দীর্ঘদিনের আর্থিক সংকট থেকে পদ্মা ব্যাংককে পুনরুদ্ধার এবং আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে পদ্মা ব্যাংক পিএলসিকে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। এখন থেকে ব্যাংকটির আর্থিক সক্ষমতা পুনর্গঠন ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন বিভাগের পরিচালক মাহমুদুন নবীর স্বাক্ষরে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে সার্কুলারটি পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘদিনের আর্থিক দুর্বলতা পদ্মা ব্যাংকের সংকটকে আরও গভীর করেছে। খেলাপি ঋণের বাড়তি চাপ, মূলধনের ঘাটতি, তারল্য সংকট এবং সুশাসনের অভাব ব্যাংকটির আর্থিক অবস্থাকে নাজুক করে তুলেছে। এসব সমস্যা কাটিয়ে উঠতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে নিবিড় তদারকি, তারল্য সহায়তা এবং বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হলেও ব্যাংকটির অবস্থার টেকসই উন্নতি হয়নি।
এ পরিস্থিতিতে ব্যাংকটির সামগ্রিক আর্থিক সক্ষমতা এবং ভবিষ্যতে কার্যকরভাবে পরিচালিত হওয়ার সম্ভাবনা পর্যালোচনা করে রেজল্যুশন প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অন্যতম লক্ষ্য আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের আর্থিক ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখা।
ব্যাংক রেজল্যুশন আইন-২০২৬ অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক পদ্মা ব্যাংকের জন্য উপযুক্ত ও কার্যকর পুনর্গঠন কৌশল নির্ধারণ এবং তা বাস্তবায়ন করবে। তবে এ প্রক্রিয়ার অংশ হিসেবে আপাতত ব্যাংকটিতে কোনো প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ফলে গ্রাহকদের জন্য ব্যাংকটির দৈনন্দিন কার্যক্রমে আপাতত কোনো পরিবর্তন আসছে না। স্বাভাবিক ব্যাংকিং লেনদেন ও গ্রাহকসেবা আগের মতোই চালু থাকবে।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখা, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের আস্থা আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। তাদের প্রত্যাশা, এই সংস্কারমূলক উদ্যোগের মাধ্যমে পদ্মা ব্যাংকের চলমান সংকট কাটিয়ে ওঠার পাশাপাশি দেশের সামগ্রিক আর্থিক খাত আরও শক্তিশালী ও টেকসই ভিত্তি পাবে।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় পদ্মা ব্যাংককে ব্যাংক রেজল্যুশন আইনের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়।
ব্যাংক রেজল্যুশন আইন অনুযায়ী, কোনো ব্যাংক স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনায় অক্ষম হয়ে পড়লে কিংবা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হলে আর্থিক ব্যবস্থার বড় ধরনের ঝুঁকি এড়াতে নিয়ন্ত্রক সংস্থা বিশেষ ব্যবস্থা নিতে পারে। মূলত ব্যাংকের মূলধন ঘাটতি ও তারল্য সংকট মোকাবিলা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় এ আইন প্রয়োগ করা হয়।

