রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থাকে জাতীয় লোড ডিসপ্যাচ সেন্টারের আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও প্রযুক্তি প্রতিষ্ঠান জিই ভারনোভার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রকল্প-সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে।
সূত্র অনুযায়ী, গত বুধবার এই চুক্তি সই হয়। এর আওতায় রূপপুরের দুই ইউনিটের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা এবং ৪০০ কেভি ও ২৩০ কেভি ক্ষমতার দুটি সাবস্টেশনের প্রয়োজনীয় তথ্য জাতীয় গ্রিডের নিয়ন্ত্রণ ব্যবস্থায় সংযুক্ত করা হবে।
চুক্তির আওতায় রূপপুরের দুই ইউনিটের মোট আটটি সঞ্চালন লাইন এবং দুটি সাবস্টেশনের গুরুত্বপূর্ণ সিগন্যাল ও তথ্য জাতীয় গ্রিডের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে সমন্বিত করা হবে। এর ফলে জাতীয় গ্রিড পরিচালনাকারী নিয়ন্ত্রণকেন্দ্র থেকেই রূপপুরের বিদ্যুৎ সঞ্চালন-সংক্রান্ত তথ্য ও সংকেত সরাসরি পর্যবেক্ষণ করা যাবে।
সংশ্লিষ্টদের ভাষ্য, এই প্রযুক্তিগত সংযুক্তির ফলে রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ আরও নির্ভরযোগ্যভাবে জাতীয় গ্রিডে সঞ্চালন করা সম্ভব হবে এবং সামগ্রিক গ্রিড পরিচালনার সক্ষমতাও বাড়বে। কেন্দ্রটির কমিশনিং প্রক্রিয়া ও পরবর্তী পরিচালন কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে নিতেও এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে।
জানা গেছে, দেশের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রকে জাতীয় লোড ডিসপ্যাচ সেন্টারের এই আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে যুক্ত করার কাজ সাধারণত জিই ভারনোভার মাধ্যমেই সম্পন্ন হয়ে থাকে। এই ধারাবাহিকতাতেই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় রূপপুরকেও একই ব্যবস্থার আওতায় আনার বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে এগিয়ে যাওয়ার বিষয়ে মত দিয়েছে।
বর্তমানে রূপপুর কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি সংযোজনের পরবর্তী পরীক্ষামূলক কার্যক্রম চলছে। সংশ্লিষ্টরা মনে করছেন, কেন্দ্রটির নির্ধারিত কমিশনিং ও পরবর্তী পরিচালন সময়সূচি ঠিক রাখতে হলে এই গ্রিড-সংযুক্তির কাজ দ্রুত সম্পন্ন করা জরুরি।

