যানবাহনের কর ও ফি আদায়ে রেকর্ড পরিমাণ অনলাইন লেনদেন বৃদ্ধির কারণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চলমান অনলাইন ব্যাংকিং সেবা চুক্তিতে আরও ২১ কোটি ৪২ লাখ টাকার অতিরিক্ত ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকার। ফলে পাঁচ বছরের এই প্রকল্পের মোট ব্যয় বেড়ে দাঁড়াচ্ছে প্রায় ২৪০ কোটি টাকা।
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২১ সালে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে যানবাহনের কর ও ফি আদায়ের জন্য কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস)-এর সঙ্গে চুক্তি করে বিআরটিএ। সে সময় ৪ কোটি ৫০ লাখ লেনদেনের ভিত্তিতে চুক্তির মূল্য নির্ধারণ করা হয়েছিল।
কিন্তু ড্রাইভিং লাইসেন্স, যানবাহন নিবন্ধন ও মালিকানা পরিবর্তনের মতো সেবাগুলো অনলাইনে সহজ হওয়া এবং বিভিন্ন সময় জরিমানা মওকুফের সুবিধা দেওয়ায় প্রত্যাশার চেয়ে অনেক বেশি মানুষ ডিজিটাল সেবা গ্রহণ করেন। এতে অতিরিক্ত প্রায় ৪৫ লাখ লেনদেন যুক্ত হওয়ায় চুক্তির ব্যয়ও বাড়াতে হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, অনলাইন সেবার ব্যবহার বৃদ্ধি একদিকে যেমন ডিজিটাল রূপান্তরের ইতিবাচক ইঙ্গিত, অন্যদিকে বাড়তি লেনদেন সামাল দিতে অবকাঠামোগত ব্যয়ও বৃদ্ধি পাচ্ছে। বিআরটিএর মতে, কর ও ফি আদায়ে স্বচ্ছতা এবং সেবা সহজীকরণের ফলে রাজস্ব আদায়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

