চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) নতুন শিল্প স্থাপনের উদ্যোগ নিয়েছে এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড। প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগে প্রতিষ্ঠানটি সেখানে বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদনের কারখানা গড়ে তুলছে। ২০২৯ সালের মধ্যে কারখানাটিতে বাণিজ্যিক উৎপাদন শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এমইপি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের এ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) সহযোগিতা করছে। গতকাল রোববার বেজা ও এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড যৌথভাবে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করে। পরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বেজা।
বেজা জানিয়েছে, সম্পূর্ণ দেশীয় বিনিয়োগে নির্মাণ হতে যাওয়া এ কারখানার জন্য জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১০ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে আধুনিক প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব একটি বৈদ্যুতিক পণ্য উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হবে।
কারখানাটিতে বৈদ্যুতিক তার, সুইচ-সকেট, ফ্যান, এলইডি বাতি, সার্কিট ব্রেকারসহ বিভিন্ন ধরনের বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য তৈরি করা হবে। উৎপাদন কার্যক্রম পুরোপুরি চালু হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। প্রতিষ্ঠানটি শুধু দেশের বাজারে পণ্য সরবরাহ নয়, ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারেও ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের বৈদ্যুতিক পণ্যের রপ্তানি বাড়ানোর পরিকল্পনা করছে।
এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম চাকলাদার বলেন, বিশ্বমানের প্রযুক্তি ব্যবহার করে একটি আধুনিক ও পরিবেশবান্ধব উৎপাদন কেন্দ্র গড়ে তোলাই তাদের লক্ষ্য। এ প্রকল্প দেশের বৈদ্যুতিক পণ্যের চাহিদা পূরণের পাশাপাশি বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি বেজা ও এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের মধ্যে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বৈদ্যুতিক পণ্য উৎপাদন শিল্প স্থাপনের জন্য ভূমি লিজ চুক্তি স্বাক্ষর হয়।
বিনিয়োগকারীদের দ্রুত শিল্প স্থাপনে উৎসাহ দিতে সম্প্রতি লিজ চুক্তির কিছু শর্তে পরিবর্তন এনেছে বেজা। পাশাপাশি কারখানা নির্মাণ ও উন্নয়ন কাজের জন্য সময়ভিত্তিক পরিকল্পনা নির্ধারণ করা হয়েছে। সেই পরিকল্পনা অনুসরণ করেই এমইপি তাদের নির্মাণকাজ শুরু করেছে।
মিরসরাইয়ের এই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেশের অন্যতম বৃহৎ পরিকল্পিত শিল্পাঞ্চল। প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ উপকূলীয় এলাকায় গড়ে ওঠা এ অঞ্চলে বর্তমানে ১৭টি শিল্প প্রতিষ্ঠান উৎপাদনে রয়েছে। এছাড়া আরও প্রায় ২০টি প্রতিষ্ঠান নির্মাণাধীন রয়েছে। শিল্পের পাশাপাশি এখানে আবাসন, যোগাযোগ ও অন্যান্য নাগরিক সুবিধার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ শিল্পনগর গড়ে তোলার কাজ চলছে।

