যেকোনো দেশের অর্থনীতির প্রাণভোমরা হলো তার ব্যাংকিং ও আর্থিক খাত। সঞ্চয় সংগ্রহ, বিনিয়োগের অর্থায়ন, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে ব্যাংকের ভূমিকা অপরিসীম। কিন্তু বাংলাদেশের ব্যাংক খাত দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে সুশাসনের অভাব, রাজনৈতিক হস্তক্ষেপ, পরিবারতন্ত্র, ঋণ অনিয়ম এবং দুর্বল নিয়ন্ত্রক তদারকির কারণে গভীর সংকটে পড়েছে। যে খাতটি অর্থনীতির চালিকাশক্তি হওয়ার কথা, সেটিই এখন সামষ্টিক অর্থনীতির অন্যতম বড় ঝুঁকিতে পরিণত হয়েছে।
ব্যাংকের পরিচালনা পর্ষদে প্রভাবশালী গোষ্ঠীর আধিপত্য, যাচাই-বাছাই ছাড়া বড় অঙ্কের ঋণ বিতরণ, ঋণের অর্থের অপব্যবহার, অর্থ পাচার এবং খেলাপি ঋণ আদায়ে দীর্ঘসূত্রতা আর্থিক ব্যবস্থার ভিত দুর্বল করেছে। সাধারণ আমানতকারীদের কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংক খাতের প্রকৃত আর্থিক অবস্থা অনুসন্ধান এবং অনিয়মের চিত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হলে দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলো সামনে আসে।
পরবর্তী সময়ে সংস্কারের জন্য নতুন আইন, ব্যাংক পুনর্গঠন, ঝুঁকিভিত্তিক তদারকি, খেলাপি ঋণ আদায় এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের অর্থায়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এসব উদ্যোগ ব্যাংক খাতের কাঠামোগত দুর্বলতা কতটা দূর করতে পেরেছে? সংস্কারের অগ্রগতি কোথায় এবং আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনতে আরও কী পদক্ষেপ প্রয়োজন?
সংকটের গভীরতা: পরিসংখ্যানের আয়নায় ব্যাংক খাত। বাংলাদেশের ব্যাংক খাতের বর্তমান সংকট কোনো আকস্মিক ঘটনা নয়; বরং দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল ঋণ ব্যবস্থাপনা এবং জবাবদিহির অভাবের ফল। ২০২৬ সালের ১৬ নভেম্বর জাতীয় সংসদে অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে মোট বিতরণ করা ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা ঋণের মধ্যে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা। মোট ঋণের বিপরীতে খেলাপি ঋণের হার ৩২ দশমিক ১৭ শতাংশ।
অথচ ২০২১ সালে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৯৪ হাজার ৩০৬ কোটি ২১ লাখ টাকা, যা মোট ঋণের ৭ দশমিক ২৪ শতাংশ। ২০২২ সালে তা বেড়ে ১ লাখ ১২ হাজার ৯০২ কোটি, ২০২৩ সালে ১ লাখ ৩৫ হাজার ৭১০ কোটি এবং ২০২৪ সালে ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি টাকায় পৌঁছায়। ২০২৫ সালের শেষে এর পরিমাণ দাঁড়ায় ৫ লাখ ৪৪ হাজার ৮৩২ কোটি টাকা। অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে খেলাপি ঋণের পরিমাণ কয়েক গুণ বেড়েছে।
অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের ২০২৬ সালের জুন প্রান্তিকের প্রতিবেদনে শ্রেণিকৃত ঋণের পরিমাণ দেখানো হয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। সেপ্টেম্বরের পরিসংখ্যান কিছুটা কম হলেও তা সংকট থেকে উত্তরণের প্রমাণ নয়। ঋণ শ্রেণিকরণ, আদায় এবং হিসাবের সময়সীমার পার্থক্যও এ পরিবর্তনে ভূমিকা রাখতে পারে।
