Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্যাংকে পরিবারতন্ত্রে লাগাম, ফিরবে কি আমানতকারীর আস্থা?
    ব্যাংক

    ব্যাংকে পরিবারতন্ত্রে লাগাম, ফিরবে কি আমানতকারীর আস্থা?

    নিউজ ডেস্কনভেম্বর 26, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    একজন পরিচালক দীর্ঘদিন দায়িত্ব পালন করলে ব্যাংকের অভ্যন্তরে নিজস্ব প্রভাববলয় তৈরি করার সুযোগ পান। ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ, কর্মকর্তাদের পদোন্নতি, ঋণ অনুমোদন, অভ্যন্তরীণ নিরীক্ষা ও ঝুঁকি ব্যবস্থাপনার ওপর তার প্রভাব বাড়তে পারে।

    ব্যাংক কোম্পানি আইনে পরিচালকদের দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে দুই মেয়াদে সর্বোচ্চ ছয় বছর এবং একই পরিবারের পরিচালকের সংখ্যা তিন থেকে কমিয়ে দুজনে সীমাবদ্ধ করার উদ্যোগ ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি ইতিবাচক ও দীর্ঘদিনের প্রত্যাশিত পদক্ষেপ। বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের মাধ্যমে অতীতের কয়েকটি ভুল নীতি সংশোধনের সুযোগ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের ব্যাংক খাতে নির্দিষ্ট ব্যক্তি, পরিবার ও ব্যবসায়ী গোষ্ঠীর হাতে ক্ষমতার কেন্দ্রীকরণ ব্যাংকগুলোর আর্থিক স্বাস্থ্যের অবনতির অন্যতম কাঠামোগত কারণ। বিভিন্ন সময়ে ব্যাংক কোম্পানি আইন সংশোধনের মাধ্যমে এ কেন্দ্রীকরণকে আরো উৎসাহিত করা হয়েছে।
    ফলে ব্যাংক পরিচালনায় পেশাদারত্ব, স্বচ্ছতা, জবাবদিহি ও আর্থিক শৃঙ্খলা দুর্বল হয়েছে। ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইন বিভিন্ন সময়ে সংশোধন করা হয়েছে। সর্বশেষ ২০২৩ সালের ২২ জুন জাতীয় সংসদে ব্যাংক কোম্পানি (সংশোধন) বিল পাসের মাধ্যমে পরিচালকদের মেয়াদ বাড়িয়ে ১২ বছর করা হয় এবং একই পরিবারের পরিচালকের সংখ্যা তিনজন করা হয়। আরো উদ্বেগজনক বিষয় ছিল, ২০২৩ সালের সংশোধিত আইন কার্যকর হওয়ার সময় থেকে পরিচালকদের মেয়াদ নতুন করে গণনার সুযোগ দেয়া হয়।

    অর্থাৎ যারা এরই মধ্যে প্রায় নয় বছর দায়িত্ব পালন করেছেন, তারা আরো ১২ বছর পরিচালনা পর্ষদে থাকার সুযোগ পান। এছাড়া ১২ বছরের মেয়াদ শেষে মাত্র তিন বছরের বিরতি দিয়ে আবার পরিচালক হওয়ার সুযোগ রাখা হয়। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, পরিচালকদের মেয়াদ বাড়ানোর প্রস্তাব বাংলাদেশ ব্যাংকের প্রস্তুত করা মূল খসড়ায় ছিল না। কেন্দ্রীয় ব্যাংকের প্রস্তাব ছাড়াই এবং সংসদে পর্যাপ্ত আলোচনা ছাড়াই এমন গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা নীতিনির্ধারণে ব্যাংক পরিচালকদের যে বিরাট প্রভাব ছিল সেটাই বোঝা যায়।

    পারিবারিক আধিপত্য ব্যাংকের জন্য নানাভাবে ক্ষতিকর হতে পারে। ব্যাংক অন্য কোনো পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানের মতো নয়। ব্যাংকের উদ্যোক্তারা মোট তহবিলের একটি ছোট অংশ মূলধন হিসেবে বিনিয়োগ করেন। ব্যাংকের ঋণযোগ্য তহবিলের বড় অংশ আসে সাধারণ মানুষের আমানত থেকে। অথচ বিপুল পরিমাণ অর্থ ব্যবহারের নীতিনির্ধারণের ক্ষমতা থাকে পরিচালনা পর্ষদের হাতে।

