Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কংগ্রেস হাতছাড়া হওয়ার পরও কেন আরও শুল্ক বসাচ্ছেন ট্রাম্প?
    আন্তর্জাতিক

    কংগ্রেস হাতছাড়া হওয়ার পরও কেন আরও শুল্ক বসাচ্ছেন ট্রাম্প?

    নিউজ ডেস্কনভেম্বর 26, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রয়টার্স

    মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধাক্কার পর ডোনাল্ড ট্রাম্পের সামনে রাজনৈতিক বাস্তবতা বদলে গেছে। কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে যাওয়ায় প্রেসিডেন্ট হিসেবে শেষ দুই বছরে আইনসভা দিয়ে নিজের অর্থনৈতিক কর্মসূচি এগিয়ে নেওয়া তাঁর জন্য অনেক কঠিন হবে। সেই পরিস্থিতিতে কংগ্রেসের অনুমোদনের ওপর তুলনামূলক কম নির্ভর করতে হয়- এমন একটি পুরোনো অস্ত্রকেই আবার সামনে আনছেন তিনি: শুল্ক।

    বুধবার চীন, জাপান ও ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্রের ১৪টি বড় বাণিজ্যিক অংশীদারের বিভিন্ন পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। কিছু ক্ষেত্রে এই হার সর্বোচ্চ ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে। তবে যেসব দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে কিংবা আলোচনা চলছে, সেখানে কার্যকর হার সাধারণত ১০ থেকে ২০ শতাংশের মধ্যে সীমিত থাকতে পারে।

    মাত্র তিন সপ্তাহ আগে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে অর্থনীতি ও মূল্যস্ফীতি নিয়ে ভোটার অসন্তোষ রিপাবলিকানদের বড় ক্ষতির অন্যতম কারণ বলে দলের ভেতরেই আলোচনা চলছে। তারপরও ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণা ইঙ্গিত দিচ্ছে, জনমত কিংবা নির্বাচনী ধাক্কা তাঁর বহুদিনের বাণিজ্য দর্শন বদলাতে পারেনি।

    কংগ্রেস হাতছাড়া, তাই শুল্কেই বাড়তি ভরসা

    ট্রাম্পের কাছে শুল্ক কেবল আমদানির ওপর কর নয়। তাঁর প্রশাসনের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বিদেশি সরকারকে ছাড় দিতে বাধ্য করা, কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রে উৎপাদন স্থানান্তরে উৎসাহিত করা, সরকারি রাজস্ব বাড়ানো এবং শ্রমজীবী ভোটারদের কাছে অর্থনৈতিক জাতীয়তাবাদের বার্তা দেওয়ার হাতিয়ার হিসেবেও তিনি শুল্ককে দেখেন।

    সোমবার সিএনবিসিকে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রে নতুন নতুন কারখানা গড়ে উঠছে কেবল এই শুল্কের কারণেই।’

    তবে অর্থনীতির এই রূপান্তরের শুরুতে কিছুটা ‘মাথাব্যথা’ বা ভোগান্তি হতে পারে বলেও স্বীকার করেন তিনি।

    রাজনৈতিকভাবে এই নীতি এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ প্রতিনিধি পরিষদ ও সিনেটে ডেমোক্র্যাটদের প্রভাব বাড়ায় করনীতি, ব্যয় অথবা বড় অর্থনৈতিক সংস্কার আইন আকারে পাস করানো ট্রাম্পের জন্য আগের তুলনায় কঠিন হবে।

    ফলে নির্বাহী কর্তৃত্বের মাধ্যমে যেসব অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া যায়, শুল্ক তার মধ্যে অন্যতম শক্তিশালী হাতিয়ার হয়ে উঠছে।

    ভোটারদের বড় অংশই বলছেন শুল্কে ক্ষতি হয়েছে

    ট্রাম্পের এই অবস্থানের সঙ্গে ভোটারদের একটি বড় অংশের মূল্যায়নের স্পষ্ট ব্যবধান রয়েছে।

    সংবাদমাধ্যমগুলোর জন্য এসএসআরএস পরিচালিত বুথফেরত জরিপে দেখা গেছে, প্রায় দুই-তৃতীয়াংশ ভোটার মনে করেন ট্রাম্পের শুল্কনীতি যুক্তরাষ্ট্রের জাতীয় অর্থনীতির ক্ষতি করেছে।