খেলাপি ঋণের পাশাপাশি ব্যাংকগুলোর মূলধন পরিস্থিতিও উদ্বেগজনক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে ২২টি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৩ লাখ ৮ হাজার ৮০৩ কোটি টাকা। একই সময়ে সামগ্রিক ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততার অনুপাত ঋণাত্মক ৩ দশমিক ৮০ শতাংশে নেমে এসেছে। অথচ ব্যাংকের ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে প্রয়োজনীয় মূলধন সংরক্ষণ করা আর্থিক স্থিতিশীলতার অন্যতম প্রধান শর্ত। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর এ অনুপাত মাত্র শূন্য দশমিক ৮২ শতাংশে নেমে এসেছে।
এর অর্থ, অনেক ব্যাংকের সম্ভাব্য ঋণক্ষতি মোকাবিলার মতো পর্যাপ্ত আর্থিক সক্ষমতা নেই। খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণ করতে গিয়ে ব্যাংকের মুনাফা কমছে, মূলধন ক্ষয় হচ্ছে এবং নতুন বিনিয়োগে অর্থায়নের সক্ষমতাও বাধাগ্রস্ত হচ্ছে। মুষ্টিমেয় ব্যাংকের দুর্বলতায় পুরো খাত চাপে। দেশের ৬১টি তফসিলি ব্যাংকের সবগুলো সমানভাবে সংকটে নেই। বরং কয়েকটি ব্যাংকের ঋণ অনিয়ম ও আর্থিক দুর্বলতা পুরো ব্যাংক খাতের সূচককে নেতিবাচকভাবে প্রভাবিত করছে।
বাংলাদেশ ব্যাংকের ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকের প্রতিবেদনে দেখা যায়, ১৫টি ব্যাংকের কাছে মোট খেলাপি ঋণের ৮৫ শতাংশের বেশি কেন্দ্রীভূত। এর মধ্যে পাঁচটি একীভূত ইসলামী ব্যাংক রয়েছে। অন্যদিকে পাঁচটি ব্যাংক বাদ দিয়েও আরও ১০টি ব্যাংকের কাছে মোট খেলাপি ঋণের ৫৭ শতাংশের বেশি রয়েছে।
ব্যাংকভিত্তিক পরিসংখ্যানেও সংকটের ভয়াবহতা স্পষ্ট। ২০২৬ সালের জুন শেষে ইসলামী ব্যাংক বাংলাদেশের খেলাপি ঋণের পরিমাণ ছিল প্রায় ৯৮ হাজার ৯১৪ কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়ায় প্রায় ৭৫ হাজার ৭২৮ কোটি টাকা, যা ব্যাংকটির মোট ঋণের প্রায় ৭৫ শতাংশ।
একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খেলাপি ঋণের হার ৯৭ দশমিক ০৮ শতাংশ, ইউনিয়ন ব্যাংকের ৯৬ দশমিক ৭৮ শতাংশ, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭৮ দশমিক ১৫ শতাংশ এবং এক্সিম ব্যাংকের ৭০ দশমিক ৮১ শতাংশে পৌঁছেছিল। পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর সম্মিলিত খেলাপি ঋণও ব্যাংক খাতের মোট খেলাপি ঋণের ৪৭ শতাংশের বেশি। ফলে এ খাতের দুর্বলতা শুধু সংশ্লিষ্ট ব্যাংকের সমস্যা নয়; বরং পুরো আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়। সংকটের মূলে সুশাসনের ঘাটতি। ব্যাংক খাতের বর্তমান বিপর্যয়ের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো পরিচালনা ও নিয়ন্ত্রণব্যবস্থায় দীর্ঘদিনের দুর্বলতা।
পরিবারতন্ত্র ও মালিকানার কেন্দ্রীভূতকরণ: ব্যাংক কোম্পানি আইনের বিভিন্ন সংশোধনের মাধ্যমে একই পরিবারের একাধিক সদস্যের পরিচালনা পর্ষদে থাকার সুযোগ বাড়ানো হয়েছিল। এর ফলে কিছু ব্যাংকে পরিচালনা পর্ষদের ওপর নির্দিষ্ট ব্যবসায়ী পরিবারের প্রভাব প্রতিষ্ঠিত হয়। স্বার্থের সংঘাত, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ঋণ বিতরণ এবং পর্ষদের সিদ্ধান্তে ব্যক্তিগত স্বার্থের প্রভাব ব্যাংকের পেশাদার ব্যবস্থাপনাকে দুর্বল করে।
