দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের ক্রমবর্ধমান চাপ সামাল দিতে প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে বড় ধরনের কাঠামোগত সংস্কারের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যাংক খাতের বিশেষজ্ঞরা। তাঁদের মতে, বারবার ঋণ পুনঃতফসিল, পুনর্গঠন, সুদ মওকুফ এবং বিশেষ কিস্তি সুবিধা দিয়েও খেলাপি ঋণ কমানো সম্ভব হয়নি। বরং এসব সুবিধার কারণে ঋণ পরিশোধের শৃঙ্খলা দুর্বল হয়েছে। প্রভাবশালী ঋণগ্রহীতাদের একটি অংশ দায় এড়িয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, অন্যদিকে অনাদায়ি ঋণের বোঝা বেড়েই চলেছে।
বিশেষজ্ঞদের প্রস্তাবের মধ্যে রয়েছে খেলাপি ঋণ ব্যবস্থাপনা ও আদায়ের জন্য স্বাধীন সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গঠন, ব্যবসায়িক সংকটে পড়া প্রকৃত উদ্যোক্তাদের সঙ্গে ইচ্ছাকৃত ঋণখেলাপিদের পার্থক্য নির্ধারণ এবং ঋণ জালিয়াতিতে জড়িত ব্যক্তি ও ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া। তাঁদের মতে, শুধু ঋণ পরিশোধের সময় বাড়িয়ে কিংবা সুদে ছাড় দিয়ে এ সংকটের সমাধান হবে না। প্রয়োজন কার্যকর তদারকি, জবাবদিহি এবং ঋণ আদায়ের শক্তিশালী ব্যবস্থা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে শ্রেণীকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ২৭ হাজার ৪০০ কোটি টাকা। মোট বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ৮ শতাংশ এখন শ্রেণীকৃত। এর মধ্যে ৫ লাখ ৮১ হাজার ৪৯৫ কোটি টাকা বা ৯২ দশমিক ৬৮ শতাংশই মন্দ ও ক্ষতিজনক ঋণ হিসেবে চিহ্নিত হয়েছে। অর্থাৎ এসব ঋণ আদায়ের সম্ভাবনা অত্যন্ত সীমিত।
মাত্র তিন মাসে শ্রেণীকৃত ঋণ বেড়েছে প্রায় ২০ হাজার ৮৫০ কোটি টাকা। অথচ একই সময়ে ব্যাংকগুলোর মোট ঋণের পরিমাণ বেড়েছে মাত্র ৫ হাজার ৬০০ কোটি টাকা। এ চিত্র থেকে বোঝা যায়, নতুন ঋণ বিতরণের তুলনায় পুরোনো ঋণ খেলাপি হওয়ার প্রবণতা অনেক বেশি।
খেলাপি ঋণের পাশাপাশি ব্যাংকগুলো বড় ধরনের নিরাপত্তা সঞ্চিতির ঘাটতিতেও পড়েছে। নিয়ম অনুযায়ী ৪ লাখ ৮২ হাজার ৫২০ কোটি টাকা সংরক্ষণ করার প্রয়োজন থাকলেও ব্যাংকগুলো রেখেছে ২ লাখ ৬৪ হাজার ১৮২ কোটি টাকা। ফলে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৩৯ কোটি টাকা।
এর মধ্যে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর ঘাটতি ৭৪ হাজার ৮৩ কোটি টাকা। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর ঘাটতি আরও বেশি, ১ লাখ ৪৫ হাজার ১৯৫ কোটি টাকা। তবে বিদেশি ব্যাংকগুলো প্রয়োজনের তুলনায় ৯৬৭ কোটি টাকা বেশি নিরাপত্তা সঞ্চিতি রেখেছে।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, বাংলাদেশ ব্যাংকের নমনীয় নীতিমালা খেলাপি ঋণ নিয়ন্ত্রণে কার্যকর হয়নি। বরং বছরের পর বছর বিভিন্ন ছাড় দেওয়ার ফলে সমস্যাটি আরও গভীর হয়েছে। ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তিনি করপোরেট সুশাসন, কার্যকর নিয়ন্ত্রক তদারকি এবং জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরীর মতে, বর্তমান সরকারও খেলাপি ঋণ মোকাবিলায় আগের সরকারের অনুসৃত পদ্ধতি থেকে বের হতে পারেনি। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে বড় অঙ্কের খেলাপি ঋণ পুনর্গঠনের ক্ষেত্রে ঋণগ্রহীতাদের ১৫ বছরে ঋণ পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে। এ জন্য প্রাথমিক জমা দিতে হচ্ছে মাত্র ২ শতাংশ। অথচ আগে প্রথমবার ঋণ পুনঃতফসিল করতে ১০ শতাংশ জমা দিতে হতো এবং সর্বোচ্চ দুইবার এ সুযোগ নেওয়া যেত।
