বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন মেহের সুলতানা। এর আগে তিনি কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বুধবার রাতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একাধিক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, শিগগিরই তাঁর নিয়োগসংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।
দীর্ঘদিন ধরে ব্যাংকিং ও আর্থিক খাতে কাজ করে আসছেন মেহের সুলতানা। কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দেওয়ার আগে তিনি একই প্রতিষ্ঠানে মহাব্যবস্থাপক (পরিচালন) পদে কর্মরত ছিলেন। ২০২২ সালের ১৭ নভেম্বর পদোন্নতি পেয়ে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মসংস্থান ব্যাংকের প্রধান কার্যালয়ে যোগদান করেন তিনি।
শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মেহের সুলতানা। তাঁর কর্মজীবনের শুরু হয় ১৯৯৬ সালে, যখন তিনি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে সিনিয়র অফিসার হিসেবে যোগ দেন।
দীর্ঘ কর্মজীবনে বিএইচবিএফসিতে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। এর মধ্যে রয়েছে আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা, পাশাপাশি সদর দপ্তরের বিভিন্ন বিভাগে উপমহাব্যবস্থাপক হিসেবেও কাজ করেছেন তিনি। এ ছাড়া কর্মজীবন জুড়ে বিভিন্ন কর্মশালা, সেমিনার ও প্রশিক্ষণ কর্মসূচিতেও নিয়মিত অংশ নিয়েছেন তিনি।
উল্লেখ্য, দেশের আবাসন খাতে ঋণ ও আর্থিক সহায়তা প্রদানকারী গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন।

