গত শনিবার (১৪ নভেম্বর) যশোরের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে কার্যক্রমটির উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর। তিনি বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রান্তিক কৃষকদের অর্থায়ন সহজ করা জরুরি। জামানত ছাড়াই স্বল্প সুদে ঋণ দেওয়ার মাধ্যমে কৃষকদের আর্থিক সক্ষমতা ও জীবনমান উন্নয়নে সহায়তা করাই এ উদ্যোগের লক্ষ্য।
বাংলাদেশ ব্যাংকের ২০২৬-২৭ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা অনুযায়ী, ১০ হাজার কোটি টাকার এ পুনঃঅর্থায়ন তহবিল আবর্তনযোগ্য। অর্থাৎ, ঋণের অর্থ আদায়ের পর তা আবার নতুন ঋণ বিতরণে ব্যবহার করা যাবে। এ কর্মসূচির আওতায় কৃষক পর্যায়ে ঋণের সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে। নীতিমালায় ক্ষুদ্র, প্রান্তিক ও বর্গাচাষিদের শস্য ও ফল চাষের জন্য ফসল দায়বদ্ধ রেখে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণের সুযোগও রয়েছে।
ন্যাশনাল ব্যাংকের খুলনা অঞ্চলের অধীনে যশোরসহ ১০টি জেলায় এ ঋণ বিতরণ করা হবে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া, নড়াইল ও ঝিনাইদহ জেলায় ব্যাংকটির ২৩টি শাখা ও ৯টি উপশাখার মাধ্যমে কার্যক্রমটি পরিচালিত হবে। এতে সংশ্লিষ্ট এলাকার কৃষকেরা ঋণ সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের খুলনা অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী মাহমুদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মেশকাত-উল-আনোয়ার খান এবং যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সমরেন বিশ্বাস।

