দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতে চালান কমে যাওয়ার প্রভাবে মে মাসে বাংলাদেশের সার্বিক রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ কমেছে। মাস শেষে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৪ দশমিক ৪০ বিলিয়ন ডলার।
আজ বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মে মাসে তৈরি পোশাক রপ্তানি আগের বছরের তুলনায় ৮ দশমিক ২৯ শতাংশ কমে ৩ দশমিক ৫৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত সময়েও রপ্তানি খাতে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। এ সময়ে পোশাক রপ্তানি কমে যাওয়ায় সার্বিক রপ্তানি ২ দশমিক ৫৫ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৭৯ বিলিয়ন ডলারে।
একই সময়ে তৈরি পোশাক রপ্তানি আগের বছরের ৩৬ দশমিক ৫৬ বিলিয়ন ডলার থেকে কমে ৩৫ দশমিক ৩১ বিলিয়ন ডলারে নেমে এসেছে, যা ৩ দশমিক ৪১ শতাংশ কম।
এর আগে টানা ৮ মাস পতনের পর গত এপ্রিলে রপ্তানি কিছুটা ঘুরে দাঁড়ালেও মে মাসে আবারও পতন দেখা দেওয়ায় সেই ইতিবাচক ধারা ধরে রাখা সম্ভব হয়নি।