    অন্যদিকে ২১ শতাংশ বলেছেন, শুল্ক অর্থনীতিকে সহায়তা করেছে। আরও ১২ শতাংশ মনে করেন এর উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি।

    ইয়েল ইউনিভার্সিটির বাজেট ল্যাবের চলতি মাসের শুরুর হিসাব অনুযায়ী, শুল্কের কারণে গড়ে প্রতিটি মার্কিন পরিবারের বার্ষিক ব্যয় প্রায় ৯০০ ডলার বেড়েছে।

    রিপাবলিকান দলের ভেতরেও বিষয়টি নিয়ে অস্বস্তি রয়েছে।

    নেব্রাস্কার বিদায়ী রিপাবলিকান প্রতিনিধি ডন বেকন বলেছেন, শুল্ক শেষ পর্যন্ত আমেরিকান ভোক্তাদের ওপরই একধরনের কর হিসেবে পড়ে। দলের নির্বাচনী পরাজয়ের পেছনে শুল্কজনিত মূল্যস্ফীতিকে দায়ী করে তিনি এ বিষয়ে কংগ্রেসের কর্তৃত্ব আবার শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।

    বাতিল হওয়া পুরোনো কাঠামোর জায়গায় নতুন ব্যবস্থা

    নতুন শুল্ক ঘোষণা হঠাৎ করে আসেনি। যুক্তরাষ্ট্রের বড় বাণিজ্যিক অংশীদারদের উৎপাদন ও বাণিজ্যনীতি নিয়ে প্রায় আট মাস ধরে পর্যালোচনা চালিয়েছে প্রশাসন।

    এর মাধ্যমে মূলত ২০২৫ সালে ট্রাম্প যে ব্যাপক শুল্ক কাঠামো চালু করেছিলেন, সেটিকে নতুন আইনি ভিত্তিতে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

    গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগের পর্যায়ের ব্যাপকভিত্তিক শুল্কব্যবস্থাকে অবৈধ ঘোষণা করে বাতিল করেছিলেন।

    এবার সেই ব্যবস্থার পরিবর্তিত রূপ আনা হয়েছে ভিন্ন আইনি কাঠামোর মাধ্যমে।

    ঘোষণাটিও আগের মতো আড়ম্বরপূর্ণ ছিল না। থ্যাংকসগিভিং ছুটির ঠিক আগে ট্রাম্পের প্রধান বাণিজ্য আলোচক জেমিসন গ্রিয়ার অনেকটা আনুষ্ঠানিকতা ছাড়াই নতুন সিদ্ধান্ত প্রকাশ করেন।

    ২০২৫ সালে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ‘লিবারেশন ডে’ উপলক্ষে শুল্ক ঘোষণার সময় ট্রাম্প নিজেই বড় আয়োজন করেছিলেন। এবার তিনি ছিলেন তুলনামূলক নীরব।

    তবে বাজারের প্রতিক্রিয়া এসেছে দ্রুত। ঘোষণার পর বুধবার এসঅ্যান্ডপি ৫০০ সূচক শূন্য দশমিক ২৫ শতাংশ কমে যায়।

    কয়েক দিন আগেই এনভিডিয়ার প্রধান নির্বাহী হিসেবে জেনসেন হুয়াংকে ফেরাতে ট্রাম্পের হস্তক্ষেপের পর প্রযুক্তি শেয়ারে বড় উত্থান দেখা দিয়েছিল। যদিও সেই ঊর্ধ্বগতি পরে অনেকটাই থিতিয়ে আসে।

    ডেমোক্র্যাটদের অভিযোগ, ‘কিছুই শেখেনি’ রিপাবলিকানরা

    নতুন শুল্ক ঘোষণার পরই ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আক্রমণ শুরু করেছেন ডেমোক্র্যাটরা।

    তাঁদের অভিযোগ, নির্বাচনে জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি নিয়ে ভোটাররা অসন্তোষ জানালেও প্রেসিডেন্ট সেই বার্তা আমলে নিচ্ছেন না।

    ডেমোক্র্যাটরা আরও বলছেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কারণে তেলের উৎপাদন ও নৌবাণিজ্যে বিঘ্ন সৃষ্টি হয়েছে, যা মূল্যস্ফীতির ওপর বাড়তি চাপ তৈরি করেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের মিত্রদের ওপর নতুন করে শুল্ক বসালে ভোক্তাদের ব্যয় আরও বাড়তে পারে।