রাজনৈতিক হস্তক্ষেপ ও কেন্দ্রীয় ব্যাংকের সীমাবদ্ধতা: ব্যাংকের লাইসেন্স প্রদান, পরিচালনা পর্ষদ গঠন এবং ঋণসংক্রান্ত সিদ্ধান্তে রাজনৈতিক ও প্রভাবশালী মহলের হস্তক্ষেপের অভিযোগ দীর্ঘদিনের। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের স্বাধীন তদারকি কার্যক্রমে প্রশাসনিক ও নীতিগত সীমাবদ্ধতা থাকায় অনেক অনিয়ম সময়মতো প্রতিরোধ করা সম্ভব হয়নি। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বের বিভাজনও নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
ঋণ পুনঃতফসিল ও খেলাপি ঋণ আড়াল: বারবার ঋণ পুনঃতফসিল, নামমাত্র ডাউন পেমেন্ট এবং বিশেষ নীতিগত সুবিধার মাধ্যমে অনেক ঋণের প্রকৃত অবস্থা আড়াল করা হয়েছে। ফলে কাগজে-কলমে নিয়মিত দেখালেও বাস্তবে অনেক ঋণ থেকে অর্থ আদায় হয়নি। এ ছাড়া দুর্বল নিরীক্ষা ও হিসাবরক্ষণ ব্যবস্থার কারণে কিছু ব্যাংকের প্রকৃত আর্থিক ক্ষতি যথাযথভাবে প্রকাশিত হয়নি।
অর্থ পাচার ও বিচারহীনতা: ঋণের অর্থ অন্য খাতে সরিয়ে নেওয়া, ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ উত্তোলন, আমদানি-রপ্তানিতে অতিমূল্যায়ন এবং হুন্ডির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ ব্যাংক খাতের সংকটকে আরও গভীর করেছে। পাশাপাশি অর্থঋণ আদালতে মামলার দীর্ঘসূত্রতা এবং উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে অনেক ঋণ আদায় বছরের পর বছর আটকে রয়েছে।
সংস্কারের প্রথম ধাপ: প্রকৃত আর্থিক ক্ষতি নিরূপণ। সংস্কার কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো ব্যাংকগুলোর প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ছয় সদস্যের ব্যাংকিং খাত সংস্কার টাস্কফোর্স গঠন করে।
এর ধারাবাহিকতায় আন্তর্জাতিক নিরীক্ষা ও পরামর্শক প্রতিষ্ঠান আর্নস্ট অ্যান্ড ইয়ং এবং কেপিএমজির মাধ্যমে ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাই বা অ্যাসেট কোয়ালিটি রিভিউয়ের উদ্যোগ নেওয়া হয়। প্রথম পর্যায়ে ছয়টি এবং পরবর্তী পর্যায়ে আরও ব্যাংকসহ মোট ১৮টি ব্যাংককে এ পর্যালোচনার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়। এ প্রক্রিয়ায় ব্যাংকের ঋণ, জামানত, সম্ভাব্য ক্ষতি, মূলধন ঘাটতি এবং সংশ্লিষ্ট পক্ষের কাছে ঋণের প্রকৃত চিত্র নিরূপণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে আগে আড়ালে থাকা অনেক ঝুঁকি চিহ্নিত করা সম্ভব হয়েছে।
এখানে মনে রাখতে হবে, খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাওয়াকে সংস্কারের ব্যর্থতা হিসেবে দেখার সুযোগ নেই। কারণ প্রকৃত আর্থিক ক্ষতি প্রকাশ করা ছাড়া কার্যকর পুনর্গঠন সম্ভব নয়। তবে শুধু ক্ষতি শনাক্ত করাই যথেষ্ট নয়; সংশ্লিষ্টদের দায় নির্ধারণ এবং অর্থ পুনরুদ্ধারও নিশ্চিত করতে হবে।
