বিশ্ববাজারে পরিবেশবান্ধব ও প্লাস্টিকের বিকল্প পণ্যের চাহিদা বাড়ায় বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে এ খাত থেকে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৫ শতাংশ। বিশেষ করে পাট সুতা ও কাঁচা পাট রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে আয় হয়েছে ৩৪ কোটি ৬৩ লাখ ৭০ হাজার ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ২৭ কোটি ৭৩ লাখ ৭০ হাজার ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে ৬ কোটি ৯০ লাখ ডলার বা ২৪ দশমিক ৮৮ শতাংশ।
পণ্যভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রপ্তানি আয় এসেছে পাট সুতা ও টুইন থেকে। চার মাসে এ পণ্য রপ্তানি করে আয় হয়েছে ২১ কোটি ৬৫ লাখ ৪০ হাজার ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩০ দশমিক ৬৮ শতাংশ বেশি। কাঁচা পাট রপ্তানি থেকে আয় বেড়েছে ৬২ দশমিক ৪২ শতাংশ। এ খাতে আয় হয়েছে ৫ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ডলার। তবে চট ও বস্তা রপ্তানি আয় ৭ দশমিক ৪৩ শতাংশ কমে ৫ কোটি ৩৪ লাখ ৩০ হাজার ডলারে নেমেছে। অন্যান্য পাটজাত পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ২ কোটি ২৪ লাখ ৬০ হাজার ডলার।
বিশ্বের বিভিন্ন দেশে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বিকল্প খোঁজার প্রবণতা বাড়ছে। এ কারণে পাটের ব্যাগ, পরিবেশবান্ধব প্যাকেজিং, ঘর সাজানোর সামগ্রী, কারিগরি বস্ত্র ও ফ্যাশন পণ্যের বাজার তৈরি হচ্ছে। পাশাপাশি পাটকাঠি থেকে তৈরি চারকোলসহ নতুন ধরনের পণ্যেও রপ্তানির সম্ভাবনা রয়েছে। তবে এ সুযোগ কাজে লাগাতে কাঁচা পাট ও প্রচলিত পণ্যের পাশাপাশি উচ্চমূল্যের বহুমুখী পণ্য উৎপাদনে সক্ষমতা বাড়ানো জরুরি।
এ লক্ষ্যে ২০২৬ থেকে ২০৩১ সাল পর্যন্ত পাঁচ বছর মেয়াদি ‘বাংলাদেশ পাট খাত উন্নয়ন কৌশল ও কর্মপরিকল্পনা’ তৈরি করেছে পাট অধিদপ্তর। পরিকল্পনায় ২০৩১ সালের মধ্যে পাট ও পাটজাত পণ্যের বার্ষিক রপ্তানি আয় ১৬৪ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে কাঁচা পাটের উৎপাদন ১ কোটি ১৫ লাখ বেল থেকে বাড়িয়ে ১ কোটি ২০ লাখ বেল এবং পাটবীজের চাহিদার ৮৫ থেকে ৯০ শতাংশ দেশে উৎপাদনের পরিকল্পনা রয়েছে। বর্তমানে মোট পাটপণ্য রপ্তানির প্রায় ৪৫ শতাংশ মূল্য সংযোজিত পণ্য থেকে আসে। ২০৩১ সালের মধ্যে এ হার ৭০ শতাংশে উন্নীত করতে চায় সরকার।
বাংলাদেশ জুট ডাইভার্সিফাইড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাশেদুল করীম মুন্না বলেন, পাট রপ্তানি বৃদ্ধি এ খাতের জন্য আশাব্যঞ্জক। তবে মূল্য সংযোজিত পণ্য রপ্তানিতে বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে। বহুমুখী ও উচ্চমূল্যের পণ্য উৎপাদনের সক্ষমতা বাড়ানো গেলে এ খাতের বার্ষিক রপ্তানি আয় ২০০ থেকে ৩০০ কোটি ডলারে উন্নীত করা সম্ভব।
তিনি আরও বলেন, এ জন্য গবেষণা, পণ্য উন্নয়ন ও প্রযুক্তি ব্যবহারে বিনিয়োগের পাশাপাশি উদ্যোক্তাদের প্রয়োজনীয় নীতি সহায়তা দিতে হবে। আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী পণ্যের নকশা, মান ও উৎপাদনপ্রযুক্তি উন্নয়নে একটি বিশেষায়িত সার্ভিস সেন্টার প্রতিষ্ঠা করা গেলে নতুন পণ্য উদ্ভাবন ও রপ্তানি সক্ষমতা বাড়বে।

