Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » দেশের ৪৭ শতাংশ সম্পদ মাত্র ১ শতাংশ পরিবারের হাতে
    বাংলাদেশ

    দেশের ৪৭ শতাংশ সম্পদ মাত্র ১ শতাংশ পরিবারের হাতে

    নিউজ ডেস্কনভেম্বর 23, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশে সম্পদ ও আয়ের বৈষম্য উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। দেশের মোট ব্যক্তিগত সম্পদের ৪৭ শতাংশের বেশি রয়েছে মাত্র ১ শতাংশ পরিবারের হাতে। অন্যদিকে সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের নিয়ন্ত্রণে রয়েছে মোট ব্যক্তিগত সম্পদের ৭৬ শতাংশের বেশি। অথচ করব্যবস্থার দুর্বলতার কারণে উচ্চ আয়ের মানুষের কাছ থেকে সম্ভাব্য করের বড় অংশ আদায় করা যাচ্ছে না। বিপরীতে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সময় পরোক্ষ করের তুলনামূলক বেশি চাপ বহন করছেন নিম্ন আয়ের মানুষ।

    শনিবার (২১ নভেম্বর ২০২৬) রাজধানীর একটি হোটেলে প্রকাশিত ‘বাংলাদেশে অনাদায়ী রাজস্ব: কর আদায়ের সম্ভাবনা, ঘাটতি ও বণ্টনগত প্রভাব’ শীর্ষক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‍্যাপিড) ফ্রিডরিখ এবার্ট স্টিফটুংয়ের সহযোগিতায় গবেষণাটি পরিচালনা করেছে।

    গবেষণায় নেতৃত্ব দিয়েছেন র‍্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক। তাঁর সঙ্গে গবেষণায় যুক্ত ছিলেন প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. দীন ইসলাম এবং জ্যেষ্ঠ গবেষণা সহযোগী তাহসিন রিফাত।

    গবেষণার ফলাফল উপস্থাপনকালে এম এ রাজ্জাক জানান, দেশের মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি অর্জন করে সর্বোচ্চ আয়ের ১০ শতাংশ পরিবার। বিদ্যমান করহার অনুযায়ী, ব্যক্তিগত আয়কর থেকে সম্ভাব্য মোট রাজস্বের ৯৩ শতাংশের বেশি আসার কথা এই পরিবারগুলোর কাছ থেকে। বিপরীতে নিম্ন আয়ের ৭০ শতাংশ পরিবারের ব্যক্তিগত আয়কর দেওয়ার দায় কার্যত নেই।

    কিন্তু বাস্তবে সম্ভাব্য আয়করের বড় অংশই সরকারের রাজস্ব ব্যবস্থার বাইরে থেকে যাচ্ছে। গবেষণার তথ্য অনুযায়ী, দেশের মোট শ্রমশক্তির মাত্র ৩ দশমিক ৫৭ শতাংশ সক্রিয় ব্যক্তিগত আয়করদাতা হিসেবে নিবন্ধিত।

    এমনকি যাঁদের ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর রয়েছে, তাঁদের মধ্যেও কর বিবরণী জমা দেওয়ার হার সন্তোষজনক নয়। ব্যক্তি ও অন্যান্য শ্রেণির করদাতাদের ক্ষেত্রে এই হার ৪৩ দশমিক ১ শতাংশ। আর কোম্পানিগুলোর ক্ষেত্রে তা মাত্র ২৩ দশমিক ৬ শতাংশ।

    এই পরিস্থিতিতে উচ্চ আয়ের পেশাজীবী, ব্যবসায়ী, স্বনিয়োজিত ব্যক্তি এবং সম্পত্তি ও বিনিয়োগ থেকে উল্লেখযোগ্য আয় করেন—এমন ব্যক্তিদের কার্যকরভাবে করের আওতায় আনার সুপারিশ করেছে র‍্যাপিড।

    গবেষণায় দেখা গেছে, আয়ের তুলনায় সম্পদের বণ্টনে বৈষম্য আরও বেশি। দেশের সর্বোচ্চ সম্পদশালী ১০ শতাংশ পরিবারের হাতে মোট ব্যক্তিগত সম্পদের ৭৬ শতাংশের বেশি কেন্দ্রীভূত। এর মধ্যে সবচেয়ে ধনী ১ শতাংশ পরিবারের হাতেই রয়েছে ৪৭ শতাংশের বেশি সম্পদ।