স্বাধীন সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব
বিশেষজ্ঞদের মতে, খেলাপি ঋণ মোকাবিলায় বারবার ছাড় দেওয়ার পরিবর্তে সমস্যাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনার জন্য আলাদা ও স্বাধীন প্রতিষ্ঠান গঠন করা যেতে পারে। এ প্রতিষ্ঠান ব্যাংকগুলোর কাছ থেকে খেলাপি ঋণ কিনে নিয়ে সেগুলো আদায়, পুনর্গঠন কিংবা বিক্রির মাধ্যমে অর্থ ফেরত আনার চেষ্টা করবে।
এ ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য কার্যকর হতে পারে। ১৯৯৭ সালের এশীয় আর্থিক সংকটের পর দক্ষিণ কোরিয়ায় খেলাপি ঋণ বেড়ে গেলে তা মোকাবিলায় গঠন করা হয় কোরিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট করপোরেশন। প্রতিষ্ঠানটি ব্যাংক থেকে কম দামে সমস্যাগ্রস্ত ঋণ কিনে নিত। এরপর ঋণগ্রহীতার সম্পদ, জামানত ও ব্যবসার ভবিষ্যৎ সম্ভাবনা যাচাই করে ঋণ আদায়, পুনর্গঠন কিংবা সম্পদ বিক্রির উদ্যোগ নিত।
একই সময়ে দক্ষিণ কোরিয়া দুর্বল ব্যাংকগুলোর পুনর্গঠন ও একীভূতকরণের পাশাপাশি সক্ষম প্রতিষ্ঠানগুলোকে মূলধন সহায়তাও দেয়। এর ফলে ব্যাংকগুলো পুরোনো খেলাপি ঋণের চাপ কমিয়ে নতুন ঋণ বিতরণে মনোযোগ দেওয়ার সুযোগ পায়।
১৯৯৮ সালের আর্থিক সংকটের পর মালয়েশিয়াও একই ধরনের প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেয়। দেশটি এ সংকট মোকাবিলায় তিনটি বিশেষ প্রতিষ্ঠান গঠন করে। দানাহার্তা খেলাপি ঋণ ও জামানত ব্যবস্থাপনার দায়িত্ব নেয়। দানামোডাল দুর্বল ব্যাংকগুলোকে মূলধন সহায়তা দেয় এবং পুনর্গঠনে কাজ করে। অন্যদিকে করপোরেট ঋণ পুনর্গঠন কমিটি ঋণদাতা ও ঋণগ্রহীতাদের মধ্যে সমঝোতার মাধ্যমে সংকটে থাকা ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেয়।
এ ব্যবস্থায় যেসব ব্যবসার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা ছিল, সেগুলোকে পুনরায় কার্যক্রম শুরুর সুযোগ দেওয়া হয়। আর ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে নেওয়া হয় কঠোর ব্যবস্থা।
থাইল্যান্ডও আদালতের বাইরে ঋণ নিষ্পত্তি, বিশেষ ঋণ পুনর্গঠন ব্যবস্থা এবং সমস্যাগ্রস্ত সম্পদ বিক্রির উদ্যোগ নিয়েছিল। অন্যদিকে জাপান ও সুইডেন আর্থিকভাবে অকার্যকর প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে দেউলিয়াত্ব ও অবসায়ন প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেয়।
এসব দেশের অভিজ্ঞতা থেকে বিশেষজ্ঞরা মনে করেন, যেসব ব্যবসার ঘুরে দাঁড়ানোর বাস্তব সম্ভাবনা রয়েছে, সেগুলোকে সহায়তা দিতে হবে। তবে যেসব প্রতিষ্ঠান ঋণ পরিশোধে অক্ষম কিংবা ইচ্ছাকৃতভাবে ঋণ পরিশোধ এড়িয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে বারবার ছাড় না দিয়ে আদায় ও আইনি ব্যবস্থা জোরদার করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরি দক্ষিণ কোরিয়ার কোরিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট করপোরেশন এবং মালয়েশিয়ার দানাহার্তার আদলে বাংলাদেশেও একটি স্বাধীন সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব দিয়েছেন। তাঁর মতে, স্বচ্ছ মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে ব্যাংকগুলো থেকে খেলাপি ঋণ কিনে নিয়ে প্রতিষ্ঠানটি পরে সেসব ঋণ আদায়, পুনর্গঠন কিংবা বিক্রি করতে পারে।
