চলতি বছরের মধ্যেই আরও কয়েকটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বেসরকারি খাতে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তাঁর ভাষ্য, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় উৎপাদনে ফিরিয়ে এনে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই সরকারের অন্যতম লক্ষ্য।
আজ বৃহস্পতিবার সকালে বন্ধ পাটকল পুনরায় চালুর লক্ষ্যে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, দীর্ঘদিন ব্যবহারের বাইরে থাকায় রাষ্ট্রীয় অনেক সম্পদ এখন সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। এসব সম্পদকে আবারও উৎপাদনমুখী ও অর্থনৈতিকভাবে কার্যকর সম্পদে পরিণত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে বেসরকারি উদ্যোক্তাদের নতুন বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহায়তা দিতে সরকার প্রস্তুত রয়েছে।
দেশের তৈরি পোশাক রপ্তানির সাম্প্রতিক ধীরগতির বিষয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে প্রত্যাশিত চাহিদা তৈরি হয়নি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের শুল্কনীতি এবং বিশ্ববাণিজ্যে বিদ্যমান মন্দাভাবও বাংলাদেশের পোশাক রপ্তানিতে প্রভাব ফেলছে। তবে বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে রপ্তানি আবারও গতি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সরকারের সঙ্গে টিকে গ্রুপের একটি লিজ চুক্তিও স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, নরসিংদীর বাংলাদেশ জুট মিলসের ১৪ দশমিক ৮০ একর জমি টিকে গ্রুপের কাছে লিজ দেওয়া হয়েছে। এই প্রকল্পে প্রতিষ্ঠানটি প্রায় ১ হাজার ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে। সরকারের আশা, বিনিয়োগ বাস্তবায়িত হলে প্রায় ৩ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