    শহরাঞ্চলে এই বৈষম্য আরও প্রকট। সেখানে সবচেয়ে ধনী ১ শতাংশ পরিবারের নিয়ন্ত্রণে রয়েছে মোট ব্যক্তিগত সম্পদের ৫৩ শতাংশের বেশি।

    সম্পদের এমন কেন্দ্রীভবনের প্রেক্ষাপটে বড় অঙ্কের উত্তরাধিকারসূত্রে হস্তান্তরিত সম্পদের ওপর কর আরোপের বিষয়টি বিবেচনার পরামর্শ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি। তবে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোকে সুরক্ষা দিতে উচ্চ করমুক্ত সীমা এবং সম্পদের পরিমাণ অনুযায়ী ক্রমবর্ধমান করহার নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

    অন্যদিকে মূল্য সংযোজন কর বা ভ্যাটের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত চিত্র পাওয়া গেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবা কেনার সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় নিম্ন আয়ের পরিবারগুলোর ওপর আয়ের অনুপাতে করের চাপ অনেক বেশি পড়ছে।

    গবেষণা অনুযায়ী, দেশের সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ পরিবারের ভ্যাটের বোঝা তাদের ঘোষিত আয়ের ২০ দশমিক ৩৭ শতাংশের সমান। অথচ সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের ক্ষেত্রে এই হার মাত্র ২ দশমিক ৮০ শতাংশ। অর্থাৎ আয়ের অনুপাতে দরিদ্র পরিবারগুলোর ভ্যাটের চাপ ধনী পরিবারগুলোর তুলনায় সাত গুণেরও বেশি।

    গ্রামাঞ্চলে দরিদ্র পরিবারগুলোর পরিস্থিতি আরও কঠিন। সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ গ্রামীণ পরিবারের ক্ষেত্রে আয়ের তুলনায় ভ্যাটের বোঝা ২৩ শতাংশের বেশি। অন্যদিকে শহরাঞ্চলের একই শ্রেণির পরিবারের ক্ষেত্রে এই হার প্রায় ১৬ দশমিক ৫ শতাংশ।

    এ অবস্থায় ভ্যাটের হার বাড়ানোর পরিবর্তে বিদ্যমান কর আদায়ব্যবস্থার দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে র‍্যাপিড। প্রতিষ্ঠানটি ইলেকট্রনিক চালান ব্যবস্থা, ডিজিটাল লেনদেনের তথ্য ব্যবহার, ঝুঁকিভিত্তিক নিরীক্ষা এবং কর আইন পরিপালন জোরদারের সুপারিশ করেছে। একই সঙ্গে নিম্ন আয়ের মানুষের ওপর আর্থিক চাপ কমাতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি শক্তিশালী করার পরামর্শ দেওয়া হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ বিভাগের সচিব মো. খায়রুজ্জামান মজুমদার বলেন, ২০৩৩ সালের মধ্যে বাংলাদেশকে এক লাখ কোটি মার্কিন ডলারের অর্থনীতিতে উন্নীত করতে হলে প্রতিবছর ৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে হবে।

    তিনি জানান, গত দুই বছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রচলিত পদ্ধতির ওপর নির্ভরতার কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হয়েছে। একই সময়ে মূল্যস্ফীতির তুলনায় মজুরি কম বাড়ায় মানুষের প্রকৃত আয় কমেছে এবং দারিদ্র্য বেড়েছে। এ কারণে সরকার এখন অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর ওপর বেশি গুরুত্ব দিচ্ছে।

    অর্থসচিবের বক্তব্য অনুযায়ী, বেসরকারি বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে সরকার সুদের হার কিছুটা কমানোর পরিকল্পনা করছে। পাশাপাশি ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটের আওতায় সামাজিক খাতে ব্যয় বাড়ানোর উদ্যোগ রয়েছে।

    তিনি আরও জানান, মৌজার মূল্যহার সংস্কার, কর কাঠামো পুনর্বিন্যাস, জাতীয় রাজস্ব বোর্ডের স্বয়ংক্রিয় ব্যবস্থা সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিক পুনর্গঠনের কাজ চলছে। বিভিন্ন খাতে দেওয়া কর অবকাশ সুবিধা কতটা কার্যকর হচ্ছে, সেটিও পর্যালোচনা করা হচ্ছে।

    অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের মূল্য সংযোজন কর বাস্তবায়ন ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সদস্য সৈয়দ মুশফিকুর রহমান বলেন, গত ২১ বছর ধরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের তুলনায় কর আদায়ের হার ৭ থেকে ৮ শতাংশের মধ্যে আটকে রয়েছে।

    তাঁর মতে, কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামোর অভাব, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং করযোগ্য আয় ও লেনদেন শনাক্ত করার সক্ষমতার ঘাটতি এ পরিস্থিতির অন্যতম কারণ।

    তিনি বলেন, বিভিন্ন খাতে দেওয়া কর ছাড় ও প্রণোদনা প্রত্যাশিত অর্থনৈতিক সুফল দিচ্ছে কি না, তা তথ্যভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে আয়কর ও ভ্যাট ব্যবস্থার পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয়করণ জরুরি।

    আয়কর ও ভ্যাটের বিবরণীর তথ্য সমন্বয় এবং পারস্পরিক যাচাইয়ের ব্যবস্থা চালু হলে কর ফাঁকি ও তথ্যের অসংগতি শনাক্ত করা সহজ হবে বলে তিনি মনে করেন।

    সৈয়দ মুশফিকুর রহমান সতর্ক করে বলেন, রাজস্ব আদায়ে প্রয়োজনীয় সংস্কার না হলে বাজেটের ঘাটতি মেটাতে সরকারের ঋণনির্ভরতা আরও বাড়তে পারে। এতে বাজেটের বড় অংশ সুদ পরিশোধ ও পরিচালন ব্যয়ে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হবে।

    জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বলেন, কর প্রশাসন আধুনিকায়ন ও ডিজিটাল করার নামে অতীতে ১০ থেকে ১২টি প্রকল্পে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। কিন্তু দৃশ্যমান অগ্রগতি পাওয়া যায়নি। বিদেশি পরামর্শক ও সরবরাহকারীদের ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে এই অর্থ কার্যত অপচয় হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

    তিনি জানান, দীর্ঘদিন ধরে মোট রাজস্ব আয়ের প্রায় ৩০ শতাংশের মধ্যে প্রত্যক্ষ করের অবদান সীমাবদ্ধ রয়েছে। ফলে সাধারণ মানুষকে পরোক্ষ করের বড় চাপ বহন করতে হচ্ছে। বৈষম্য কমাতে প্রত্যক্ষ করকে সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎসে পরিণত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

    সাবেক এই চেয়ারম্যান আরও বলেন, সরকারি ও বেসরকারি ৪২ ধরনের সেবা গ্রহণের ক্ষেত্রে আয়কর বিবরণী জমার প্রমাণ বাধ্যতামূলক করা হলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষেত্রে তা যথাযথভাবে যাচাই করছে না।

    ব্যাংক, ভূমি অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য সমন্বিতভাবে যাচাই করার ব্যবস্থা চালু হলে রাজস্ব আদায় বাড়ানো সম্ভব হবে বলে তিনি মত দেন। পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন।

    অনুষ্ঠানের আলোচনায় আরও অংশ নেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান জায়েদী সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়মা হক বিদিশা এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালা।

    গবেষণার সামগ্রিক ফলাফলে উঠে এসেছে, বাংলাদেশের আয় ও সম্পদের বড় অংশ সীমিতসংখ্যক ধনী পরিবারের হাতে কেন্দ্রীভূত হলেও সেই অনুপাতে প্রত্যক্ষ কর আদায় হচ্ছে না। অন্যদিকে ভোগের ওপর আরোপিত করের কারণে নিম্ন আয়ের পরিবারগুলো তুলনামূলক বেশি চাপের মুখে পড়ছে। এ বৈষম্য কমাতে করের আওতা সম্প্রসারণ, কর প্রশাসনের দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষা জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন গবেষক ও আলোচকেরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    নেত্রকোণায় টোল আদায়কারীর ঘুষিতে জুলাই যোদ্ধা নিহত, অভিযুক্ত গ্রেফতার

    নভেম্বর 23, 2026
    বাংলাদেশ

    খাটের সঙ্গে দুই হাত বেঁধে স্ত্রীর হাতের কবজি কেটে ফেললেন স্বামী

    নভেম্বর 23, 2026
    বাংলাদেশ

    মালিকপক্ষের মজুরি প্রস্তাব শ্রমিকদের দাবির ‘ধারেকাছেও নেই’: শ্রমিকপক্ষের প্রতিনিধি

    নভেম্বর 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.