ব্যাংক রেজল্যুশন ও আমানত সুরক্ষায় নতুন আইন। ব্যাংক খাতের সংস্কারে আইনগত কাঠামো শক্তিশালী করার উদ্যোগ গুরুত্বপূর্ণ অগ্রগতি। ২০২৫ সালের ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ পরবর্তী সময়ে সংসদীয় আইনে রূপান্তরিত হয়ে ২০২৬ সালের ১০ এপ্রিল ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ হিসেবে কার্যকর হয়। এই আইনের মাধ্যমে আর্থিকভাবে দুর্বল বা অকার্যকর ব্যাংকের ক্ষেত্রে পুনর্গঠন, একীভূতকরণ, অধিগ্রহণ, অস্থায়ী প্রশাসক নিয়োগ, ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠা এবং প্রয়োজনে অবসায়নের মতো ব্যবস্থা গ্রহণের আইনগত ভিত্তি তৈরি হয়েছে।
তবে আইনের একটি বিতর্কিত বিধান নিয়ে সমালোচনা তৈরি হয়েছিল। একীভূত ব্যাংকের সাবেক মালিকদের পুনরায় মালিকানা ফিরে পাওয়ার সুযোগসংক্রান্ত ১৮ক ধারা নিয়ে সংস্কারের স্বচ্ছতা ও জবাবদিহি প্রশ্নের মুখে পড়ে। পরবর্তী সময়ে ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) আইন, ২০২৬-এর মাধ্যমে ধারাটি বাদ দেওয়া হয়। এটি সংস্কারের বিশ্বাসযোগ্যতা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ আইনগত পরিবর্তন।
অন্যদিকে আমানতকারীদের অর্থের নিরাপত্তা বাড়াতে আমানত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ পরবর্তী সময়ে সংসদে পাস হয়ে ১০ এপ্রিল ২০২৬ তারিখে আমানত সুরক্ষা আইন, ২০২৬ হিসেবে কার্যকর হয়। এর মাধ্যমে আমানত সুরক্ষার সীমা প্রতি আমানতকারী, প্রতি প্রতিষ্ঠানের জন্য ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ২০২৫ সালের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন অনুযায়ী, নতুন ব্যবস্থায় ২০২৫ সালে প্রায় ৯৩ দশমিক ০৪ শতাংশ আমানতকারী সুরক্ষার আওতায় আসার সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি আমানত সুরক্ষা তহবিলকে শুধু ব্যাংক অবসায়নের পর ক্ষতিপূরণ প্রদানের মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যাংক পুনর্গঠনের ক্ষেত্রেও ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। তবে আমানত সুরক্ষার সীমা বাড়ানো মানেই সব আমানত সম্পূর্ণ নিরাপদ হয়ে যাওয়া নয়। এ ব্যবস্থার কার্যকারিতা নির্ভর করবে তহবিলের পর্যাপ্ততা, অর্থ পরিশোধের গতি এবং ব্যাংক সংকট মোকাবিলার সক্ষমতার ওপর।
পাঁচটি ইসলামী ব্যাংকের একীভূতকরণ: পুনর্গঠনের বড় পরীক্ষা। ব্যাংক খাতের সংস্কারে সবচেয়ে আলোচিত উদ্যোগগুলোর একটি হলো পাঁচটি দুর্বল শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী এবং এক্সিম ব্যাংককে একীভূত করার উদ্যোগ নেওয়া হয়। এর উদ্দেশ্য ছিল দুর্বল ব্যাংকগুলোর আর্থিক কার্যক্রম একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং ঋণ আদায় ও ব্যবস্থাপনা শক্তিশালী করা।
