্যমে সংগ্রহ করা অর্থ নারীর ক্ষমতায়ন ও লিঙ্গসমতা সংশ্লিষ্ট কাজে ব্যয় করা হয়। অন্যদিকে, এই বন্ডটি জিরো কুপন হওয়ায় মেয়াদকালে বিনিয়োগকারীদের নিয়মিত সুদ দেওয়া হয় না। বরং অভিহিত মূল্যের চেয়ে কম দামে বন্ড কেনার পর মেয়াদ শেষে নির্ধারিত অভিহিত মূল্য ফেরত দেওয়া হয়।
ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাশেদ হোসেন বলেন, ক্ষুদ্র ব্যবসা ও নারী উদ্যোক্তারা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও প্রাতিষ্ঠানিক অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে অনেক বাধার মুখে পড়েন। অরেঞ্জ বন্ডের মাধ্যমে এসব উদ্যোক্তার জন্য অর্থায়নের সুযোগ বাড়বে। তিনি জানান, বন্ড থেকে পাওয়া অর্থের ৪৮ শতাংশ ব্যয় হবে খাদ্যনিরাপত্তা ও কৃষি খাতে, ৩২ শতাংশ নারী পরিচালিত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং কর্মসংস্থানে এবং বাকি ২০ শতাংশ নারীকেন্দ্রিক আবাসন খাতে ব্যবহৃত হবে।
মাসুদ খান বন্ডের অর্থ ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন। তিনি বলেন, বিনিয়োগকারীদের জানাতে হবে, সংগ্রহ করা অর্থ ঘোষিত উদ্দেশ্যে ব্যয় হচ্ছে কি না এবং নির্ধারিত লক্ষ্য কতটা অর্জিত হচ্ছে। একই সঙ্গে গ্রিনওয়াশিং বা পরিবেশ ও সামাজিক উন্নয়নের নামে বিভ্রান্তিকর দাবি করে অর্থ সংগ্রহের প্রবণতা ঠেকাতে আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ করতে হবে।
সাজিদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী পরিচালক জাহিদা ফিজ্জা কবির বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বাড়াতে অর্থায়নের সুযোগ সম্প্রসারণ জরুরি। দেশের প্রথম অরেঞ্জ বন্ড পুঁজিবাজারে নতুন দৃষ্টান্ত তৈরি করবে এবং ভবিষ্যতে আরও প্রতিষ্ঠান এ ধরনের উদ্যোগে এগিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, চলতি বছরের ৩১ মার্চ বিএসইসি সাজিদা ফাউন্ডেশনের ১৫৮ কোটি ৫০ লাখ টাকার অরেঞ্জ বন্ড ইস্যুর অনুমোদন দেয়। পরে ১৮ থেকে ২৩ মে ডিএসইর ইলেকট্রনিক সাবস্ক্রিপশন ব্যবস্থার মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের জন্য বন্ডটির একটি অংশে বিনিয়োগের সুযোগ দেওয়া হয়। বন্ডটি এক, দুই ও তিন বছর মেয়াদে ইস্যু করা হয়েছে এবং ডিএসইর অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্তির জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুষ্ঠানে ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

