দেশের অর্থনীতিতে ক্ষুদ্র, কুটির, মাইক্রো, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের অবদান অন্তত ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আজ রোববার (৫ জুলাই) ‘জাতীয় অর্থনীতিতে বিসিক শিল্পনগরীসমূহের অবদান ও বিদ্যমান চ্যালেঞ্জ উত্তরণে করণীয়’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত এই কর্মশালা রাজধানীর বিসিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
শিল্পমন্ত্রী বলেন, চলমান প্রকল্পগুলোর পাশাপাশি নতুন প্রকল্পও দ্রুত বাস্তবায়ন করতে হবে, যাতে দেশের শিল্প খাত আরও সম্প্রসারিত হয়। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি আগামী সাত দিনের মধ্যে বিসিকের কর্মকর্তাদের কাছ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দেন।
তিনি জানান, প্রাপ্ত প্রস্তাবগুলো পর্যালোচনা করে দ্রুত বাস্তবায়ন প্রক্রিয়ার পরবর্তী কার্যক্রম শুরু করা হবে। কর্মশালায় বিসিকের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, বিসিক শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি দেশের শিল্পায়নের একটি বাস্তব প্রতিচ্ছবি। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা এবং একটি সমৃদ্ধ দেশ গঠনে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশের মাধ্যমেই একটি সুখী, সমৃদ্ধ ও শিল্পায়িত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে বিসিক ভবিষ্যতেও নিরলসভাবে কাজ চালিয়ে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প সচিব আব্দুন নাসের খান।