    একই পরিবারের একাধিক সদস্য পরিচালনা পর্ষদে থাকলে ব্যাংকের প্রাতিষ্ঠানিক স্বার্থের চেয়ে পারিবারিক ব্যবসায়িক স্বার্থ প্রাধান্য পাওয়ার আশঙ্কা থাকে। তারা সংখ্যাগরিষ্ঠ না হলেও সম্মিলিতভাবে অন্য পরিচালকদের সিদ্ধান্ত প্রভাবিত করতে পারেন। এতে পর্ষদের অভ্যন্তরীণ নজরদারি ও জবাবদিহি দুর্বল হয়ে পড়ে। পারিবারিক নিয়ন্ত্রণের কারণে নিজেদের মালিকানাধীন বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ঋণ দেয়া, ঋণের সর্বোচ্চ সীমা অতিক্রম, অপর্যাপ্ত জামানতের বিপরীতে ঋণ অনুমোদন এবং ঋণ পুনঃতফসিলে বিশেষ সুবিধা দেয়ার ঝুঁকি বাড়ে।

    এক ব্যাংকের পরিচালক অন্য ব্যাংকের পরিচালকের সঙ্গে পারস্পরিক সমঝোতার মাধ্যমেও ঋণ সুবিধা নিতে পারেন। একই ব্যবসায়ী গোষ্ঠীর কাছে বিপুল পরিমাণ ঋণ কেন্দ্রীভূত হলে ব্যাংকের ঝুঁকি বাড়ে। একাধিক ব্যাংকের সঙ্গে ওই গোষ্ঠীর ঋণ সম্পর্ক থাকলে এ ঝুঁকি পুরো ব্যাংকিং ব্যবস্থায় ছড়িয়ে পড়তে পারে।

    এখানে অর্থনৈতিক ও নৈতিক উভয় ধরনের সমস্যা রয়েছে। পরিচালকরা ব্যক্তিগত ব্যবসায়িক সুবিধা লাভ করলেও তাদের সিদ্ধান্তের কারণে ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে তার দায় বহন করতে হয় আমানতকারী, সাধারণ শেয়ারধারী ও ক্ষেত্রবিশেষে করদাতাদের। অর্থনীতির পরিভাষায় এটি এক ধরনের নৈতিক ঝুঁকি।

    একজন পরিচালক দীর্ঘদিন দায়িত্ব পালন করলে ব্যাংকের অভ্যন্তরে নিজস্ব প্রভাববলয় তৈরি করার সুযোগ পান। ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ, কর্মকর্তাদের পদোন্নতি, ঋণ অনুমোদন, অভ্যন্তরীণ নিরীক্ষা ও ঝুঁকি ব্যবস্থাপনার ওপর তার প্রভাব বাড়তে পারে। এ ধরনের পরিস্থিতিতে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও সততার পরিবর্তে পরিচালকদের প্রতি আনুগত্য গুরুত্ব পেতে পারে। ঋণ কর্মকর্তারা ঝুঁকিপূর্ণ ঋণ অনুমোদনের বিরোধিতা করতে সংকোচ বোধ করেন।

    অভ্যন্তরীণ নিরীক্ষায় অনিয়ম ধরা পড়লেও তা প্রকাশ বা সংশোধন করা কঠিন হয়ে পড়ে। দীর্ঘদিন ক্ষমতায় থাকায় পরিচালকরা নিয়ন্ত্রক সংস্থা ও নীতিনির্ধারকদের সঙ্গেও প্রভাবভিত্তিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ পান। ব্যাংক পরিচালক, প্রভাবশালী ঋণখেলাপি ও নীতিনির্ধারকদের মধ্যে স্বার্থের যোগসূত্র তৈরি হলে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে। একপর্যায়ে নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানই নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তকে প্রভাবিত করতে সক্ষম হয়। অর্থনীতির পরিভাষায় একে ‘রেগুলেটরি ক্যাপচার’ বলা হয়।

    দীর্ঘমেয়াদের পক্ষে অভিজ্ঞতা ও নীতির ধারাবাহিকতার যুক্তি দেয়া হয়। কিন্তু একটি ব্যাংকের প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা কোনো নির্দিষ্ট ব্যক্তির উপস্থিতির ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়। দক্ষ ব্যবস্থাপনা ও পর্যায়ক্রমে পরিচালক পরিবর্তনের মাধ্যমে সে ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব।

    ব্যাংক খাতের সুশাসন দুর্বল হওয়ায় আর্থিক স্বাস্থ্যের ক্রমাগত অবনতি হয়েছে। গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ। অবলোপন করা ঋণ, আদালতের স্থগিতাদেশের আওতায় থাকা ঋণ ও ঝুঁকিপূর্ণ পুনঃতফসীলকৃত ঋণ বিবেচনায় নিলে ব্যাংক খাতের দুর্দশাগ্রস্ত সম্পদের প্রকৃত পরিমাণ আরো বেশি হতে পারে।

