দেশের ব্যাংক খাতের দুর্বলতা আরও প্রকট হয়ে উঠেছে। খেলাপি ঋণের উচ্চ চাপের পাশাপাশি ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততা ও সম্পদের মানের অবনতি আর্থিক খাতের স্থিতিশীলতা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংক খাতের সংকট সব প্রতিষ্ঠানে সমান নয়; বরং কয়েকটি ব্যাংকে খেলাপি ঋণ ও আর্থিক দুর্বলতা বেশি কেন্দ্রীভূত।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে দেশের ৬১টি তফসিলি ব্যাংকের মোট শ্রেণীকৃত ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এর ৮৫ শতাংশের বেশি রয়েছে মাত্র ১৫টি ব্যাংকে। এর মধ্যে সম্প্রতি একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকও রয়েছে। এই পাঁচটি ব্যাংক বাদ দিলেও অন্য ১০টি ব্যাংকের কাছে রয়েছে মোট শ্রেণীকৃত ঋণের ৫৭ শতাংশের বেশি। জুন শেষে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের অনুপাত দাঁড়িয়েছে ৩২ দশমিক ৭৮ শতাংশে, যা আগের প্রান্তিকে ছিল ৩২ দশমিক ২৬ শতাংশ।
খেলাপি ঋণের পাশাপাশি ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততার অবস্থাও দুর্বল হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে ব্যাংক খাতের ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের ঘাটতি বেড়ে ৩ দশমিক ৮০ শতাংশে দাঁড়িয়েছে। আগের প্রান্তিকে এ ঘাটতি ছিল ৩ দশমিক ১৭ শতাংশ। আন্তর্জাতিক ব্যাসেল-৩ নীতিমালার আওতায় নির্ধারিত ১০ শতাংশ ন্যূনতম মূলধন সংরক্ষণের শর্তের তুলনায় পরিস্থিতি আরও উদ্বেগজনক।
ব্যাংকের ধরন অনুযায়ীও মূলধন পরিস্থিতিতে অবনতি দেখা গেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততার হার কমে দশমিক ৮২ শতাংশে নেমেছে, আগের প্রান্তিকে যা ছিল ১ দশমিক ০৮ শতাংশ। বেসরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রেও এ হার ৯ দশমিক ১১ শতাংশ থেকে কমে ৮ দশমিক ১৮ শতাংশ হয়েছে। একীভূত পাঁচটি ব্যাংক বাদে অন্য শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততার হারও ৭ দশমিক ৭৫ শতাংশ থেকে কমে ৭ দশমিক ৩০ শতাংশে দাঁড়িয়েছে।
পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো সম্মিলিতভাবে ব্যাংক খাতের মোট খেলাপি ঋণের ৪৭ শতাংশের বেশি ধারণ করছে। এর বড় কারণ একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের উচ্চ খেলাপি ঋণ। এ পরিস্থিতি মোকাবিলায় খেলাপি ঋণ আদায় এবং ঋণখেলাপিদের জন্য বেরিয়ে আসার সুযোগ তৈরিতে নতুন উদ্যোগের কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রস্তাবিত ব্যাংক রেজল্যুশন ও সম্পদ ব্যবস্থাপনা উদ্যোগের পাশাপাশি ২০২৬ সালের প্রস্তাবিত ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট আইন এবং অর্থঋণ আদালত আইন, ২০০৩ সংশোধনের বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে ব্যাংক খাতের দুর্বলতার পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতেও ঝুঁকি রয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি বেড়ে ৪ দশমিক ৬ শতাংশ হয়েছে, আগের প্রান্তিকে যা ছিল ২ দশমিক ২ শতাংশ। উৎপাদন খাতে ঘুরে দাঁড়ানোর কারণে প্রবৃদ্ধিতে এ গতি এসেছে। তবে এই পুনরুদ্ধার ধরে রাখতে উৎপাদন খাতের অগ্রগতির পাশাপাশি খনি, বিদ্যুৎ, পরিবহন ও নির্মাণ খাতের দীর্ঘদিনের দুর্বলতা কাটানো জরুরি।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি ও গ্যাস সরবরাহে সংকট এবং আমদানি ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে পোশাকের চাহিদা কমে গেলে রপ্তানি আয় চাপে পড়তে পারে। মধ্যপ্রাচ্যের সঙ্গে বিমান চলাচলে বিঘ্ন ঘটলে বিদেশে কর্মসংস্থান ও প্রবাসী আয় বৃদ্ধির গতিও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাঝারি মাত্রার অভিঘাত মোকাবিলায় যথেষ্ট রয়েছে। অর্থনীতির ঝুঁকি কমাতে রপ্তানি বাজার, পণ্য ও শ্রমবাজারের বহুমুখীকরণের ওপর গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

