কোরবানির ঈদকে সামনে রেখে চামড়া সংরক্ষণে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। এবার কোরবানির পরবর্তী সাত দিন দেশের কোনো স্থান থেকে ঢাকায় চামড়া প্রবেশ করতে দেওয়া হবে না। একই সঙ্গে চামড়া সংরক্ষণে শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিকের মাধ্যমে বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে।
গতকাল সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের চতুর্থ অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
মন্ত্রী বলেন, কোরবানির সময় একটি চামড়াও যাতে নষ্ট না হয়, সে লক্ষ্যে মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট মসজিদ ও মাদ্রাসার দায়িত্বশীলদের নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে কোরবানির পর চামড়া সংগ্রহ ও সংরক্ষণ করা হবে।
তিনি জানান, অতীতে ন্যায্য দাম না পেয়ে কেউ কেউ ক্ষোভে চামড়া মাটিতে পুঁতে ফেলেছেন বা ফেলে দিয়েছেন। এমন পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারি উদ্যোগে বিসিকের মাধ্যমে প্রতিটি এলাকায় বিনামূল্যে লবণ পৌঁছে দেওয়া হবে। কোরবানির পর চামড়ায় লবণ প্রয়োগ করে সংরক্ষণ নিশ্চিত করা হবে। একই সঙ্গে ঈদের পর সাত দিন কোনো ট্রাকে চামড়া পরিবহন করা যাবে না।
মন্ত্রী আরও বলেন, ঈদের পরপরই চামড়া ঢাকায় চলে এলে একসঙ্গে চাপ তৈরি হয়। এই চাপ কমাতে এবার বিকেন্দ্রীকরণ কৌশল নেওয়া হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে চামড়া ছাড়ানো ও সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ এবং সচেতনতা কার্যক্রম জোরদার করা হবে।

