গত জুন শেষে দেশের ২২টি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি তিন লাখ কোটি টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ওই সময় এই ঘাটতির পরিমাণ ছিল তিন লাখ আট হাজার ৮০৩ কোটি টাকা। এতে বেসরকারি খাতে বিনিয়োগে অর্থায়নের সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, গত সেপ্টেম্বরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ঐতিহাসিকভাবে সর্বনিম্ন ৪ দশমিক ১৭ শতাংশে নেমে এসেছে।
এর আগে গত মার্চ শেষে ২১টি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ছিল প্রায় দুই লাখ ৯৪ হাজার কোটি টাকা। অর্থাৎ তিন মাসের ব্যবধানে ঘাটতিযুক্ত ব্যাংকের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি ঘাটতির অঙ্কও বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের বাকি ব্যাংকগুলোর কোনো মূলধন ঘাটতি ছিল না।
টানা সপ্তম মাসের মতো বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে রয়েছে। এর মাধ্যমে একদিকে ব্যাংকগুলোর ঋণ দেওয়ার সক্ষমতা কমে যাওয়া, অন্যদিকে নতুন বিনিয়োগের চাহিদা দুর্বল থাকার বিষয়টিও স্পষ্ট হয়েছে।
ব্যাংকাররা টিবিএসকে বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়ম ও রাজনৈতিক প্রভাবে বিতরণ করা ঋণের একটি বড় অংশ এখন খেলাপি। এসব ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে বেশি অর্থ সংরক্ষণ করতে হচ্ছে। ফলে মুনাফা কমে যাচ্ছে, কোনো কোনো ব্যাংক লোকসানেও পড়েছে। এতে মূলধন ক্ষয় হয়েছে এবং স্বাভাবিক কার্যক্রম চালানো ও নতুন ঋণ দেওয়ার সক্ষমতা আরও কমেছে।
সম্প্রতি প্রকাশিত দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনেও এই সংকটের চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি ও ঋণ বিতরণে অনিয়মের কারণে বাংলাদেশের ব্যাংকিং খাতের কিছু অংশ দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে। শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে ব্যাংকগুলো থেকে বিপুল অর্থ সরিয়ে নেওয়া হয়েছে বলে তাতে উল্লেখ করা হয়েছে। এর ফলে খেলাপি ঋণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং এর বড় অংশ আর আদায়ের সম্ভাবনা নেই।
প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী, ব্যাংকের মালিকানা ও ঋণ দেওয়ার সিদ্ধান্তে প্রভাব বিস্তারকারী অনেক ব্যবসায়ী ও শিল্পগোষ্ঠীর মালিক এখন কারাগারে অথবা দেশ ছেড়ে পালিয়েছেন। ব্যাংকিং খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ খেলাপি হয়ে পড়েছে। প্রতিবেশী ভারত ও পাকিস্তানে খেলাপি ঋণের হার যেখানে যথাক্রমে ১ দশমিক ৭ শতাংশ ও ৫ শতাংশ, সেখানে বাংলাদেশের ব্যাংকিং খাতের ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের অনুপাত নেমে এসেছে ঋণাত্মক ৩ দশমিক ৮ শতাংশে।
ব্যাংকার, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, দুর্বল আর্থিক অবস্থার ব্যাংক এবং বিনিয়োগে অনাগ্রহ, এই দুই কারণেই বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। ঋণের উচ্চ সুদহার, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মূল্য সংযোজন কর ও অন্যান্য করসংক্রান্ত জটিলতার কারণে ব্যবসায়ীরা বিনিয়োগ বা ব্যবসা সম্প্রসারণে আগ্রহ দেখাচ্ছেন না। নির্বাচনের পরও ব্যবসায়িক কার্যক্রম ও বিনিয়োগে প্রত্যাশিত গতি ফেরেনি। আগামী এক বছরেও অনেক প্রতিষ্ঠানের সম্প্রসারণের পরিকল্পনা নেই। জ্বালানির দাম বৃদ্ধি এবং নতুন করে জ্বালানি সংকটের আশঙ্কা বিনিয়োগকারীদের আস্থায় আরও নেতিবাচক প্রভাব ফেলেছে। ফলে দুই দিক থেকেই চাপে পড়েছে বেসরকারি খাতের অর্থায়ন।