    ম্যাসাচুসেটসের ডেমোক্র্যাট আইনপ্রণেতা এবং প্রতিনিধি পরিষদের সম্ভাব্য সংখ্যাগরিষ্ঠ নেতা ক্যাথরিন ক্লার্ক এক্সে লিখেছেন, ‘রিপাবলিকানরা কিছুই শেখেনি।’

    তাঁদের যুক্তি, মিত্রদেশগুলোর পণ্যে শুল্ক বসিয়ে চীনের আক্রমণাত্মক বাণিজ্যনীতির মোকাবিলা করা যাবে না।

    ট্রাম্প বলছেন, শুল্কেই ফিরছে কারখানা ও রাজস্ব

    হোয়াইট হাউস অবশ্য সমালোচনাগুলো প্রত্যাখ্যান করছে।

    প্রশাসনের বক্তব্য, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র একপেশে বাণিজ্য ব্যবস্থার শিকার হয়েছে এবং সেই ভারসাম্য বদলানোই ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান লক্ষ্য।

    হোয়াইট হাউসের মুখপাত্র ম্যাথিউ মিডলটন বলেন, ‘আমেরিকান শ্রমিক, কৃষক ও ব্যবসায়ীরা যাতে একপেশে বাণিজ্য চুক্তির ফাঁদে না পড়েন, তা নিশ্চিত করাই প্রেসিডেন্ট ট্রাম্পের “মেক আমেরিকা গ্রেট এগেইন” আন্দোলনের মূল ভিত্তি।’

    শুল্ক এখন ফেডারেল সরকারের রাজস্বেরও গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে। বিশেষ করে ২০২৫ সালে ব্যক্তিগত কর কমানোর পর আমদানি শুল্ক থেকে পাওয়া অর্থ বাজেটের জন্য বাড়তি সহায়তা দিচ্ছে।

    এমনকি ট্রাম্পের রাজনৈতিক বিরোধী শিবিরের সঙ্গে ঘনিষ্ঠ কিছু শ্রমিক সংগঠনও তাঁর কিছু পদক্ষেপকে সমর্থন করছে।

    ২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদের সমর্থন দেওয়া ইউনাইটেড স্টিলওয়ার্কার্সের আন্তর্জাতিক প্রেসিডেন্ট রোক্সান ব্রাউন নতুন পদক্ষেপকে ‘দেরিতে হলেও সঠিক’ বলে স্বাগত জানিয়েছেন।

    এই সমর্থনই ট্রাম্পের দীর্ঘদিনের একটি রাজনৈতিক হিসাবকে শক্তি দেয়—শুল্কের কারণে পণ্যের দাম বাড়লেও শিল্পাঞ্চলের শ্রমিকদের একটি অংশ যদি মনে করেন এতে দেশে কারখানা ও চাকরি ফিরছে, তাহলে নীতিটি রাজনৈতিকভাবে কার্যকর হতে পারে।

    কিন্তু মধ্যবর্তী নির্বাচনের ফল এবং সাম্প্রতিক জরিপ বলছে, সেই হিসাব এখন আর এতটা সরল নয়।

    ট্রাম্পের সামনে তাই শেষ দুই বছরে একটি দ্বৈত পরীক্ষা। একদিকে তাঁকে প্রমাণ করতে হবে শুল্ক সত্যিই যুক্তরাষ্ট্রে বিনিয়োগ, কর্মসংস্থান ও রাজস্ব বাড়াতে পারে। অন্যদিকে তাঁকে সামলাতে হবে একই নীতির কারণে পণ্যের দাম বাড়ার অভিযোগ এবং এমন এক কংগ্রেস, যেখানে তাঁর দলের আগের নিয়ন্ত্রণ আর নেই।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিশ্ব অর্থনীতি

    ইরানি মুদ্রার ফের রেকর্ড পতন, এক ডলারে ২৮ লাখ ৫৬ হাজার রিয়াল

    নভেম্বর 26, 2026
    আন্তর্জাতিক

    মালয়েশিয়ায় অভিবাসন পাসের শর্ত ভঙ্গে শীর্ষে বাংলাদেশিরা, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

    নভেম্বর 26, 2026
    আইন আদালত

    মা বাবার বিচ্ছেদে শিশুর অধিকার ও আইনের ফাঁক

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.