আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবারও বাংলাদেশ থেকে ইলিশ নিতে আগ্রহ দেখিয়েছে ভারত। ইলিশ রপ্তানির অনুমতি চেয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিয়েছে ভারতের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও ভারতের ব্যবসায়ী সংগঠনটি ইলিশ রপ্তানির অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ে পৃথক চিঠি পাঠিয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে। তবে এবার কত পরিমাণ ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
এদিকে বাংলাদেশ থেকেও ১৮টি প্রতিষ্ঠান ভারতে ইলিশ রপ্তানির জন্য আবেদন করেছে। এসব আবেদন যাচাই-বাছাইয়ের জন্য বুধবার (৯ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
বাণিজ্যসচিব আতাউর রহমান খান জানিয়েছেন, ভারতীয় ব্যবসায়ীদের চিঠি পাওয়া গেছে। তবে কী পরিমাণ ইলিশ রপ্তানি করা যেতে পারে, সে বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
ভারতীয় ব্যবসায়ীদের পাঠানো চিঠিতে ইলিশ আমদানির দীর্ঘ ইতিহাসও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ১৯৯৬ সালের পর থেকে প্রতিবছর গড়ে প্রায় ৫ হাজার টন ইলিশ ভারতে রপ্তানি করা হতো। তবে ২০১২ সালের পর থেকে কোনো এক অজ্ঞাত কারণে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি বন্ধ হয়ে যায়।
এরপর ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশ সরকার দুর্গাপূজা উপলক্ষে নির্দিষ্ট এক মাসের জন্য বিশেষ ব্যবস্থায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে আসছে।
ভারতের ব্যবসায়ীরা এবার আগের তুলনায় আরও আগে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। তাদের চিঠিতে বলা হয়েছে, সাধারণত সেপ্টেম্বরের শেষ দিকে রপ্তানির অনুমতি দেওয়া হয়। এবার যেন তার আগেই অনুমতি দেওয়া হয়।
তবে দেশের স্থানীয় ব্যবসায়ীদের একটি অংশ মনে করে, স্বল্প সময়ের জন্য সীমিত পরিমাণ ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ায় এর মাধ্যমে দীর্ঘমেয়াদি বা কার্যকর বাণিজ্যিক সুফল পাওয়া যায় না।

