দেশে বিনিয়োগসেবা আরও সমন্বিত, দ্রুত ও সহজ করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত করে নতুন প্রতিষ্ঠান ‘ইনভেস্ট বাংলাদেশ’ গঠন করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিডার জনসংযোগ দপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ লক্ষ্যে ‘ইনভেস্ট বাংলাদেশ বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। সরকার গেজেট প্রজ্ঞাপন জারি করলে নির্ধারিত তারিখ থেকে আইনটি কার্যকর হবে। একই সময় নতুন পরিচয়ে ইনভেস্ট বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে।
আইন কার্যকর হলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে কাজ করবে ইনভেস্ট বাংলাদেশ। এর মূল লক্ষ্য হলো বিনিয়োগকারীদের জন্য সেবা গ্রহণের প্রক্রিয়া সহজ, দ্রুত ও সমন্বিত করা এবং বিনিয়োগ উন্নয়ন, শিল্পাঞ্চল ব্যবস্থাপনা ও সরকারি-বেসরকারি অংশীদারত্ব কার্যক্রমকে একক প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনা।
বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান এবং পিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী বলেন, বেসরকারি বিনিয়োগ আকর্ষণ, বিনিয়োগকারীদের সহায়তা এবং নীতি-সমর্থনের ক্ষেত্রে কার্যকর পরিবর্তন আনতে সরকারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা অর্জনে বিনিয়োগকারীদের জন্য একটি প্রকৃত ওয়ান-স্টপ সার্ভিস কাঠামো প্রয়োজন, যা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দাবি। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা (ইউএনসিটিএডি)ও ব্যবসা পরিবেশ উন্নয়নের অংশ হিসেবে এ ধরনের একীভূত সংস্থা গঠনের সুপারিশ করেছিল।
তিনি আরও বলেন, নতুন প্রতিষ্ঠান বিনিয়োগকারীদের আরও কার্যকর সেবা দিতে সক্ষম হবে এবং বৈশ্বিক প্রতিযোগিতামূলক বিনিয়োগ বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের মার্চে ঘোষিত সরকারের ১৮০ দিনের ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের গুরুত্বপূর্ণ ধাপ হলো এই বিল পাস। এর মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন ত্বরান্বিত করা, সরকারি-বেসরকারি অংশীদারত্ব সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক পরিবেশ গড়ে তোলা হবে।
নতুন কর্তৃপক্ষের অধীনে বিনিয়োগ-সংক্রান্ত অনুমোদন, নিবন্ধন, আমদানি-রপ্তানি, প্রণোদনা, শিল্পাঞ্চল উন্নয়নসহ বিভিন্ন সরকারি সেবা আরও কার্যকরভাবে সমন্বয় করা হবে। পাশাপাশি সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স, ওয়ান-স্টপ সার্ভিস, অনুমোদন ও লাইসেন্সিং প্রক্রিয়ার ডিজিটালাইজেশন এবং বিনিয়োগসংশ্লিষ্ট সব সেবাকে একক ডিজিটাল প্ল্যাটফর্মে আনার সুযোগ তৈরি হবে।
বিলে ঘোষিত শিল্পাঞ্চল, অর্থনৈতিক অঞ্চল ও মুক্ত বাণিজ্য অঞ্চলকে সমন্বিত কাঠামোর আওতায় আনা, লাইসেন্স ও অনুমোদনের সময়সীমা নির্ধারণ, পিপিপি প্রকল্প অনুমোদনের কাঠামো স্পষ্ট করা, ক্ষুদ্র পিপিপি প্রকল্পে সহজ অনুমোদনের ব্যবস্থা এবং অব্যবহৃত সরকারি জমি, স্থাপনা, শেয়ার ও স্বত্ব উৎপাদনশীল কাজে ব্যবহারের বিধান রাখা হয়েছে।
বিডা জানিয়েছে, আইন কার্যকর হলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ আইন, ২০১৫ এবং ওয়ান-স্টপ সার্ভিস আইন, ২০১৮ রহিত হবে। এসব আইনের অধীন দায়িত্ব ও কার্যক্রম নতুন প্রতিষ্ঠান ইনভেস্ট বাংলাদেশ-এর আওতায় একীভূত হবে।