    তবে খেলাপি ঋণ বৃদ্ধির পুরোটা পারিবারিক আধিপত্য কিংবা পরিচালকদের দীর্ঘমেয়াদের কারণে ঘটেনি। সামষ্টিক অর্থনৈতিক সংকট, ব্যবসার প্রতিকূল পরিবেশ ও ঋণ শ্রেণীকরণে কঠোরতারও ভূমিকা রয়েছে। কিন্তু দীর্ঘদিনের প্রভাবনির্ভর ঋণ বিতরণ, ঋণ জালিয়াতি ও ঋণ আদায়ে শিথিলতা বর্তমান সংকটের গুরুত্বপূর্ণ কাঠামোগত কারণ। খেলাপি ঋণ বৃদ্ধির ফলে ব্যাংকের সুদ আয় কমেছে, সঞ্চিতি ও মূলধন ঘাটতি বেড়েছে এবং নতুন ঋণ দেয়ার সক্ষমতা কমেছে। অতীতে সরকারি অর্থ দিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মূলধন ঘাটতি পূরণ করা হলেও তাদের আর্থিক অবস্থার টেকসই উন্নতি হয়নি। কারণ সংকটের মূল কারণ অর্থাৎ সুশাসনের অভাব দূর করা হয়নি।

    নতুন সংশোধনীর ফলে ব্যাংক খাতে বিভিন্ন সুফল আসতে পারে। প্রথমত, পরিচালকদের মেয়াদ ও পারিবারিক প্রতিনিধিত্ব কমানো হলে পর্ষদে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার সুযোগ বাড়বে। সিদ্ধান্ত গ্রহণে ভিন্নমত প্রকাশ এবং জবাবদিহি নিশ্চিত করা সহজ হবে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অধিকতর স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারবে।

    দ্বিতীয়ত, নতুন খেলাপি ঋণ সৃষ্টি কমানোর ক্ষেত্রে এ সংস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ব্যক্তিগত সম্পর্ক ও গোষ্ঠীগত প্রভাবের পরিবর্তে ঋণগ্রহীতার আর্থিক সক্ষমতা, ব্যবসার সম্ভাবনা এবং ঋণ পরিশোধের সামর্থ্যের ভিত্তিতে ঋণ অনুমোদনের সুযোগ বাড়বে। প্রভাবশালী ঋণগ্রহীতাদের বিশেষ সুবিধা দেয়ার প্রবণতা কমলে ঋণ আদায় কার্যক্রম শক্তিশালী হবে।

    তৃতীয়ত, ব্যাংকের আর্থিক সম্পদ বণ্টনের দক্ষতা বাড়বে। কয়েকটি বড় ব্যবসায়ী গোষ্ঠীর কাছে বিপুল পরিমাণ ঋণ কেন্দ্রীভূত না হয়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, নতুন ব্যবসাপ্রতিষ্ঠান এবং উৎপাদনশীল খাতে অর্থায়নের সুযোগ বাড়বে। এতে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংক খাতের অবদান বাড়তে পারে।

    চতুর্থত, ব্যাংকের পরিচালন দক্ষতা ও আর্থিক সক্ষমতার উন্নতি ঘটতে পারে। ঋণের গুণগত মান উন্নত হলে ঋণজনিত ক্ষতি ও সঞ্চিতি সংরক্ষণের চাপ কমবে। ব্যাংকের প্রকৃত মুনাফা ও মূলধন পরিস্থিতির উন্নতি হবে। যোগ্যতার ভিত্তিতে কর্মকর্তা নিয়োগ, পরিচালন ব্যয় নিয়ন্ত্রণ ও উন্নত প্রযুক্তি ব্যবহারের সুযোগ বাড়বে।

    পঞ্চমত, আর্থিক শৃঙ্খলা ও আমানতকারীদের আস্থা বাড়বে। পরিচালক নিজেরা নিয়ম মেনে চললে অন্য ঋণগ্রহীতাদের কাছ থেকেও নিয়ম পরিপালন নিশ্চিত করা সহজ হবে। দীর্ঘমেয়াদে জনগণের করের অর্থ দিয়ে দুর্বল ব্যাংকগুলোকে উদ্ধারের প্রয়োজন কমতে পারে।

    তবে এ সংশোধনীর মাধ্যমে কত শতাংশ খেলাপি ঋণ কমানো সম্ভব হবে, তা এখনই বলা যাবে না। পরিচালনা পর্ষদের সংস্কার মূলত নতুন খেলাপি ঋণ সৃষ্টি প্রতিরোধে ভূমিকা রাখবে। বিদ্যমান খেলাপি ঋণ আদায়ের জন্য পৃথক পদক্ষেপ প্রয়োজন।