মূলধন ঘাটতির সবচেয়ে বড় অংশ ইসলামী ধারার ব্যাংকগুলোর। গত জুন শেষে সাতটি ইসলামী ব্যাংকের সম্মিলিত ঘাটতি ছিল এক লাখ ৮৭ হাজার ২৩৮ কোটি টাকা। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একার ঘাটতি ৬৬ হাজার ১২৬ কোটি টাকা। ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ। একীভূত হওয়ার পর ব্যাংকটি এখন সম্মিলিত ইসলামী ব্যাংকের অংশ হিসেবে কার্যক্রম চালাচ্ছে। ব্যাংকাররা জানান, আগে এস আলমের নিয়ন্ত্রণে থাকা সাতটি ব্যাংকের সবই এখন মূলধন ঘাটতিতে।
মূলধন ঘাটতিতে থাকা অন্য বড় ব্যাংকের মধ্যে রয়েছে আইএফআইসি ব্যাংক, যা আগে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের নিয়ন্ত্রণে ছিল। আছে সাবেক সংসদ সদস্য এইচবিএম ইকবালের সঙ্গে সংশ্লিষ্ট প্রিমিয়ার ব্যাংক এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নিয়ন্ত্রণে থাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।
চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সম্মিলিত ঘাটতি ছিল ৩৮ হাজার ৪১১ কোটি টাকা। এর মধ্যে জনতা ব্যাংকের ১৯ হাজার ৭০৭ কোটি, অগ্রণী ব্যাংকের আট হাজার ৭৮২ কোটি, রূপালী ব্যাংকের পাঁচ হাজার ২৩১ কোটি এবং বেসিক ব্যাংকের চার হাজার ৬৯০ কোটি টাকা। আটটি বেসরকারি ব্যাংকের সম্মিলিত ঘাটতি ৪৯ হাজার ৭৩১ কোটি টাকা। এর মধ্যে ন্যাশনাল ব্যাংকের ১৭ হাজার ৪৭৪ কোটি, এবি ব্যাংকের আট হাজার ৯১২ কোটি, আইএফআইসি ব্যাংকের সাত হাজার ১৯৯ কোটি, পদ্মা ব্যাংকের ছয় হাজার ৬১৮ কোটি এবং প্রিমিয়ার ব্যাংকের ছয় হাজার ৭৮ কোটি টাকা।
বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের ঘাটতি সবচেয়ে বেশি, ৩০ হাজার ৪৬১ কোটি টাকা। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘাটতি দুই হাজার ৯৫৭ কোটি টাকা। বিদেশি ব্যাংক ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের ঘাটতি ছিল ৪ কোটি টাকা।
ব্যাংকিং খাতের সামগ্রিক মূলধন পর্যাপ্ততার অনুপাত (সিআরএআর) গত জুন শেষে আরও কমে ঋণাত্মক ৩ দশমিক ৮০ শতাংশে দাঁড়িয়েছে। গত মার্চ শেষে এটি ছিল ঋণাত্মক ৩ দশমিক ১৭ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের নিয়মে প্রতিটি ব্যাংকের ন্যূনতম ১২ দশমিক ৫ শতাংশ মূলধন পর্যাপ্ততা বজায় রাখা বাধ্যতামূলক।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, খেলাপি ঋণ বাড়লে ব্যাংককে বেশি অর্থ সংরক্ষণ করতে হয়। এতে মুনাফা কমে এবং লোকসান হলে মূলধনও কমে যায়। খেলাপি ঋণ বাড়তে থাকলে মূলধন ঘাটতি আরও বাড়ার ঝুঁকি তৈরি হয়।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের মহাপরিচালক এজাজুল ইসলাম বলেন, মূলধন পর্যাপ্ততার অবস্থা আরও খারাপ হয়েছে, তবে ব্যাংকভেদে বড় পার্থক্য আছে। ভালো অবস্থানে থাকা বেসরকারি ব্যাংকগুলোর অনুপাত ১০ থেকে ১২ শতাংশের মধ্যে। অন্যদিকে পদ্মা, ইউনিয়ন ও জনতা ব্যাংকসহ কয়েকটির অবস্থা অত্যন্ত দুর্বল। তাঁর মতে, এই সংকট কাটাতে সুশাসন ফেরানো, মূলধন পুনর্গঠন, নতুন অর্থের জোগান এবং দুর্নীতি নিয়ন্ত্রণ জরুরি। মূলধনের শর্ত পূরণে ব্যর্থ ব্যাংকের মুনাফা বণ্টনে বিধিনিষেধ আরোপ এবং ব্যাংকিং আইনের কঠোর প্রয়োগেরও আহ্বান জানান তিনি।
সব মিলিয়ে ব্যাংক খাতের দুর্বলতা এখন কেবল ব্যাংকের সমস্যা নয়, গোটা অর্থনীতির বিনিয়োগ ও কর্মসংস্থানের পথেও বাধা হয়ে দাঁড়াচ্ছে। মূলধন পুনর্গঠন ও সুশাসন নিশ্চিত না হলে ঋণ প্রবৃদ্ধির স্থবিরতা কাটানো কঠিন হবে।

