অন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া বাড়ি ও ব্যক্তিগত ঋণ ৮.৯৯ শতাংশ সুদে অধিগ্রহণ বা টেকওভার করার বিশেষ সুবিধা চালু করেছে ডাচ্-বাংলা ব্যাংক। এর ফলে বেশি সুদে ঋণ নেওয়া গ্রাহকেরা তুলনামূলক কম সুদে ঋণ স্থানান্তরের সুযোগ পাবেন। পাশাপাশি নতুন করে বাড়ি, গাড়ি ও ব্যক্তিগত ঋণ নিলে সুদ দিতে হবে ৯.৫০ শতাংশ।
ব্যাংকটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঋণ টেকওভার এবং এর পাশাপাশি নেওয়া অতিরিক্ত ঋণের ক্ষেত্রে কোনো প্রসেসিং ফি দিতে হবে না। নতুন ঋণ ও স্থানান্তর করা ঋণ, উভয় ক্ষেত্রেই প্রথম ১২ মাস সুদহার অপরিবর্তিত থাকবে। বিশেষ এই সুবিধা চলবে ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
ঋণ টেকওভারের অর্থ হলো, কোনো গ্রাহক আগে একটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার পর সেটি অন্য ব্যাংকে স্থানান্তর করবেন। নতুন ব্যাংক পুরোনো ঋণের বকেয়া অর্থ পরিশোধ করে গ্রাহকের কাছ থেকে নতুন শর্তে কিস্তি আদায় করবে। ফলে আগের তুলনায় সুদের হার কম হলে গ্রাহকের মাসিক কিস্তির চাপও কমতে পারে। তবে প্রকৃত সাশ্রয় নির্ভর করবে বাকি ঋণের পরিমাণ, মেয়াদ ও নতুন ঋণের শর্তের ওপর।
ডাচ্-বাংলা ব্যাংকের এই উদ্যোগের পেছনে রয়েছে ভালো ঋণগ্রহীতা আকৃষ্ট করার প্রতিযোগিতা। ব্যাংকারদের মতে, নিয়মিত কিস্তি পরিশোধের ইতিহাস রয়েছে এমন গ্রাহকদের নিজেদের ঋণ পোর্টফোলিওতে যুক্ত করতে চায় ব্যাংকগুলো। বর্তমানে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে ধীরগতির কারণে অনেক ব্যাংকে ঋণের চাহিদা তুলনামূলক কম। ফলে কিছু ব্যাংকের হাতে উদ্বৃত্ত তারল্য থাকলেও তা কাজে লাগানোর সুযোগ সীমিত। এ অবস্থায় কম সুদে ঋণ টেকওভারের মাধ্যমে নতুন গ্রাহক পাওয়ার পাশাপাশি ব্যাংকগুলো তাদের হাতে থাকা অর্থ ঋণ হিসেবে বিতরণের সুযোগ পাচ্ছে।
আগ্রহী গ্রাহকেরা ডাচ্-বাংলা ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা, ফাস্ট ট্র্যাক ও এজেন্ট ব্যাংকিং আউটলেটে প্রাথমিক তথ্য দিয়ে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত জানতে ব্যাংকটির হটলাইন ১৬২১৬ নম্বরেও যোগাযোগ করা যাবে।

