দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক বাজার থেকে আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিঙ্গাপুরভিত্তিক দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে এই এলএনজি কেনা হবে। এতে সরকারের মোট ব্যয় হবে প্রায় ১ হাজার ৩৫৬ কোটি টাকা।
আজ বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫-এর বিধি ১০৫(৩)(ক) অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ (আরএফকিউ-ইন্টারন্যাশনাল) পদ্ধতিতে এলএনজি ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ২০২৬ সালের ১৪ ও ১৫ জুলাই সরবরাহের জন্য ৩১তম কার্গো এবং ২০ ও ২১ জুলাই সরবরাহের জন্য ৩৩তম কার্গো এলএনজি আমদানি করা হবে। এ দুটি কার্গো কেনার জন্য মোট ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৫৫ কোটি ৮২ লাখ টাকা।
সুপারিশপ্রাপ্ত দরদাতাদের মধ্যে সিঙ্গাপুরের আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে একটি এবং গুনভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে একটি কার্গো এলএনজি সংগ্রহ করা হবে।
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটি পর্যালোচনা শেষে অনুমোদনের সুপারিশ করে। পরে বৈঠকে সেটি চূড়ান্ত অনুমোদন পায়। জ্বালানি খাতসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দেশে গ্যাসের চাহিদা ধারাবাহিকভাবে বাড়ছে। সেই চাহিদা পূরণ এবং সরবরাহ ব্যবস্থা সচল রাখতে আন্তর্জাতিক বাজার থেকে নিয়মিত এলএনজি আমদানি অব্যাহত রাখা হচ্ছে।