তবে এ ধরনের প্রতিষ্ঠান গঠনের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি বলে সতর্ক করেছেন তিনি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো ব্যাংক যেন অতিরিক্ত দামে খেলাপি ঋণ বিক্রি করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকতে হবে। ঋণ ও জামানতের প্রকৃত মূল্য নির্ধারণে স্বাধীন নিরীক্ষার ব্যবস্থাও বাধ্যতামূলক করার পরামর্শ দিয়েছেন তিনি।
প্রকৃত ব্যবসায়ী ও ইচ্ছাকৃত খেলাপিদের আলাদা করার তাগিদ
বিশেষজ্ঞরা বলছেন, ঋণ পরিশোধে ব্যর্থ সব ব্যবসায়ীকে একইভাবে বিবেচনা করা ঠিক হবে না। প্রকৃত ব্যবসায়িক সংকটে পড়া উদ্যোক্তা এবং পরিকল্পিতভাবে ঋণ পরিশোধ না করা ঋণখেলাপিদের আলাদা করে ব্যবস্থা নিতে হবে।
জাহিদ হোসেনের মতে, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ডলারের সংকট, জ্বালানি ও কাঁচামালের মূল্যবৃদ্ধির মতো নিয়ন্ত্রণের বাইরে থাকা কারণে অনেক ব্যবসায়ী ঋণ পরিশোধে সমস্যায় পড়েছেন। তাঁদের ব্যবসা সচল রাখার সুযোগ দেওয়া প্রয়োজন।
অন্যদিকে রাজনৈতিক প্রভাব কিংবা ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে ঋণ নিয়ে সেই অর্থ অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে কিছু ঋণগ্রহীতার বিরুদ্ধে। এ ধরনের ইচ্ছাকৃত খেলাপিদের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ থাকা উচিত নয়।
প্রকৃত ব্যবসায়িক সংকটে থাকা উদ্যোক্তাদের ক্ষেত্রে ঋণ পুনর্গঠন, নতুন বিনিয়োগকারী যুক্ত করা, ঋণকে মালিকানায় রূপান্তর এবং আদালতের বাইরে বাণিজ্যিক সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে এসব সুবিধা দেওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, ব্যবসার ভবিষ্যৎ সম্ভাবনা এবং ঋণ পরিশোধের বাস্তব সক্ষমতা ভালোভাবে যাচাই করতে হবে।
অন্যদিকে ইচ্ছাকৃত ঋণখেলাপিদের সম্পদ শনাক্ত, সরিয়ে নেওয়া অর্থের সন্ধান, জামানত জব্দ এবং আইনি কার্যক্রম দ্রুত শেষ করার ওপর জোর দিয়েছেন তাঁরা। ঋণ জালিয়াতিতে সহায়তাকারী ব্যাংক কর্মকর্তা ও পরিচালকদেরও জবাবদিহির আওতায় আনতে হবে।
দ্রুত আইনি ব্যবস্থা ছাড়া ঋণ আদায় কঠিন
খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে দীর্ঘ বিচারিক প্রক্রিয়াও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অর্থঋণ আদালতে দায়ের করা অনেক মামলা বছরের পর বছর নিষ্পত্তি না হওয়ায় ব্যাংকগুলো জামানত বিক্রি করে অর্থ আদায় করতে পারছে না। এ দীর্ঘসূত্রতার মধ্যে জামানতের মূল্য কমে যায়। আবার অনেক ঋণগ্রহীতা সম্পদ অন্যের নামে হস্তান্তর করে অর্থ আদায়ের প্রক্রিয়াকে আরও জটিল করে তোলেন।
এ সমস্যা সমাধানে অর্থঋণ আদালতে বিশেষ বেঞ্চ গঠন, মামলা পরিচালনায় ডিজিটাল ব্যবস্থাপনা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা নিষ্পত্তির সময়সীমা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি খেলাপি ঋণগ্রহীতারা যাতে সম্পদ হস্তান্তরের মাধ্যমে দায় এড়াতে না পারেন, সে জন্য দ্রুত সম্পদ জব্দের আইনি ক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন তাঁরা।
নতুন ঋণ বিতরণে অনিয়ম ঠেকাতে ব্যাংকগুলোর তদারকি জোরদার, বড় অঙ্কের ঋণের নিয়মিত পর্যবেক্ষণ এবং ব্যাংক ব্যবস্থাপনা ও পরিচালকদের জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও বলেছেন বিশেষজ্ঞরা।
তাঁদের মতে, প্রাতিষ্ঠানিক সংস্কার, কার্যকর ঋণ আদায়, দ্রুত আইনি প্রয়োগ এবং জবাবদিহি—এই চারটি বিষয় একসঙ্গে নিশ্চিত করা না গেলে খেলাপি ঋণের সংকট কাটবে না। বারবার ঋণ পরিশোধে ছাড় দিয়ে সাময়িক স্বস্তি তৈরি করা সম্ভব হলেও তাতে ব্যাংক খাতের মূল সমস্যা আরও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।

