বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী, সংসদ সদস্য ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের থাকা নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। পাশাপাশি পর্ষদে একই পরিবারের সদস্যদের আধিপত্য কমানো, স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানো এবং পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ৬ বছর করার প্রস্তাব করা হয়েছে। ব্যাংক খাতে সুশাসন ফেরানো ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় এসব পরিবর্তন আনা হচ্ছে বলে জানা গেছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে। এতে ব্যাংকের পরিচালনা পর্ষদে রাজনৈতিক প্রভাব কমানোসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংক মিলে আইন সংশোধনের যে উদ্যোগ নিয়েছিল, তার বেশির ভাগ সুপারিশই এবারের খসড়ায় রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি সপ্তাহেই খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। এরপর অনুমোদনের জন্য তা মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।
খসড়া অনুযায়ী, মন্ত্রিসভার সদস্য বা সমমর্যাদার ব্যক্তি, এমপি এবং স্থানীয় সরকারের প্রতিনিধিরা ব্যাংকের পরিচালক হতে পারবেন না। একই সঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রেও রাজনৈতিক পদধারীরা অযোগ্য হবেন। ব্যাংকের পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ নিরুৎসাহিত করতেই এমন প্রস্তাব করা হয়েছে। বর্তমান আইনে এ বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা নেই। তবে মন্ত্রীদের ক্ষেত্রে সংবিধানের ১৪৭ অনুচ্ছেদের (৩) উপ-অনুচ্ছেদে বলা হয়েছে, মন্ত্রিসভার কোনো সদস্য লাভজনক পদে থাকতে পারবেন না এবং মুনাফা বা লাভের উদ্দেশ্যে পরিচালিত কোনো কোম্পানি, সমিতি বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বা পরিচালনায় অংশ নিতে পারবেন না।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, পরিচালনা পর্ষদ থেকে রাজনৈতিক ব্যক্তিদের দূরে রাখাই ভালো বলে মনে করেন তিনি।
একই পরিবার থেকে পরিচালক হতে পারবেন সর্বোচ্চ দুজন। বর্তমানে একই পরিবারের সর্বোচ্চ তিনজন সদস্য একই সময়ে এক ব্যাংকের পরিচালক থাকতে পারেন। নতুন প্রস্তাবে এ সংখ্যা কমিয়ে দুজন করার কথা বলা হয়েছে। এ ছাড়া পরিবারের স্বার্থসংশ্লিষ্ট বা নিয়ন্ত্রণাধীন ব্যক্তিরা নিজেদের পাশাপাশি স্ত্রী বা স্বামী, ছেলেমেয়ে, জামাতা ও নিকটাত্মীয়দের ব্যাংকের পর্ষদে বসাতেন। পারিবারিক নিয়ন্ত্রণ কমাতেই নতুন প্রস্তাব করা হয়েছে বলে মনে করে বিএবি। আওয়ামী লীগ সরকারের আমলে এস আলম গ্রুপ, প্রিমিয়ার গ্রুপ, সিকদার গ্রুপসহ কয়েকটি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাংক ও আর্থিক খাতে নিয়ন্ত্রণ নিয়ে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে।
পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ৬ বছর করার প্রস্তাব করা হয়েছে। একসময় তা ৬ বছরই ছিল। ২০১৮ সালের সংশোধনীতে তা বাড়িয়ে ৯ বছর করা হয়, ২০২৩ সালে আরও বাড়িয়ে করা হয় ১২ বছর। প্রস্তাব অনুযায়ী, কোনো পরিচালক একটানা ৬ বছর দায়িত্ব পালনের পর পরবর্তী ৩ বছর একই ব্যাংকের পরিচালক হতে পারবেন না। এ বিষয়ে বিএবি চেয়ারম্যান বলেন, তারা ৯ বছরের কথা বলেছিলেন, তবে ৬ বছরের সিদ্ধান্ত এসেছে, যা তারা মেনে নিয়েছেন।
পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যাও বাড়ছে। বর্তমানে সর্বোচ্চ ২০ সদস্যের পর্ষদে দুই থেকে তিনজন স্বতন্ত্র পরিচালক থাকার বিধান রয়েছে। প্রস্তাবে তা বাড়িয়ে তিন থেকে চারজন করার কথা বলা হয়েছে। পর্ষদের সদস্যসংখ্যা ২০ জনের কম হলেও বর্তমানে দুজন স্বতন্ত্র পরিচালক থাকা বাধ্যতামূলক; প্রস্তাবে এ সংখ্যা বাড়িয়ে তিনজন করার কথা বলা হয়েছে। স্বতন্ত্র পরিচালক নিয়োগে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শেয়ারহোল্ডারদের প্রভাবমুক্ত থাকার বিষয়টিও স্পষ্ট করা হয়েছে। ব্যাংকের সঙ্গে অতীত, বর্তমান ও ভবিষ্যতে স্বার্থসংশ্লিষ্টতা থাকলে কাউকে স্বতন্ত্র পরিচালক হিসেবে বিবেচনা না করার বিধান যুক্ত করার কথাও বলা হয়েছে।
