জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের ইতিহাসে প্রথমবারের মতো ৪ লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের মাইলফলক অতিক্রম করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সমাপনী বক্তব্যে তিনি বলেন, অর্থনীতিতে স্থবিরতা থাকা সত্ত্বেও সরকারের গত চার মাসের বিভিন্ন সংস্কার ও প্রশাসনিক উদ্যোগের ফলে রাজস্ব আদায়ে গতি এসেছে। এর ফলেই এনবিআর প্রথমবারের মতো ৪ লাখ কোটি টাকার বেশি রাজস্ব সংগ্রহ করতে সক্ষম হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, ব্যবসা-বাণিজ্যের গতি বাড়াতে নেওয়া পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে আগামী অর্থবছরে এনবিআরের জন্য নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রাও অর্জন সম্ভব হবে। একই সঙ্গে সরকার বাজেট ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সরকারি ব্যয়ের দক্ষতা বাড়াতে কাজ করছে।
তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ ২৭ দশমিক ২৭ শতাংশ থেকে বাড়িয়ে ৩৩ দশমিক ৭০ শতাংশ এবং পরিচালন ব্যয় ৭২ দশমিক ৭৩ শতাংশ থেকে কমিয়ে ৬৬ দশমিক ৩০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। ভবিষ্যতেও উন্নয়ন ব্যয় বাড়ানো এবং পরিচালন ব্যয় আরও কমানোর নীতি অব্যাহত থাকবে।
সরকারের ঋণ পরিস্থিতি তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ২০২৪-২৫ অর্থবছর শেষে সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২১ লাখ ৪৪ হাজার ৩৪ কোটি টাকা, যা জিডিপির ৩৮ দশমিক ৬১ শতাংশ। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণ ১১ লাখ ৯৪ হাজার ৮৫৩ কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ৯ লাখ ৪৯ হাজার ১৮১ কোটি টাকা।
তিনি বলেন, আগের সরকারের সময় নেওয়া বিপুল ঋণের দায় এখন বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। তবে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে ঋণ-জিডিপি অনুপাত কমিয়ে ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

