নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি ও আবাসন খাতে বাড়তি চাহিদার প্রেক্ষাপটে গৃহঋণ নীতিমালা সহজ ও হালনাগাদ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিতে গ্রাহক কত টাকা পর্যন্ত গৃহঋণ পাবেন, তা নির্ভর করবে সংশ্লিষ্ট ব্যাংকের গৃহঋণে খেলাপি ঋণের হারের ওপর।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, যেসব ব্যাংকের গৃহঋণে খেলাপি ঋণের হার ভালো অবস্থানে আছে, সেসব ব্যাংক বাড়ি বা ফ্ল্যাট কিনতে গ্রাহকদের সর্বোচ্চ ৪ কোটি টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে। গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ–১ এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে।
নির্দেশনায় বলা হয়েছে, কোনো ব্যাংকের গৃহঋণে খেলাপি ঋণের হার ৫ শতাংশ বা তার কম হলে একজন গ্রাহক সর্বোচ্চ ৪ কোটি টাকা পর্যন্ত গৃহঋণ নিতে পারবেন। খেলাপি ঋণের হার ৫ শতাংশের বেশি কিন্তু ১০ শতাংশের মধ্যে হলে সর্বোচ্চ ঋণসীমা নির্ধারণ করা হয়েছে ৩ কোটি টাকা। আর খেলাপি ঋণের হার ১০ শতাংশের বেশি হলে সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত গৃহঋণ দেওয়া যাবে।
নতুন নীতিমালায় আরও বলা হয়েছে, বাড়ি বা ফ্ল্যাটের মোট মূল্যের সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ব্যাংক ঋণ হিসেবে দেওয়া যাবে। বাকি অন্তত ৩০ শতাংশ অর্থ গ্রাহককে নিজ উদ্যোগে দিতে হবে। একই সঙ্গে ঋণ অনুমোদনের আগে ব্যাংককে নিশ্চিত হতে হবে যে, গ্রাহকের পর্যাপ্ত আয় রয়েছে এবং তিনি নিয়মিত কিস্তি পরিশোধে সক্ষম।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ বিষয়ে আগে জারি করা সব সার্কুলার বাতিল করে নতুন এই নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন নীতিমালা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

