বাংলাদেশের অপার সম্ভাবনাময় পর্যটন ও আতিথেয়তা (হসপিটালিটি) খাতের উন্নয়নে প্রাথমিক পর্যায়ে ১২০ কোটি মার্কিন ডলার (১.২ বিলিয়ন ডলার) বিনিয়োগের বিশাল পরিকল্পনা ঘোষণা করেছে জাপানি বিনিয়োগকারীদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। রবিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ সংক্রান্ত সুনির্দিষ্ট আগ্রহ ও প্রস্তাবের কথা জানান জাপানি উদ্যোক্তারা।
বৈঠকে জাপানি প্রতিনিধি দল জানায়, তারা বাংলাদেশের সম্ভাবনাময় পর্যটন শিল্পের বিকাশ, আন্তর্জাতিক মানের অবকাঠামো নির্মাণ এবং হসপিটালিটি সুবিধার মানোন্নয়নে বাংলাদেশ সরকারের সাথে যৌথভাবে কাজ করতে আগ্রহী। বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বন সুন্দরবন, দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সমুদ্রসৈকত কক্সবাজার এবং সিলেটের চোখজুড়ানো চা বাগানসহ দেশের প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদের ভূয়সী প্রশংসা করেন তারা। আনুষ্ঠানিক প্রস্তাব জমা পড়ার পরপরই প্রক্রিয়াটিকে দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস দেন পর্যটন মন্ত্রী।

