ব্যাংকের মুনাফা অর্জনের পাশাপাশি আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। এ জন্য ঋণ বিতরণে কোনো নির্দিষ্ট ব্যবসায়িক গ্রুপ, খাত বা অঞ্চলের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানো এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও তদারকি ব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীতে এসবিএসি ব্যাংক পিএলসি আয়োজিত বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন বিভাগ-৫-এর পরিচালক মনোয়ার উদ্দিন আহমেদ। তিনি বলেন, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালী করা এবং যথাযথ তদারকির মাধ্যমে একটি স্থিতিশীল ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক।
ঋণ বিতরণে অতিরিক্ত কেন্দ্রীভূত হওয়ার ঝুঁকির বিষয়েও সতর্ক করেন তিনি। কোনো ব্যাংক যদি একটি নির্দিষ্ট ব্যবসায়িক গ্রুপ বা খাতে বেশি ঋণ দেয়, তাহলে সেই গ্রুপ বা খাত সমস্যায় পড়লে ব্যাংকের বড় অংশের ঋণই ঝুঁকিতে পড়ে যেতে পারে। এ ধরনের পরিস্থিতি এড়াতে ঋণ বিতরণে বৈচিত্র্য রাখা এবং ঝুঁকি বিবেচনা করে তদারকি কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন তিনি।
সম্মেলনে সভাপতির বক্তব্যে এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস এম মঈনুল কবীর বলেন, ঝুঁকি মূল্যায়ন ছাড়া কোনো উদ্যোগ দীর্ঘমেয়াদে টেকসই হতে পারে না। ব্যাংকিং কার্যক্রমের প্রতিটি পর্যায়েই কোনো না কোনো ঝুঁকি থাকে। তাই সেগুলো আগে থেকে চিহ্নিত করা, যথাযথভাবে মূল্যায়ন করা এবং ক্ষতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
তিনি জানান, এসবিএসি ব্যাংকে করপোরেট সুশাসন প্রতিষ্ঠা এবং প্রতিটি কার্যক্রমে কমপ্লায়েন্স নীতি অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্যাংকটির তারল্য ব্যবস্থাপনা ও মূলধন পর্যাপ্ততা সংরক্ষণেও কোনো সমস্যায় পড়তে হয়নি বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি প্রযুক্তিগত ঝুঁকি মোকাবিলায় ব্যাংকারদের সচেতনতা বাড়ানোর আহ্বান জানান। কারণ প্রযুক্তিগত নিরাপত্তায় দুর্বলতা তৈরি হলে গ্রাহকের অর্থের পাশাপাশি ব্যাংকের প্রতি মানুষের আস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে।
উল্লেখ্য, ব্যাংকগুলোর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করতে বাংলাদেশ ব্যাংক চলতি বছরের ২১ জুলাই নতুন নির্দেশিকা জারি করেছে। এতে অভ্যন্তরীণ নিরীক্ষা, কমপ্লায়েন্স এবং পরিচালনা পর্ষদের তদারকি আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য আনতে ব্যাংকগুলোকে ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে সাংগঠনিক কাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন আনার নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন বিভাগ-৫-এর অতিরিক্ত পরিচালক শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং এসবিএসি ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য মেজর (অব.) আবু ফাতেহ মো. বশিরুর রহমান। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের দুই যুগ্ম পরিচালক মো. আরিফুর রহমান ও সাগুফতা ইকবাল ঝুঁকি ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন। অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জরা সরাসরি এবং অনলাইনে অংশ নেন।

