ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিভিন্ন ঋণসুবিধা ও ব্যাংকিং সেবা সম্পর্কে তথ্য দিতে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলায় অংশ নিয়েছে এনআরবিসি ব্যাংক পিএলসি। মেলায় ব্যাংকটির স্টলে উদ্যোক্তারা এসএমই ঋণ, অর্থায়ন সুবিধা ও অন্যান্য ব্যাংকিং সেবা সম্পর্কে জানতে পারছেন।
সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্যাংকটির স্টল উদ্বোধন করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিল্প মন্ত্রণালয়ের অধীন এসএমই ফাউন্ডেশন আয়োজিত সাত দিনব্যাপী এ মেলা ২২ নভেম্বর শুরু হয়েছে, চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। এতে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন।
এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান বলেন, কর্মসংস্থান সৃষ্টি, নতুন উদ্যোক্তা তৈরি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে কৃষি ও কৃষিভিত্তিক শিল্পসহ এসএমই খাতে সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমন্বয় করে প্রকৃত উদ্যোক্তাদের কাছে ঋণ ও পুনঃঅর্থায়ন সুবিধা পৌঁছে দিতে কাজ করছে ব্যাংকটি।
তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে ব্যাংকিং সেবা সম্প্রসারণ, নতুন উদ্যোক্তা তৈরি এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল করাই তাঁদের লক্ষ্য। বর্তমানে এনআরবিসি ব্যাংকের ১০৯টি শাখা ও ৪০০টি উপশাখার মাধ্যমে সারা দেশে ব্যাংকিং সেবা দেওয়া হচ্ছে।

