দেশের তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ সদস্য কারখানাগুলোকে একটি চীনা ফ্যাব্রিক সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে নতুন কোনো ব্যবসায়িক চুক্তি না করার বিষয়ে সতর্ক করেছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বাণিজ্যিক চুক্তি না মানার অভিযোগ উঠেছে।
গত ২৩ জুন জারি করা এক নোটিশে বিজিএমইএ জানায়, ফ্যাশন পাওয়ার বাংলাদেশ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান চীনের চাংঝৌ ফিটজোন ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগে বলা হয়, চীনা সরবরাহকারী প্রতিষ্ঠানটি ব্যবসায়িক চুক্তি ও প্রতিশ্রুতি যথাযথভাবে পূরণ করেনি। এর ফলে ফ্যাশন পাওয়ার বাংলাদেশ লিমিটেড আর্থিক ক্ষতি ও ব্যবসায়িক জটিলতার মুখে পড়েছে। বিজিএমইএ আরও জানায়, বিষয়টি বর্তমানে তারা পর্যালোচনা করছে।
দেশের তৈরি পোশাক শিল্পের স্বার্থ রক্ষার কথা উল্লেখ করে সংগঠনটি সদস্য প্রতিষ্ঠানগুলোকে এই কোম্পানির সঙ্গে লেনদেনের আগে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং যথাযথ যাচাই-বাছাই করার পরামর্শ দিয়েছে। এতে ক্রয়াদেশ দেওয়া, ঋণপত্র (এলসি) খোলা কিংবা নতুন চুক্তি করার বিষয়গুলোও অন্তর্ভুক্ত।
নোটিশে কঠোরভাবে সতর্ক করে বলা হয়, যদি কোনো সদস্য প্রতিষ্ঠান বিজিএমইএ-এর এই নির্দেশনা উপেক্ষা করে উল্লিখিত কোম্পানির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করে, তাহলে সেই লেনদেন থেকে সৃষ্ট যেকোনো ঝুঁকি, ক্ষতি বা দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেই বহন করতে হবে।