    সংস্কারের কার্যকারিতা নিশ্চিত করতে কয়েকটি বিষয় পরিপালন করতে হবে। পরিবারের সদস্যদের পরিবর্তে তাদের মনোনীত ব্যক্তি বা ব্যবসায়িক অংশীদারদের মাধ্যমে একই পরিবার যাতে নিয়ন্ত্রণ বজায় রাখতে না পারে, তা নিশ্চিত করতে হবে। প্রস্তাবিত সংশোধনীতে একই পরিবারের সদস্যদের সরাসরি প্রতিনিধিত্ব কমানোর পাশাপাশি ওই পরিবারের মালিকানাধীন বা নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে পরোক্ষ প্রতিনিধিত্বের সুযোগও সীমিত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিচালকের সংখ্যা সর্বোচ্চ দুই থেকে একজনে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। মন্ত্রী, সংসদ সদস্য ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের ব্যাংকের পরিচালক হওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞার প্রস্তাব দেয়া হয়েছে। এসব উদ্যোগ পারিবারিক ও রাজনৈতিক প্রভাব কমাতে সহায়ক হবে।

    স্বতন্ত্র পরিচালকদের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে হবে। পেশাগত যোগ্যতা, সততা ও অভিজ্ঞতার ভিত্তিতে তাদের নিয়োগ দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা ও তদারকির সক্ষমতা বাড়াতে হবে। খেলাপি ঋণ আদায়ে অর্থঋণ আদালতের সক্ষমতা বৃদ্ধি এবং ঋণ-সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে।

    পরবর্তী পদক্ষেপ হচ্ছে সংশোধনীকে আইনে পরিণত করা। বাংলাদেশ ব্যাংকের সুপারিশের ভিত্তিতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সংশোধনীর চূড়ান্ত খসড়া প্রস্তুত করেছে। এখনো এটি আইনে পরিণত হয়নি। অর্থমন্ত্রীর সম্মতি ও প্রয়োজনীয় আইনি যাচাইয়ের পর খসড়াটি মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এরপর সংশোধনী বিল জাতীয় সংসদে উত্থাপন, প্রয়োজনীয় পর্যালোচনা ও আলোচনা শেষে পাস করতে হবে। রাষ্ট্রপতির সম্মতি ও সরকারি গেজেটে প্রকাশের মাধ্যমে সংশোধনী আইন কার্যকর করার প্রক্রিয়া সম্পন্ন হবে।

    এ প্রক্রিয়ায় কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর চাপে প্রস্তাবিত গুরুত্বপূর্ণ বিধানগুলো যাতে শিথিল করা না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। আইন কার্যকর হওয়ার পর বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশনা জারি, বিদ্যমান পরিচালকদের মেয়াদ গণনার পদ্ধতি ও পর্ষদ পুনর্গঠনের সময়সীমা নির্ধারণ করতে হবে।

    অতীতে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কর্মসূচির আওতায় ব্যাংক খাতে কিছু সংস্কার করা হলেও পরবর্তী সময়ে সেগুলো থেকে সরে আসার প্রবণতা দেখা গেছে। এবার সংস্কার করতে হবে বাংলাদেশের অর্থনীতির নিজস্ব প্রয়োজনেই। ব্যাংক কোম্পানি আইনের সংশোধনের মূল উদ্দেশ্য হতে হবে পরিবার ও ব্যক্তিকেন্দ্রিক ব্যাংকিং ব্যবস্থা থেকে প্রতিষ্ঠানকেন্দ্রিক, পেশাদার, দক্ষ এবং জবাবদিহিমূলক ব্যাংকিং ব্যবস্থায় উত্তরণ। ব্যাংকের উদ্যোক্তাদের বৈধ ব্যবসায়িক স্বার্থ অবশ্যই সুরক্ষিত থাকবে। সে স্বার্থ কখনই আমানতকারীদের স্বার্থ ও দেশের আর্থিক স্থিতিশীলতার ঊর্ধ্বে থাকতে পারে না। বর্তমান সংশোধনী সে লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর দ্রুত আইনি অনুমোদন এবং নিরপেক্ষ ও ধারাবাহিক বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

    লেখক: ড. ফাহমিদা খাতুন- অর্থনীতিবিদ ও সম্মাননীয় ফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলার ঘটনায় উদ্বেগ বাংলাদেশ ব্যাংকের

    নভেম্বর 26, 2026
    পুঁজিবাজার

    শেয়ারবাজার কি এখনও আতঙ্ক নাকি আস্থার জায়গা?

    নভেম্বর 26, 2026
    আন্তর্জাতিক

    কংগ্রেস হাতছাড়া হওয়ার পরও কেন আরও শুল্ক বসাচ্ছেন ট্রাম্প?

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.