২০২৬ সালের ১ সেপ্টেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংক ব্যক্তিগত আমানতকারীদের জন্য স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পুনরায় শুরু করে। ৭ সেপ্টেম্বর থেকে আমানতের মূল অর্থ উত্তোলনের প্রক্রিয়াও শুরু হয়। পরবর্তী সময়ে ১০ নভেম্বর ব্যাংকটির পাঁচটি পৃথক আইন বিভাগ এবং বিনিয়োগ আদায় বিভাগ একীভূত করে কেন্দ্রীয় কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এটি কেবল পাঁচটি ব্যাংকের নাম ও ব্যবস্থাপনা এক করার বিষয় নয়। বরং বিপুল অনাদায়ি ঋণ উদ্ধার, সম্পদের প্রকৃত মূল্য নিরূপণ, তথ্যপ্রযুক্তি অবকাঠামোর সমন্বয়, মানবসম্পদ ব্যবস্থাপনা এবং আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনার একটি জটিল প্রক্রিয়া। এ ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, দুর্বল ব্যাংকের দায়ভার যেন সুস্থ ব্যাংক বা সাধারণ করদাতাদের ওপর অযৌক্তিকভাবে চাপিয়ে দেওয়া না হয়। একই সঙ্গে অনিয়মের সঙ্গে জড়িত সাবেক মালিক ও পরিচালকদের দায় নির্ধারণ এবং সম্পদ পুনরুদ্ধার নিশ্চিত করতে হবে।
ঝুঁকিভিত্তিক তদারকি ও আধুনিক ব্যাংক ব্যবস্থাপনা। ব্যাংকের অনিয়ম প্রতিরোধে শুধু নিয়মকানুন যাচাই যথেষ্ট নয়; সম্ভাব্য ঝুঁকি আগেই শনাক্ত করা প্রয়োজন। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ২০২৬ সালের ৪ জানুয়ারি থেকে সব তফসিলি ব্যাংকে ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থা কার্যকর করেছে। এ ব্যবস্থায় ব্যাংকের ঋণঝুঁকি, বাজারঝুঁকি, পরিচালনাগত ঝুঁকি, প্রযুক্তিগত নিরাপত্তা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং পরিচালনা পর্ষদের কার্যকারিতা মূল্যায়ন করা হবে। কোনো ব্যাংকের আর্থিক দুর্বলতা প্রকাশ পাওয়ার আগেই সম্ভাব্য ঝুঁকির সংকেত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এর প্রধান উদ্দেশ্য।
এ ছাড়া ঋণ শ্রেণিকরণ ও প্রভিশন সংরক্ষণের নিয়ম কঠোর করা হয়েছে। আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মানদণ্ডের আওতায় আইএফআরএস-৯ এবং প্রত্যাশিত ঋণক্ষতি হিসাবপদ্ধতি বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর ফলে ঋণ সম্পূর্ণ খেলাপি হওয়ার আগেই সম্ভাব্য ক্ষতি নিরূপণ এবং প্রয়োজনীয় সংস্থান রাখা সম্ভব হবে। পাশাপাশি বাসেল-৩ নীতিমালা অনুযায়ী মূলধন পর্যাপ্ততা, তারল্য ব্যবস্থাপনা এবং ঝুঁকি নিয়ন্ত্রণের সক্ষমতা বাড়ানো জরুরি। ব্যাংকের ডিজিটাল লেনদেন, সাইবার নিরাপত্তা এবং তথ্য বিশ্লেষণ ব্যবস্থাও আধুনিক করতে হবে।
খেলাপি ঋণ আদায় ও দুর্দশাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনা। ব্যাংক খাতের সংকট নিরসনে নতুন ঋণ বিতরণ নিয়ন্ত্রণের পাশাপাশি পুরোনো খেলাপি ঋণ আদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এককালীন নিষ্পত্তি বা ওয়ান-টাইম এক্সিট সুবিধার নীতিমালা গ্রহণ করেছে। ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত সুবিধার আওতায় যোগ্য ঋণগ্রহীতারা শর্তসাপেক্ষে এককালীন অর্থ পরিশোধের মাধ্যমে ঋণ নিষ্পত্তির সুযোগ পাচ্ছেন। তবে এ সুবিধা যেন ইচ্ছাকৃত ঋণখেলাপিদের দায়মুক্তির উপায় হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রকৃত ব্যবসায়িক সংকটে পড়া উদ্যোক্তা এবং পরিকল্পিতভাবে ঋণ পরিশোধ না করা ব্যক্তিকে একইভাবে বিবেচনা করা উচিত নয়।