২০২৭ সালের হজ মৌসুমে জনপ্রতি ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। সরকারের অনুমোদন পেলে এ ভাড়ায় হজ ফ্লাইট পরিচালনা করতে আগ্রহ প্রকাশ করেছে বেসরকারি এয়ারলাইনসটি।
মঙ্গলবার (১৪ জুলাই) এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের সচিবের কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। গত ২০২৬ সালের হজ মৌসুমে জনপ্রতি বিমান ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। সে তুলনায় নতুন প্রস্তাবিত ভাড়া উল্লেখযোগ্যভাবে কম।
ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, ইউএস-বাংলা তাদের চিঠিতে বলেছে, বাংলাদেশের স্বল্প আয়ের ধর্মপ্রাণ মুসলমানরা যাতে কম খরচে হজ পালন করতে পারেন, সে লক্ষ্যেই সব শর্ত পূরণ করে জনপ্রতি ৯৮ হাজার টাকা নেট ভাড়ায় হজ ফ্লাইট পরিচালনার প্রস্তাব দেওয়া হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, হজের বিমান ভাড়া কমানোর বিষয়ে দর-কষাকষির ক্ষেত্রে এ প্রস্তাব ইতিবাচক ভূমিকা রাখবে। বিষয়টি সংশ্লিষ্ট বৈঠকে আলোচনা করা হবে।
বর্তমানে বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাশাপাশি সৌদি আরবের রাষ্ট্রীয় এয়ারলাইনস সাউদিয়া এবং বেসরকারি ফ্লাইনাস এয়ারলাইনস অংশ নিয়ে থাকে।
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, হজের বিমান ভাড়া কমানোর দাবি দীর্ঘদিনের। ইউএস-বাংলার প্রস্তাবটি সংশ্লিষ্ট সভায় আলোচনা করা হবে।
২০২৭ সালের হজ প্যাকেজ চূড়ান্ত করতে মঙ্গলবার সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে বিকেল ৪টায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করবেন।
ধর্মসচিব বলেন, ইউএস-বাংলা জানিয়েছে, অনুমতি পেলে তারা সৌদি আরবের সিভিল অ্যাভিয়েশন অথোরিটির প্রয়োজনীয় অনুমোদন সংগ্রহ করবে। তিনি বলেন, সরকার চায় মানুষ যেন কম খরচে হজ পালন করতে পারেন। এ কারণে বিমান ভাড়া নিয়ে প্রতিযোগিতা সৃষ্টি হওয়াকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

