আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক হেলিকপ্টার সেবা চালু করেছে আকিজ এভিয়েশন। কর্পোরেট ও ব্যবসায়িক সফর, পর্যটন, শিল্প খাতের প্রয়োজন, ব্যক্তিগত ভ্রমণ এবং চিকিৎসাসেবার জন্য হেলিকপ্টার ভাড়া দেওয়া হবে এই সেবার আওতায়।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, নতুন এই সেবার মাধ্যমে যাত্রীরা দ্রুত গন্তব্যে পৌঁছানোর পাশাপাশি আধুনিক, আরামদায়ক ও নির্ভরযোগ্য ভ্রমণ সুবিধা পাবেন। দেশের বিভিন্ন অঞ্চলে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে অভিজ্ঞ পাইলট ও দক্ষ এভিয়েশন টিমের তত্ত্বাবধানে হেলিকপ্টার পরিচালিত হবে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, খুলনা বিভাগের দরিদ্র ও অসহায় মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিনামূল্যে এয়ার অ্যাম্বুলেন্স সেবাও চালু রয়েছে। আদ-দ্বীন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এ সেবা পরিচালনা করছে আকিজ এভিয়েশন।
প্রাথমিকভাবে তিনটি হেলিকপ্টার নিয়ে কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রোগী পরিবহনের জন্য একটি বেল-৫০৫ মডেলের হেলিকপ্টার এবং যাত্রী পরিবহনের জন্য দুটি রবিনসন-৬৬ মডেলের হেলিকপ্টার যুক্ত করা হয়েছে।