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংক ২০২৬ সালের ৩০ জুন ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট আইন, ২০২৬-এর খসড়া প্রকাশ করেছে। এর লক্ষ্য হলো খেলাপি, অবলোপনকৃত ও অনাদায়ি ঋণ ব্যবস্থাপনা, সম্পদ পুনরুদ্ধার এবং সমস্যাগ্রস্ত ঋণের জন্য দ্বিতীয় পর্যায়ের বাজার গড়ে তোলা। অন্যদিকে অর্থঋণ আদালত আইন, ২০০৩ সংশোধনের উদ্যোগও গুরুত্বপূর্ণ। মামলা নিষ্পত্তি দ্রুত করা, জামানত বিক্রির প্রক্রিয়া সহজ করা এবং ঋণ আদায়ে আইনি দীর্ঘসূত্রতা কমানো না গেলে খেলাপি ঋণের পাহাড় কমানো কঠিন হবে।
পাঁচ বছর মেয়াদি সংস্কার ও আন্তর্জাতিক সহযোগিতা। ব্যাংক খাতের দীর্ঘমেয়াদি পুনর্গঠনে পাঁচ বছর মেয়াদি সংস্কার পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ২০২৬-২০৩১ মেয়াদের এ কৌশলগত কাঠামোর মূল লক্ষ্য হলো তাৎক্ষণিক আর্থিক ঝুঁকি নিয়ন্ত্রণ, দুর্বল ব্যাংকের পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক সংস্কার।
প্রথম পর্যায়ে সমস্যাগ্রস্ত ব্যাংকের প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং খেলাপি ঋণ আদায়ে গুরুত্ব দেওয়া হয়েছে। পরবর্তী পর্যায়ে ব্যাংকের মূলধন পুনর্গঠন, পরিচালনা পর্ষদের জবাবদিহি এবং ঋণ ব্যবস্থাপনা শক্তিশালী করার লক্ষ্য রয়েছে। শেষ পর্যায়ে আন্তর্জাতিক মানের তদারকি, স্বচ্ছ আর্থিক প্রতিবেদন এবং টেকসই ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এ সংস্কার কার্যক্রমে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সহায়তাও গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাংক ২০২৬ সালের ২৪ জুন বাংলাদেশের ব্যাংক খাতের স্থিতিশীলতা ও সংস্কারে ৪৫০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে। এর আওতায় আমানত সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, বাংলাদেশ ব্যাংকের তদারকি সক্ষমতা বৃদ্ধি, জরুরি তারল্য সহায়তার কাঠামো উন্নয়ন এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক সংস্কারে সহায়তা দেওয়ার কথা রয়েছে। অন্যদিকে এশীয় উন্নয়ন ব্যাংকের ২০২৫ সালে অনুমোদিত তিন ধাপের ব্যাংক খাত স্থিতিশীলকরণ কর্মসূচির মোট অর্থায়ন কাঠামো ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। এর লক্ষ্য ব্যাংকের সুশাসন, ঋণের গুণগত মান এবং আর্থিক স্থিতিশীলতা উন্নত করা।
আন্তর্জাতিক সহযোগিতা সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থ ও কারিগরি সহায়তা দিতে পারে। তবে ঋণ বা অনুদান পেলেই ব্যাংক খাতের সমস্যার সমাধান হবে না। অর্থের যথাযথ ব্যবহার, নির্ধারিত সংস্কার বাস্তবায়ন এবং জবাবদিহি নিশ্চিত করাই এখানে প্রধান বিবেচ্য।
সংস্কারের পথে প্রধান চ্যালেঞ্জ: নীতিগত ও আইনগত পর্যায়ে অগ্রগতি থাকলেও বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কিছু বাধা রয়ে গেছে। প্রথমত, খেলাপি ঋণ আদায়ে নগদ অর্থের প্রবাহ বাড়ানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঋণ পুনঃতফসিল বা এককালীন নিষ্পত্তির মাধ্যমে কাগজে-কলমে খেলাপি ঋণ কমানো সম্ভব হলেও প্রকৃত অর্থ আদায় না হলে ব্যাংকের আর্থিক অবস্থার উন্নতি হবে না। দ্বিতীয়ত, মূলধন ঘাটতি পূরণে বিপুল অর্থের প্রয়োজন। দুর্বল ব্যাংককে সরকারি অর্থায়নে বারবার টিকিয়ে রাখলে রাষ্ট্রের আর্থিক সক্ষমতার ওপর চাপ তৈরি হবে। তাই সহায়তার আগে দায় নির্ধারণ, সম্পদ উদ্ধার এবং সংশ্লিষ্ট মালিকদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে হবে।
