বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হওয়ায় নবনির্বাচিত সকল পরিচালকদের অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি।
অভিনন্দনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বিজিএমইএর পরিচালক ও ফ্যাশন ওয়াচের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ আহমেদ সালাম, চৈতী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান এবং আলফা প্যাটার্নস (বিডি) লিমিটেডের পরিচালক (অপারেশন) ইসরাফিল খসরুসহ নবনির্বাচিত সকল পরিচালক।
সংগঠনটির পক্ষ থেকে এক বিশেষ বার্তায় সভাপতি মাহমুদ হাসান খান নবনির্বাচিতদের প্রতি এই অভিনন্দন জানান। তিনি বলেন, পোশাক খাত থেকে নির্বাচিত পরিচালকদের এই অর্জন পুরো বিজিএমইএ পরিবারের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয়।
তিনি আরও আশা প্রকাশ করেন, পোশাকশিল্পের উদ্যোক্তারা যেভাবে বৈশ্বিক অর্থনীতিতে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করছেন, ঠিক তেমনি তারা তাদের দীর্ঘ করপোরেট অভিজ্ঞতা ও ক্রিকেটপ্রেম কাজে লাগিয়ে দেশের ক্রিকেটকে আন্তর্জাতিক অঙ্গনে আরও উচ্চতায় নিয়ে যাবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর নবনির্বাচিত পরিচালকদের সাফল্য, সুস্বাস্থ্য এবং পুরো বোর্ডের ধারাবাহিক অগ্রগতিও কামনা করেছে বিজিএমইএ।

