চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) থেকে আগামী ১৮ মাসের মধ্যেই প্রথম কারখানার উৎপাদন শুরু দেখতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই লক্ষ্য অর্জনের চ্যালেঞ্জ গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যেই উৎপাদনে যাওয়ার অঙ্গীকার করেছে প্রকল্পটির ডেভেলপার প্রতিষ্ঠান।
আজ সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ তথ্য জানান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের সময় ডেভেলপার প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে প্রকল্পটি বাস্তবায়নের সময় নিয়ে আলোচনা হয়। শুরুতে ডেভেলপার পক্ষ প্রথম কারখানার উৎপাদনে যেতে তিন থেকে পাঁচ বছর সময়ের প্রয়োজন হবে বলে জানায়। তবে প্রধানমন্ত্রী ১৮ মাসের মধ্যে উৎপাদন শুরু করার লক্ষ্য নির্ধারণ করে দেন। পরে ডেভেলপার প্রতিষ্ঠানের চেয়ারম্যানও সেই সময়সীমার মধ্যেই কারখানা চালুর প্রতিশ্রুতি দেন।
আশিক চৌধুরী বলেন, বিদেশি বিনিয়োগকারীদের শুধু বিনিয়োগকারী হিসেবে নয়, দেশের উন্নয়নের অংশীদার হিসেবেও দেখতে হবে। তাদের বিনিয়োগ থেকে যেমন ব্যবসায়িক লাভ হবে, তেমনি দেশের হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল দ্রুত চালু হলে আনোয়ারা ও আশপাশের এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের পরিবর্তন আসবে। এ কারণে স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের বিনিয়োগকারীদের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব রাখার আহ্বান জানান তিনি।
বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, বিনিয়োগ বাস্তবায়নের পথে যেকোনো সমস্যা সমাধানে সরকার, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য বিনিয়োগের বিকল্প নেই উল্লেখ করে তিনি বিদেশি বিনিয়োগ আকর্ষণে সম্মিলিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

