বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনের জুলং গ্রুপ। প্রতিষ্ঠানটি বাংলাদেশে বিভিন্ন ধরনের আধুনিক জাহাজ নির্মাণের পাশাপাশি সেগুলো বিদেশে রপ্তানির পরিকল্পনা করছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানের সঙ্গে বৈঠক করেন জুলং গ্রুপের চেয়ারম্যান বিন ওয়াং। সেখানে বাংলাদেশে বিনিয়োগের প্রস্তাব এবং দেশের নৌ ও সমুদ্র পরিবহন খাতের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বিন ওয়াং বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে তার প্রতিষ্ঠান দেশে বিভিন্ন ধরনের আধুনিক জাহাজ নির্মাণ করতে চায়।
তিনি জানান, জুলং গ্রুপের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো আন্তর্জাতিক মানের জাহাজ বাংলাদেশে তৈরি করে প্রথমে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করা। পরবর্তী সময়ে এসব জাহাজ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করার পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।
চীনা প্রতিষ্ঠানের এই বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ সরকার একটি ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির চেষ্টা করছে।
বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে চীনের বিনিয়োগের আগ্রহকে সময়োপযোগী উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক মানের জাহাজ দেশে তৈরি এবং সেগুলো বিদেশে রপ্তানির উদ্যোগে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে।
এ ক্ষেত্রে নীতিগত ও প্রশাসনিক সহযোগিতাসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

