রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি এগোলেও গ্রিড ব্যবস্থার সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। নিয়ন্ত্রক সংস্থা বলছে, এখন পর্যন্ত সব ধাপ সফলভাবে শেষ হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রটি চালু রাখতে নিজেরই বড় অঙ্কের বিদ্যুৎ লাগবে, ফলে গ্রিডে প্রকৃত সরবরাহ কত হবে, তা এখনই স্পষ্ট নয়।
নিরাপত্তাজনিত সব ধরনের পরীক্ষা শেষে গত ১১ অক্টোবর প্রথম ইউনিটের চুল্লিতে সফলভাবে পারমাণবিক বিক্রিয়া শুরু হয়। অক্টোবরের শেষ দিকে কেন্দ্রটির কার্যক্রম আরেক ধাপ এগোয়। আনুষ্ঠানিকভাবে শুরু হয় পাওয়ার স্টার্ট-আপ, অর্থাৎ পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন। প্রতিটি ধাপেই অনুমোদন দিয়েছে পরমাণুশক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
পরিকল্পনা অনুযায়ী, পাওয়ার স্টার্ট-আপ সফল হলে চুল্লিতে শক্তি উৎপাদন ধাপে ধাপে বাড়ানো হবে। তিন শতাংশ থেকে শুরু করে তা ৩০ শতাংশ পর্যন্ত নেওয়া গেলে প্রথম ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাবে।
নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী, গ্রিড ব্যবস্থা প্রস্তুত থাকলে আগামী ২০ নভেম্বরের মধ্যে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। তবে এই শর্তটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, গ্রিড নিয়ে তাঁরা এখনো নিশ্চিত নন। তাঁর ব্যাখ্যায়, পারমাণবিক কেন্দ্রের গ্রিড ও দেশের প্রচলিত গ্রিড এক ধরনের নয়। এ দুটিকে যুক্ত করার সময় অসামঞ্জস্য দেখা দিতে পারে। পাশাপাশি আর কোনো দিক থেকেও খুব একটা সুবিধাজনক পরিস্থিতি নেই বলে তিনি মন্তব্য করেন।
এ বিষয়ে পরমাণু বিশেষজ্ঞদের মূল উদ্বেগ বিদ্যুতের নিজস্ব চাহিদা নিয়ে। তাঁরা বলছেন, ৩০০ মেগাওয়াট উৎপাদন হলেও কেন্দ্রটি পরিচালনায় নিজেরই ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ লাগবে। ফলে জাতীয় গ্রিডে প্রকৃত অর্থে কতটা বিদ্যুৎ যুক্ত হবে, তা এখনই বলা যাচ্ছে না। সঙ্গে গ্রিড ব্যবস্থাপনা পুরোপুরি প্রস্তুত না হলে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকিও থাকছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. শফিকুল ইসলাম বলেন, অফিসসহ পুরো প্ল্যান্ট ব্যবস্থা চালু রাখতেই ১২০ মেগাওয়াট বিদ্যুৎ লাগবে। তাঁর মতে, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গ্রিড, টারবাইন ও জেনারেটরকে একসঙ্গে সমন্বিত বা সিনক্রোনাইজ করতে হবে। এসব পরীক্ষা সফল না হলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করা সম্ভব হবে না।তিনি আরও বলেন, দেশের গ্রিড ব্যবস্থা এখনো সবচেয়ে ভঙ্গুর অবস্থায় আছে। গ্রিডের স্থিতিশীলতা ঠিকভাবে নিশ্চিত না হলে প্রায়ই বড় বিপর্যয়ের আশঙ্কা থাকে।
প্রকল্পটি নির্ধারিত সময়ে এগোতে পারেনি। করোনা মহামারি এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে কাঁচামাল আমদানি বাধাগ্রস্ত হওয়ায় ২০২৩ সালের নির্ধারিত সময়ে বিদ্যুৎ উৎপাদন শুরু করা যায়নি।
সব মিলিয়ে রূপপুরের সাফল্য এখন শুধু চুল্লির কার্যক্রমের ওপর নির্ভর করছে না। জাতীয় গ্রিডের সক্ষমতা, সমন্বয় পরীক্ষা এবং কেন্দ্রের নিজস্ব বিদ্যুৎ চাহিদা কতটা সামলানো যায়, সেটিই নির্ধারণ করবে পরীক্ষামূলক সরবরাহ কত দ্রুত ও কতটা নিরাপদে শুরু হয়। বাড়তি বিদ্যুৎ পাওয়ার প্রত্যাশার পাশাপাশি গ্রিডের প্রস্তুতি নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

