২০২৬ সালের প্রথম নয় মাসে ব্র্যাক ব্যাংকের মাধ্যমে দেশে আসা প্রবাসী আয়ের পরিমাণ ২৫০ কোটি ডলার ছাড়িয়েছে। এর মাধ্যমে ব্যাংকটি ২০২৫ সালের পুরো বছরের নিজস্ব রেকর্ডও ছাড়িয়ে গেছে।
ব্র্যাক ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছিল ২২০ কোটি ডলার। চলতি বছরের নয় মাসেই সেই পরিমাণ ছাড়িয়ে যাওয়ার পর এখন বছরের শেষে ৩০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স আনার লক্ষ্য নির্ধারণ করেছে ব্যাংকটি।
ব্যাংকটি জানিয়েছে, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির পেছনে রয়েছে বিভিন্ন দেশের অর্থ বিনিময় প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব, প্রযুক্তিনির্ভর সেবা এবং প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের জন্য সহজতর অর্থ পাঠানোর ব্যবস্থা।
মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের গুরুত্বপূর্ণ রেমিট্যান্স পথগুলোতে ব্যাংকটির কার্যক্রম রয়েছে।
আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সরাসরি প্রযুক্তিগত সংযোগের মাধ্যমে অর্থ স্থানান্তরের গতি, নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ব্যাংকটি।
দেশের অভ্যন্তরে শাখা, উপশাখা এবং এজেন্ট ব্যাংকিং সেবার মাধ্যমে শহরের পাশাপাশি গ্রামীণ এলাকার গ্রাহকরাও রেমিট্যান্স সেবা গ্রহণ করতে পারছেন।
প্রবাসী বাংলাদেশিদের জন্য ব্যাংকটি বিভিন্ন বিশেষ হিসাব চালু করেছে। এর মধ্যে রয়েছে প্রবাসী ভার্চুয়াল সঞ্চয় হিসাব, প্রবাসী পরিবার হিসাব এবং তারা প্রবাসী পরিবার হিসাব।
যোগ্য গ্রাহকরা ডিজিটাল পরিচয় যাচাই ব্যবস্থার মাধ্যমে দূর থেকেই হিসাব খুলতে পারেন। পরে মোবাইল অ্যাপের মাধ্যমে অর্থ ব্যবস্থাপনা, বিল পরিশোধ, সঞ্চয় এবং বিভিন্ন আর্থিক সুবিধা ব্যবহার করতে পারেন।
এ ছাড়া আনুষ্ঠানিক মাধ্যমে অর্থ পাঠানোর বিষয়ে সচেতনতা বাড়াতে ব্যাংকটি বিভিন্ন এলাকায় উঠান বৈঠকের আয়োজন করছে।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, এই অর্জন প্রবাসী বাংলাদেশি এবং আন্তর্জাতিক অংশীদারদের আস্থার প্রতিফলন।
তিনি জানান, প্রবাসী ও তাদের পরিবারের জন্য আরও উন্নত রেমিট্যান্স সেবা নিশ্চিত করতে প্রযুক্তি, দক্ষ জনবল এবং আন্তর্জাতিক অংশীদারিত্বে বিনিয়োগ অব্যাহত রাখবে ব্যাংকটি।
বিশ্লেষকদের মতে, প্রবাসী আয় বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। দ্রুত, নিরাপদ ও সহজ অর্থ পাঠানোর ব্যবস্থা বাড়লে আনুষ্ঠানিক চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ আরও শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হয়।

