সরকার নির্ধারিত দামে কৃষকদের কাছে রাসায়নিক সার বিক্রি অব্যাহত রাখতে খুচরা বিক্রেতাদের নির্দেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। নতুন কোনো নির্দেশনা না আসা পর্যন্ত এই কার্যক্রম চালু থাকবে বলে জানানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী, খুচরা বিক্রেতাদের অনুমোদিত মূল ডিলারের কাছ থেকে সার সংগ্রহ করে তা নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে পৌঁছে দিতে হবে।
গত মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখা থেকে জারি করা একটি পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রণালয়ের একজন যুগ্মসচিবের স্বাক্ষরে পরিপত্রটি জারি করা হয়েছে।
পরিপত্রে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, খুচরা বিক্রেতারা যতদিন না নতুন কোনো নির্দেশনা পাচ্ছেন, ততদিন তারা মূল ডিলারদের কাছ থেকে সার কিনে সরকার-নির্ধারিত মূল্যেই তা বিক্রি করবেন কৃষকদের কাছে।
সংশ্লিষ্টরা জানান, দেশজুড়ে কৃষকদের কাছে সারের সরবরাহ যেন স্বাভাবিক থাকে এবং বিতরণ প্রক্রিয়ায় কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, মূলত সেই বিবেচনা থেকেই এই নির্দেশনা জারি করা হয়েছে। কৃষি মৌসুমে সারের চাহিদা মেটাতে সরবরাহ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখাকেই অগ্রাধিকার দিচ্ছে মন্ত্রণালয়।