তৃতীয়ত, রাজনৈতিক সদিচ্ছার ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। সংস্কারের ফলে প্রভাবশালী ঋণগ্রহীতা বা ব্যবসায়ী গোষ্ঠীর স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই তাদের চাপ বা প্রভাবের কারণে যেন তদন্ত, ঋণ আদায় কিংবা আইন প্রয়োগ বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে হবে। চতুর্থত, ব্যাংক একীভূতকরণ ও পুনর্গঠনে প্রযুক্তিগত জটিলতা রয়েছে। বিভিন্ন ব্যাংকের তথ্যপ্রযুক্তি ব্যবস্থা, মানবসম্পদ, ঋণ হিসাব এবং সম্পদ-দায়ের সমন্বয় যথাযথভাবে না হলে নতুন প্রতিষ্ঠানেও পরিচালনাগত সমস্যা তৈরি হতে পারে। পঞ্চমত, পুঁজিবাজার ও বন্ড মার্কেটের দুর্বলতা দীর্ঘমেয়াদি অর্থায়নের ক্ষেত্রে ব্যাংকের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। শিল্পপ্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদি ঋণের জন্য বাণিজ্যিক ব্যাংকের ওপর নির্ভরশীল থাকায় ব্যাংকের সম্পদ ও দায়ের মধ্যে মেয়াদগত অসামঞ্জস্য তৈরি হচ্ছে। তাই পুঁজিবাজার ও বন্ড মার্কেটের উন্নয়নও ব্যাংক খাত সংস্কারের অংশ হওয়া প্রয়োজন।
সম্পাদকীয় পর্যবেক্ষণ: সংস্কারের সাফল্য নির্ভর করবে জবাবদিহির ওপর। ব্যাংক খাতের বর্তমান সংকট শুধু আর্থিক ব্যবস্থাপনার ব্যর্থতা নয়; এটি প্রাতিষ্ঠানিক সুশাসন, নিয়ন্ত্রক স্বাধীনতা এবং জবাবদিহির দীর্ঘদিনের দুর্বলতার প্রতিফলন। তাই সংস্কারের লক্ষ্য শুধু খেলাপি ঋণের হার কমানো কিংবা দুর্বল ব্যাংককে একীভূত করার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। ব্যাংক পরিচালনার সংস্কৃতিতে মৌলিক পরিবর্তন আনতে হবে।
এ জন্য কয়েকটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রথমত, বাংলাদেশ ব্যাংকের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করতে হবে। ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন, ঋণ অনুমোদন এবং আর্থিক সিদ্ধান্তে রাজনৈতিক ও ব্যক্তিগত প্রভাব বন্ধে কেন্দ্রীয় ব্যাংককে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। দ্বিতীয়ত, পরিচালনা পর্ষদে নিয়োগের ক্ষেত্রে পেশাগত যোগ্যতা, অভিজ্ঞতা, সততা এবং স্বার্থের সংঘাতমুক্ত অবস্থানকে অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট পক্ষের ঋণ ও বৃহৎ ঋণগ্রহীতাদের ওপর কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে।
তৃতীয়ত, ইচ্ছাকৃত ঋণখেলাপি, জালিয়াতি এবং অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ আইনি ব্যবস্থা নিতে হবে। বিদেশে পাচার করা অর্থ উদ্ধারে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থা ও দেশের সঙ্গে কার্যকর সহযোগিতা বাড়াতে হবে। চতুর্থত, ব্যাংকের নিরীক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে হবে। নিরীক্ষা প্রতিষ্ঠানের ভুল তথ্য প্রদান, অনিয়মে সহযোগিতা কিংবা আর্থিক ক্ষতি গোপনের প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।
