দেশের বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো আবারও চালু করতে চায় সরকার। এজন্য চীনের সহায়তা নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে দেশের পাট শিল্পকে আধুনিক করতে চীনের প্রযুক্তিগত সহায়তাও চেয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর আইসিসিবি–তে আয়োজিত বাংলাদেশ–চীন সবুজ বস্ত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, চীনা বিনিয়োগ আরও বাড়ানোর মাধ্যমে দেশের শিল্পখাতে নতুন গতি আনা সম্ভব। বন্ধ থাকা কারখানাগুলো পুনরায় চালু করতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে কাজ করছে চীন। সবুজ বস্ত্র খাতে প্রযুক্তিগত সহযোগিতা আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিচ্ছে বাংলাদেশ ও চীনের শীর্ষ বস্ত্র ও পোশাক খাতের কোম্পানি, বিনিয়োগকারী, প্রযুক্তিবিদ এবং ব্যবসায়ী প্রতিনিধিরা। এখানে পরিবেশবান্ধব ও পুনর্ব্যবহারযোগ্য বস্ত্র প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি সেমিনার ও আলোচনা সভায় দুই দেশের উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। তিন দিনব্যাপী এই প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এটি আগামী ১৬ মে শেষ হবে।

