ব্যাংকিং খাত থেকে বিদেশে অর্থ সরিয়ে নেওয়ার ঘটনায় বাংলাদেশ বিশ্বের অন্যতম খারাপ উদাহরণ হতে পারে বলে মন্তব্য করেছেন পাচারকৃত সম্পদ উদ্ধারে গঠিত বাংলাদেশ ব্যাংকের টাস্কফোর্সের উপদেষ্টা ফারহানুল গনি চৌধুরী। তার মতে, দেশের ব্যাংক খাত থেকে যেভাবে অর্থ বিদেশে পাচার হয়েছে, বিশ্বে তা বিরল।
গতকাল বাংলাদেশ ব্যাংক সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ অর্থ ফেরত আনতে দীর্ঘ সময় লাগবে। বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে দীর্ঘ আইনি লড়াইয়ের প্রয়োজন হবে এবং এতে পাঁচ থেকে দশ বছর লাগতে পারে। অর্থ কোথায় গেছে, কে পেয়েছে এবং কীভাবে স্থানান্তর হয়েছে, তা খুঁজে বের করতে হবে। সংশ্লিষ্ট দেশের আদালতে প্রমাণ করতে হবে যে সম্পদগুলো অবৈধভাবে অর্জিত। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খানও উপস্থিত ছিলেন।
২০২৪ সালের অক্টোবরে গঠিত টাস্কফোর্স শুরুতে ফৌজদারি মামলার মাধ্যমে অর্থ উদ্ধারের চেষ্টা করে। গত বছর থেকে ব্যাংকগুলোকে যুক্ত করে দেওয়ানি মামলার পথেও হাঁটছে তারা। প্রথম ধাপে বাছাই করা ছয়টি মামলার মধ্যে তিনটির কাজ উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। দ্বিতীয় ধাপের জন্য আরও প্রায় ৪০টি মামলা তালিকাভুক্ত করা হয়েছে।
প্রথম ধাপে বড় অঙ্কের খেলাপি ঋণের মামলাকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো দেখেছে, এর মধ্যে অন্তত দুটির ঋণ, জামানত ও ব্যক্তিগত গ্যারান্টির নথি এতটাই মানসম্পন্ন যে বিদেশে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব। দ্বিতীয় ধাপের মামলা বাছাইয়ে খেলাপি ঋণ কমপক্ষে ২০০ কোটি টাকা হওয়া, অর্থ বিদেশে গেছে বলে ব্যাংকের কাছে তথ্য থাকা এবং ঋণগ্রহীতার দেশ ছেড়ে যাওয়ার মতো মানদণ্ড বিবেচনা করা হয়েছে।
গোপনীয়তা চুক্তি সই হলে ব্যাংকগুলো বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঋণের নথি শেয়ার করবে। এরপর প্রতিষ্ঠানগুলো যাচাই করবে আইনি পদক্ষেপের মতো পর্যাপ্ত ভিত্তি আছে কি না এবং অর্থায়ন জোগাড় করা যাবে কি না। বিদেশে সম্পদ শনাক্ত, জব্দ এবং বিদেশি আদালতে মামলা চালাতে কয়েক মিলিয়ন ডলার খরচ হতে পারে। তাই তৃতীয় পক্ষের মামলা-অর্থায়নের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এ ক্ষেত্রে ব্যাংকগুলোকে শুরুতে কিছু দিতে হবে না; উদ্ধারকৃত অর্থের একটি অংশ পাবে অর্থায়নকারীরা। সিকদার গ্রুপের সম্পদ উদ্ধারে অনুরূপ চুক্তির অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পর্ষদ নীতিগত অনুমোদন দিয়েছে এবং আইনি নথি তৈরির কাজ চলছে।
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি সংসদে জানিয়েছিলেন, প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এ বিষয়ে ফারহানুল জানান, এর মধ্যে প্রায় ৫৮ হাজার কোটি টাকার সম্পদ দেশের ভেতরে জব্দ। বাকি ১৯ হাজার কোটি টাকার সম্পদ বিদেশে থাকায় বাংলাদেশের আদালত জব্দের আদেশ দিলেও সংশ্লিষ্ট দেশে তা এখনো কার্যকর হয়নি।
তিনি আরও বলেন, বাংলাদেশের পারস্পরিক আইনি সহায়তার অনুরোধে কিছু বিদেশি সম্পদ সাময়িকভাবে জব্দ হয়েছে, তবে এর মূল্য তিনি জানাননি। যুক্তরাজ্য সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রায় ২৫ কোটি পাউন্ডের সম্পদ জব্দ করেছে, যার আইনি প্রক্রিয়া চলছে। জব্দ আদেশ বজায় রাখতে সংশ্লিষ্ট দেশগুলো বাংলাদেশের কাছে আরও তথ্য চেয়েছে।
সাময়িকভাবে জব্দ অর্থ বাংলাদেশের দেরিতে তথ্য দেওয়ার কারণে অন্য দেশে সরে গেছে কি না, এমন প্রশ্নে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যেই প্রক্রিয়া সম্পন্ন করেছে, কিন্তু ৩০ দিন পর অর্থ অন্য গন্তব্যে সরিয়ে নেওয়া হয়। এর সন্ধান চলছে। তবে তিনি অর্থের পরিমাণ বা সংশ্লিষ্ট দেশগুলোর নাম প্রকাশ করেননি।
টাস্কফোর্স নিয়মিত হালনাগাদ তথ্য প্রকাশ করে না কেন, জানতে চাইলে ফারহানুল বলেন, অর্থ পাচার একটি স্পর্শকাতর বিষয়। তদন্তের প্রতিটি ধাপের তথ্য প্রকাশ করলে সংশ্লিষ্টরা সতর্ক হয়ে সম্পদ সরানো বা লুকানোর নতুন কৌশল বের করতে পারে।
টাস্কফোর্সের দুই বছরের কাজ পর্যালোচনা করে তিনি বলেন, আগে সম্পদ উদ্ধারের জন্য বাংলাদেশে আলাদা কোনো ইউনিট ছিল না। এখন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের অধীনে ‘স্টোলেন অ্যাসেট রিকভারি ডিভিশন’ গঠন করা হয়েছে, যা দেশে ও বিদেশে সম্পদ উদ্ধারে পুরোপুরি সমন্বয় করে কাজ চালিয়ে যাবে। তিনি বলেন, শুধু অর্থ ফেরত আনাই লক্ষ্য নয়, প্রতিষ্ঠানগুলোর সংস্কারও জরুরি, যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস না পায়।

