সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) এবার আর্থিক সেবার জগতে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে। প্রতিষ্ঠানটি ‘এক্স মানি’ নামে নতুন একটি ডিজিটাল অর্থ লেনদেন সেবা চালু করেছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা অর্থ পাঠানো, কেনাকাটা, ক্যাশব্যাক এবং জমা অর্থের ওপর বার্ষিক মুনাফাসহ বিভিন্ন আর্থিক সুবিধা পাবেন।
প্রথম পর্যায়ে এই সেবা যুক্তরাষ্ট্রে বসবাসকারী অর্থের বিনিময়ে এক্সের সেবা ব্যবহারকারী গ্রাহকদের জন্য চালু করা হয়েছে। ভবিষ্যতে ধাপে ধাপে আরও দেশে সেবাটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এক্স জানিয়েছে, ‘এক্স মানি’ ব্যবহারকারীদের জন্য একটি ডিজিটাল ভিসা ডেবিট কার্ড দেওয়া হবে। এই কার্ডটি তাৎক্ষণিকভাবে অ্যাপল পে-তে যুক্ত করে ব্যবহার করা যাবে। পরবর্তীতে ব্যবহারকারীদের একটি ফিজিক্যাল বা বাস্তব ভিসা ডেবিট কার্ডও সরবরাহ করা হবে।
নতুন এই কার্ডের মাধ্যমে বিদেশে লেনদেনের সময় অতিরিক্ত বৈদেশিক লেনদেন ফি দিতে হবে না। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের এটিএম বুথ থেকে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই নগদ অর্থ উত্তোলনের সুবিধাও থাকবে। ফলে আন্তর্জাতিক অর্থ লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী হবে।
এক্সের প্রিমিয়াম প্লাস গ্রাহকদের জন্য আরও কিছু বিশেষ সুবিধা রাখা হয়েছে। তারা জমা রাখা অর্থের ওপর বছরে ৬ শতাংশ হারে মুনাফা পাবেন। পাশাপাশি নির্দিষ্ট কিছু পণ্য ও সেবার ক্ষেত্রে সর্বোচ্চ ৩ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধাও মিলবে।
এ ছাড়া যেসব ব্যবহারকারীর ডাইরেক্ট ডিপোজিট সুবিধা সক্রিয় থাকবে, তারা নির্ধারিত সময়ের কয়েক দিন আগেই জমা হওয়া অর্থ ব্যবহার করতে পারবেন। ফলে বেতন বা অন্যান্য অর্থপ্রাপ্তির ক্ষেত্রেও বাড়তি সুবিধা পাবেন গ্রাহকরা।
বিশ্লেষকদের মতে, ‘এক্স মানি’ চালুর মাধ্যমে এক্স শুধু সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবেই নয়, বরং একটি পূর্ণাঙ্গ ডিজিটাল আর্থিক প্ল্যাটফর্মে রূপ নেওয়ার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল।
টুইটার অধিগ্রহণের পর থেকেই প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক এক্সকে ‘এভরিথিং অ্যাপ’ বা বহুমুখী ডিজিটাল প্ল্যাটফর্মে পরিণত করার পরিকল্পনার কথা বলে আসছেন। তার লক্ষ্য, একই প্ল্যাটফর্মে সামাজিক যোগাযোগ, অর্থ লেনদেন, কেনাকাটা, বিল পরিশোধসহ বিভিন্ন ডিজিটাল সেবা একত্রে নিয়ে আসা।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, নতুন এই সেবা সফল হলে প্রচলিত ডিজিটাল ওয়ালেট ও অনলাইন পেমেন্ট সেবাদাতাদের জন্য প্রতিযোগিতা আরও বাড়বে। একই সঙ্গে এক্সের ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগের পাশাপাশি আর্থিক লেনদেনও একই অ্যাপের মাধ্যমে সম্পন্ন করার সুযোগ পাবেন।
বর্তমানে ‘এক্স মানি’ কেবল যুক্তরাষ্ট্রের নির্বাচিত ব্যবহারকারীদের জন্য চালু হলেও ভবিষ্যতে এটি বৈশ্বিক পরিসরে সম্প্রসারিত হলে আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট বাজারে নতুন প্রতিযোগিতার সূচনা হতে পারে।