ব্যাংকের মালিকানায় কৌশলগত বিনিয়োগকারী আকৃষ্ট করতে শেয়ার ধারণের সীমা শিথিলের প্রস্তাবও রয়েছে। বর্তমানে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা একই পরিবারের সদস্যরা সরাসরি বা পরোক্ষভাবে একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার কিনতে পারেন না। নতুন প্রস্তাবে কৌশলগত বিনিয়োগকারীর ক্ষেত্রে এই সীমা শিথিল করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়ার কথা বলা হয়েছে। এ ধরনের বিনিয়োগকারীর যোগ্যতা, উপযুক্ততা ও শর্ত নির্ধারণ করবে কেন্দ্রীয় ব্যাংক। সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশের সীমা বহাল থাকলেও বিশেষ বিনিয়োগকারীদের ক্ষেত্রে ব্যতিক্রমী সুযোগ তৈরি হবে। বিএবি চেয়ারম্যান বলেন, বিদেশিদের জন্য বেশি সুবিধা আর দেশিদের জন্য কম-এমন বৈষম্য যাতে তৈরি করা না হয়, তাঁরা এমন দাবি জানিয়েছিলেন।
পরিচালক থাকা অবস্থায় নেওয়া ঋণ পরিশোধের ক্ষেত্রেও কঠোর বিধান আনার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে কোনো পরিচালকের পদ শূন্য হলে তার কাছে ব্যাংকের পাওনা টাকা শেয়ার সমন্বয়ের মাধ্যমে আদায়ের বিধান রয়েছে। নতুন প্রস্তাবে বলা হয়েছে, পরিচালকের পদ শূন্য হওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে নেওয়া অগ্রিম বা ঋণের সম্পূর্ণ বকেয়া পরিশোধ করতে হবে। পুনঃ তফসিল বা অন্য কোনো উপায়ে ঋণ নিয়মিত করার সুযোগ থাকবে না।
পরিচালনা পর্ষদের সভায় উপস্থিতি নিশ্চিত করতেও নতুন বিধান করা হচ্ছে। কোনো পরিচালক একটানা তিন মাসের বেশি সময় সভায় অনুপস্থিত থাকতে পারবেন না। তবে এই সময়ের বেশি অনুপস্থিত থাকার অনুমতি বছরে সর্বোচ্চ একবার পাবেন।
খসড়ায় বাংলাদেশ ব্যাংকের ক্ষমতাও বাড়ানো হয়েছে। কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদ আমানতকারীদের স্বার্থের পরিপন্থী কাজ করলে বাংলাদেশ ব্যাংক সেই পর্ষদ বাতিল করতে পারবে। নতুন প্রস্তাবে বাংলাদেশ ব্যাংক নিজের মতো করে পর্ষদ সাজাতে পারবে। পর্ষদের মেয়াদ বাংলাদেশ ব্যাংক প্রয়োজন অনুযায়ী কমাতে বা বাড়াতে পারবে; তবে তা তিন বছরের বেশি হবে না। নতুন পর্ষদ গঠনের পর পরবর্তী সাধারণ সভায় ব্যাংকের সদস্যদের মাধ্যমে পরিচালক নির্বাচনের বিধানও যুক্ত করার প্রস্তাব রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারবে।
ব্যাংকের সংবিধি বা পরিচালনাসংক্রান্ত মৌলিক নিয়ম পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি সনদ ছাড়া কোনো ব্যাংক কোম্পানির সংবিধি পরিবর্তনের আদেশ কার্যকর হবে না। এ ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য কোনো ব্যাংকের নিয়ন্ত্রণের বিধান ও জরিমানা-সংক্রান্ত বিষয়েও পরিবর্তন প্রস্তাব করা হয়েছে। প্রয়োজনীয় হিসাব-বিবরণী না দিলে বা ঋণের তথ্য গোপন করলে বর্তমানে ২০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। নতুন প্রস্তাবে সর্বনিম্ন জরিমানা বাড়িয়ে ৫০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৫ লাখ টাকা অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবকে ইতিবাচক বলেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, ব্যাংক কোম্পানি আইন সংশোধনের উদ্যোগ ইতিবাচক, তবে কয়েকটি ক্ষেত্রে আরও পরিবর্তনের প্রয়োজন রয়েছে। পরিচালকদের সংখ্যা বাড়িয়ে ৫০ শতাংশ করা উচিত। বৈশ্বিক চর্চা এটাই। এ ছাড়া কৌশলগত বিনিয়োগকারীর জন্য আরও সুযোগ দেওয়া প্রয়োজন। বিদেশি বা দেশি-উভয় ধরনের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে ২০ থেকে ৩০ এমনকি ১০০ শতাংশ পর্যন্ত শেয়ার কেনার সুযোগ দেওয়া যেতে পারে। তবে এ সুযোগ ব্যক্তির জন্য নয়, প্রতিষ্ঠানের জন্য হওয়া উচিত।
পরিচালকদের টানা মেয়াদ ৬ বছর করা এবং এক পরিবার থেকে দুজন পরিচালক রাখার বিষয়েও সাবেক গভর্নর আহসান মনসুর ইতিবাচক মত দিয়েছেন। তিনি আরও বলেন, মন্ত্রী ও সংসদ সদস্যদের পাশাপাশি উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বিচারপতি বা বিচারকদেরও ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া উচিত নয়। ব্যাংক খাতের জন্য বাংলাদেশ ব্যাংক অর্ডার এবং সম্পদ ব্যবস্থাপনা আইনের মতো আইনগুলোও সংসদে পাস করা প্রয়োজন বলে মত দেন তিনি।

