হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট ইউনিট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিটে দীর্ঘদিন ধরে আটকে থাকা বিভিন্ন ধরনের পণ্য বিশেষ ই-নিলামের মাধ্যমে বিক্রির উদ্যোগ নিয়েছে কাস্টমস হাউস, ঢাকা। রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ, নিরাপত্তা ঝুঁকি কমানো এবং কার্যক্রম আরও গতিশীল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, এসব মালামাল ‘যে অবস্থায় আছে সে অবস্থায়’ ভিত্তিতে অনলাইনে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। আগ্রহী ক্রেতাদের জন্য নির্ধারিত ই-অকশন প্ল্যাটফর্মে দরপত্র আহ্বান করা হয়েছে।
নিয়ম অনুযায়ী, কোনো লটের ক্ষেত্রে প্রথম নিলামে সংরক্ষিত মূল্য পূরণ না হলেও সর্বোচ্চ দরদাতার কাছেই পণ্য বিক্রি করা হবে। এই প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে বলে জানিয়েছে এনবিআর।
নিলামে অংশ নিতে আগ্রহীরা ১৯ জুন সকাল ৯টা থেকে ২ জুলাই দুপুর ১টা পর্যন্ত অনলাইনে নিবন্ধন ও দরপত্র জমা দিতে পারবেন। পাশাপাশি সরেজমিনে পণ্য পরিদর্শনের সুযোগও রাখা হয়েছে, যাতে ক্রেতারা যাচাই করে দর দিতে পারেন।
নিলাম প্রক্রিয়ায় অংশ নিতে অনলাইনে বিড জমা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় জামানতের পে-অর্ডার এবং কাগজপত্র নির্ধারিত স্থানে জমা দিতে হবে। সব প্রক্রিয়া স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে সম্পন্ন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এনবিআর আরও জানিয়েছে, ই-অকশন সফটওয়্যারের মাধ্যমে অংশগ্রহণকারীদের তথ্য ২ জুলাই দুপুর ৩টায় কাস্টমস হাউস ঢাকার সম্মেলন কক্ষে প্রকাশ করা হবে। কর্তৃপক্ষ আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে বিমানবন্দরে জমে থাকা পণ্য দ্রুত নিষ্পত্তি হবে এবং কাস্টমস কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল হবে।

