রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুক্রবারও বসেছে ‘সুপার সেল কার বাজার’। নানা ব্র্যান্ড ও মডেলের গাড়ির পসরা সাজিয়ে সকাল ১০টায় শুরু হওয়া এই মেলা চলবে রাত ৮টা পর্যন্ত। ক্রেতা ও বিক্রেতা, দুই পক্ষের সাড়া পাওয়ায় আয়োজনের পরিধি ক্রমেই বাড়ছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৪ সেপ্টেম্বর থেকে এ আয়োজন শুরু হয়। তখন থেকে নিয়মিতভাবে প্রতি শুক্রবার এটি বসছে। পছন্দের গাড়ি কিনতে কিংবা নিজের ব্যবহৃত গাড়ি বিক্রি করতে প্রতিদিন হাজারো মানুষ এখানে ভিড় করছেন বলে জানানো হয়েছে।
মেলায় নতুন গাড়ির পাশাপাশি পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ি, মোটরবাইক এবং ইউটিলিটি ভেহিকেল কেনাবেচার সুযোগ রয়েছে। ফলে বাজেট ও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের যান বেছে নেওয়া যাচ্ছে।
আয়োজকরা বলছেন, একই জায়গায় একাধিক ব্র্যান্ড ও মডেল দেখা ও তুলনা করা যাওয়ায় ক্রেতাদের সময় ও ঝামেলা কমছে। অন্যদিকে বিক্রেতারাও সরাসরি সম্ভাব্য ক্রেতার কাছে পৌঁছাতে পারছেন। সাধারণত গাড়ি কেনাবেচায় ডিলারশিপ ঘুরে ঘুরে দেখা কিংবা ব্যক্তিগত যোগাযোগে ক্রেতা খোঁজার ঝক্কি পোহাতে হয়। এই মেলা সেই প্রক্রিয়া অনেকটাই সহজ করেছে।
‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ। ভেন্যু পার্টনার হিসেবে আছে আইসিসিবি। মেলায় বিভিন্ন ব্র্যান্ড, ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান ও অটোমোবাইলসংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আর্থিক প্রতিষ্ঠানের উপস্থিতি থাকায় আগ্রহী ক্রেতারা গাড়ি কেনার অর্থায়নের বিষয়েও খোঁজখবর নিতে পারছেন।
প্রতি শুক্রবারের এই নিয়মিত আয়োজন রাজধানীতে গাড়ি কেনাবেচার একটি নতুন কেন্দ্রে পরিণত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

