চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে (বিইজেড) ৩ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেড। এ বিনিয়োগের মাধ্যমে একটি আধুনিক টেক্সটাইল উৎপাদন কারখানা স্থাপন করবে প্রতিষ্ঠানটি।
বেপজা জানিয়েছে, নতুন এ শিল্প প্রকল্প দেশের বস্ত্র খাতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি স্থানীয় শিল্পের সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখবে।
আজ শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকল্প বাস্তবায়নের জন্য গত ১৬ জুলাই ঢাকার বেপজা কমপ্লেক্সে বেপজা ও হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেডের মধ্যে একটি ভূমি ইজারা চুক্তি সই হয়।
চুক্তির আওতায় বেপজা অর্থনৈতিক অঞ্চলের ৩৬ হাজার বর্গমিটার জমিতে কারখানাটি নির্মাণ করা হবে। উৎপাদন শুরু হলে প্রতিষ্ঠানটি বছরে ২৪ হাজার টন সুতা এবং ২ কোটি মিটার গ্রে ওভেন ফেব্রিক উৎপাদনের সক্ষমতা অর্জন করবে। প্রকল্পটি চালু হলে সরাসরি প্রায় ৫৮০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছে বেপজা।
ভূমি ইজারা চুক্তিতে বেপজার পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক বিন ওয়াং সই করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, এনডিসি, পিএসসি।
অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, বাংলাদেশ ও বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগের স্থান হিসেবে বেছে নেওয়ায় হুয়ারান টেক্সকে স্বাগত জানানো হয়েছে। তিনি বলেন, বিনিয়োগকারীদের জন্য নিরাপদ, আধুনিক ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বেপজা কাজ করছে। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে প্রতিষ্ঠানটিকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং হুয়ারান টেক্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

