বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বড় পরিসরে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুটি প্রতিষ্ঠান। আবুধাবিভিত্তিক ইকুইলাইন ফিন্যান্স ও ফামিনাস ইনভেস্টমেন্ট গ্রুপ দেশে সর্বোচ্চ ২ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বিনিয়োগ ও অর্থায়নের প্রস্তাব দিয়েছে।
সম্প্রতি সরকারের শীর্ষ পর্যায়ের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রতিষ্ঠান দুটির প্রতিনিধিদল এ আগ্রহের কথা জানায়। বৈঠকে জ্বালানি, পরিবহন, স্বাস্থ্য, বন্দর, কৃষি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে সম্ভাব্য বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরা হয়।
প্রতিনিধিদলটি নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, জ্বালানি সংরক্ষণের জন্য এনার্জি হাব স্থাপন এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জন্য বাল্ক ক্যারিয়ার ও কার্গো জাহাজ সংগ্রহে বিনিয়োগের প্রস্তাব দেয়। একই সঙ্গে ‘ক্লিন ঢাকা’ উদ্যোগের আওতায় বৈদ্যুতিক বাস চালুর বিষয়েও আগ্রহ প্রকাশ করা হয়।
এ ছাড়া বর্জ্য ব্যবস্থাপনা খাতেও বিনিয়োগের প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানগুলো। বর্জ্য পুনর্ব্যবহার করে বিদ্যুৎ, সার ও বায়োগ্যাস উৎপাদন, বর্জ্য পানি শোধন এবং পরিবেশবান্ধব অবকাঠামো তৈরির পরিকল্পনার কথা জানানো হয়।
বন্দর ও লজিস্টিক অবকাঠামোর উন্নয়ন, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের আধুনিকায়ন, মৎস্য, মাংস ও কৃষিপণ্যের ভ্যালু চেইন উন্নয়ন এবং ডেইরি খাত আধুনিকায়নের বিষয়েও আগ্রহ দেখিয়েছে বিনিয়োগকারী দলটি। প্রস্তাবিত বিনিয়োগের তালিকায় রয়েছে কৌশলগত শস্য সংরক্ষণাগার নির্মাণ, হোটেল ও বিনোদন পার্ক স্থাপন, ডেটা সেন্টার, মিথানল ও অন্যান্য রাসায়নিক শিল্পে বিনিয়োগ।
বৈঠকে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে জানানো হয়, আমদানিনির্ভরতা কমাতে দেশে বিকল্প শিল্প গড়ে তোলা, নতুন কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এবং সরবরাহব্যবস্থা শক্তিশালী করতে তারা সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। তাদের মতে, এসব বিনিয়োগ বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নেও ভূমিকা রাখতে পারে।