পঞ্চমত, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, কৃষি, রপ্তানিমুখী শিল্প এবং উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ সচল রাখতে হবে। বড় ঋণখেলাপিদের কারণে প্রকৃত উদ্যোক্তারা যেন প্রয়োজনীয় অর্থায়ন থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করা জরুরি। ষষ্ঠত, সংস্কারের অগ্রগতি পরিমাপের জন্য নির্দিষ্ট সময়সীমা ও পরিমাপক নির্ধারণ করতে হবে। কত টাকা খেলাপি ঋণ আদায় হলো, মূলধন ঘাটতি কতটা কমল, কতটি ব্যাংকের আর্থিক অবস্থার উন্নতি হলো এবং আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার সক্ষমতা কতটা বাড়ল—এসব তথ্য নিয়মিত প্রকাশ করা প্রয়োজন।
ঘোষণার চেয়ে বাস্তবায়নই বড় পরীক্ষা। বাংলাদেশের ব্যাংক খাত বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। দীর্ঘদিনের অনিয়ম, রাজনৈতিক প্রভাব, পরিবারতন্ত্র এবং দুর্বল তদারকির কারণে যে আর্থিক সংকট তৈরি হয়েছে, তা রাতারাতি দূর করা সম্ভব নয়। তবে প্রকৃত আর্থিক অবস্থা প্রকাশ, ব্যাংক রেজল্যুশন আইন প্রণয়ন, আমানত সুরক্ষা জোরদার, পাঁচটি ইসলামী ব্যাংকের একীভূতকরণ, ঝুঁকিভিত্তিক তদারকি এবং আন্তর্জাতিক সহযোগিতায় দীর্ঘমেয়াদি সংস্কার পরিকল্পনা গ্রহণের মাধ্যমে পরিবর্তনের একটি ভিত্তি তৈরি হয়েছে।
তবে খেলাপি ঋণের ৩২ শতাংশের বেশি হার, ২২টি ব্যাংকের বিপুল মূলধন ঘাটতি এবং দুর্বল ব্যাংকগুলোর আর্থিক সংকট প্রমাণ করে যে পুনরুদ্ধারের পথ এখনো দীর্ঘ। বিশেষ করে ব্যাংকের অর্থ ফেরত আনা, অনিয়মের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং আমানতকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা না করা পর্যন্ত সংস্কারের সাফল্য পরিমাপ করা সম্ভব নয়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ব্যাংক কোনো ব্যক্তি, পরিবার কিংবা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি জনগণের আমানতনির্ভর একটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান। তাই ব্যাংক পরিচালনায় ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে আমানতকারীদের নিরাপত্তা, অর্থনীতির প্রয়োজন এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
অতএব, ব্যাংক খাতের সংস্কারে আর কেবল ঘোষণা, নীতিমালা কিংবা নতুন আইন প্রণয়ন যথেষ্ট নয়। প্রয়োজন আইনের নিরপেক্ষ প্রয়োগ, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা, পেশাদার পরিচালনা, দ্রুত ঋণ আদায় এবং দৃশ্যমান জবাবদিহি। এসব নিশ্চিত করা গেলে বাংলাদেশের ব্যাংক খাত আবারও অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিনিয়োগের শক্তিশালী ভিত্তি হয়ে উঠতে পারে। অন্যথায় সুশাসনের অভাবে সৃষ্ট এই সংকটের আর্থিক ও সামাজিক মূল্য শেষ পর্যন্ত বহন করতে হবে সাধারণ আমানতকারী, উদ্যোক্তা এবং পুরো দেশকে।

